করোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা প্রথম লক্ষ করা যায় টাইম স্কয়ারে। এরপর ম্যানহাটনে। এরপর রোমে। প্যারিসে। মাদ্রিদে। সেখান থেকে ছড়িয়ে পড়ে বনে, কুয়েতে, তেহরানে, রিয়াদে। তেমনটা ঘটেছিল ঢাকাতেও। কোথায় নয়? প্রায় সব দেশেই। রাজধানী, বড় বড় শহরগুলোয়, সেখান থেকে মফস্বলে, গ্রামগঞ্জে, পাড়া–মহল্লায়, এমনকি ঘরে ঘরে।

যখন বড় কিছু ঘটে, এভাবেই ঘটে। ভালো অথবা মন্দ। ধ্বংস অথবা সৃষ্টি। যুদ্ধ অথবা শান্তি। যেমন ঘটেছিল দুই হাজার উনিশ সালের নভেম্বর মাসে। চীনে, হুবেই প্রদেশে, উহান শহরে, উহান শহরের পশুপাখির মার্কেটে। অথবা বায়োলজিক্যাল ল্যাবে। কিছু ঘটার পেছনে একটা করে ‘কিন্তু’ থাকে।

‘কিন্তু’ ড. লি ওয়েনলিয়াং বনাম চাইনা রুলিং কমিউনিস্ট পার্টি।
রেস্ট ইন পিস।
সময়ের গিরিপথ বেয়ে কীটের দল পৌঁছে গেছে—ঝুঁকে পড়েছে সূর্যের মতো।
কে বলেছে পৃথিবীর চেয়ে সূর্য বড়?
ধারণা।
ধারণা একটা বস্তুগত সত্য।
অদৃশ্য ঘাড়ের নিচে দেহ, যখন বলছেন ড. লি, সূর্য হেলে পড়েছে প্রতিপ্রহরের দিকে।
অনেকগুলো লকডাউনের পর।
অনেকগুলো ধর্মভিত্তি কেঁপে যাওয়ার পর।
অনেক শব্দ-সুনামির পর।
অনেক অনেক অনেকগুলো জল-জননী ধুয়ে যাওয়ার পর।
বৃথা আয়ুক্ষয়।
একটা ইন্টারভিউ ছাপা হয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’–এ। ড. লির। ইন্টারভিউয়ের কিছু অংশ উদ্ধৃত করা হলো এখানে—
‘মৃত্যুর সময় আপনার দুটো চোখ থেকে ঠিকরে বেরোচ্ছিল ধর্মপ্রণালি, ব্যাপারটা খুলে বলবেন?’
‘দেখুন, আমি একজন অপথালমোলজিস্ট হওয়ার কারণে আমাকে অনেক সভ্যতা দেখতে হয়েছে, একেকজনের চোখে একেক সময়ের সভ্যতা।’
‘মানে আপনি বলতে চাইছেন, রোগীদের চোখে আপনি সভ্যতা দেখতেন?’
‘হ্যাঁ, আবার হলুদ নদীও।’
‘কিন্তু’
‘সিভিল ওয়ারও, হ্যাঁ, গত শতাব্দীর ২৭ থেকে ৪৯, হ্যাঁ সেই সময়টাকেই, আচ্ছা আপনি হোমো ইরেক্টাসের ব্যাপারটা জানেন? প্রায় সোয়া এক মিলিয়ন বছর পূর্বের ঘটনা। একটা পাথর, নাম করোনা।’
‘ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা, আপনি বলতে চাইছেন যা।’

বলা বাহুল্য, ড. লি নিজের ইন্টারভিউটা নিজেই নিয়েছিলেন।

ডিসেম্বরে মদের পেয়ালা হাতে প্রাক্তন এক ক্লাসমেটকে ড. লি বলেছিলেন এমন এক অদৃশ্য শত্রুর কথা, মানুষের শত্রু, যা ঠিক পৃথিবীর জনসংখ্যার সমান হবে এবং একটা উদ্দেশ্য সাধনের পর এরা স্থির হবে।

কিন্তু গুজব ছড়ানোর দায়ে উহানের পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে, কিছু শাস্তিটাস্তিও দেয়, তারপর ছেড়েও দেয়।

ড. লি মারা যান ২০২০–এর ফেব্রুয়ারিতে, যে অসুখের একটা নামও রাখে পাগলের দল, কোভিড–১৯। আর তত দিনে এক নির্ধারিত যুদ্ধে জড়িয়ে পড়ে পৃথিবী, যেটার শুরু হয় চীন থেকে। এই যুদ্ধ শেষ হবে নিশ্চয়, জানে চীন।

সব যুদ্ধই শেষ হয়, ক্ষত রেখে যায় শুধু, সময় বড় যত্ন করে সেই সব ক্ষতের মুখে পুষ্টি তুলে দেয়, যুগে যুগে বেঁচে থাকে ক্ষতগুলো—একসময় ইতিহাস হিসেবে চর্চিত হয়।

অথচ জন্ম কত সহজ, মৃত্যু কত সহজ, স্খলন কত সহজ, যুদ্ধ কত সহজ। সব সহজের সময়, এখন হিসাব এলোমেলো হয়ে যাবে নিশ্চয়। পৃথিবী একটা চকলেট, একে মুখে পুরতে পারলেই ব্যস।

যেখানে আরম্ভ হয়েছিল, টাইম স্কয়ার।

পুরো পৃথিবী আতঙ্কগ্রস্ত। মানুষ মরছে। যারা নিজেদের সুপার পাওয়ার ঘোষণা করেছিল, তারাও বড় অসহায়। মানুষ মরছে। হয়তো কিছুই করার নেই। অথবা হয়তো কিছুই করার থাকে না।

আজও ইতালিতে মরেছে শ ছয়েক মানুষ। এক বৃদ্ধ নিজের জন্য বরাদ্দ লাইফ সাপোর্ট দিয়ে দিয়েছেন এক তরুণকে, হয়তো তাঁর বাঁচার প্রয়োজন ফুরিয়ে গেছে। এখনো মনুষ্যত্ব আছে, আছে বলেই এখনো টিকে আছে মানুষ। কিন্তু মানুষ কি টিকবে, এবারও কি টিকে যাবে বরাবরের মতো?

ড. লি ওয়েনলিয়াং হাসেন। কথা বলেন। নিজের সঙ্গে।
‘যখন শক্তি পুড়িয়ে শক্তি তৈরি করছিলে...’
‘যখন প্রকৃতি হত্যা করে গড়ে তুলতে চেয়েছিলে মিথ্যা শহর...’
‘যখন আগুন পুড়িয়ে বানাচ্ছিলে আগুন...’
ড. লি ওয়েনলিয়াং হাসেন, যদিও কিছুদিন পূর্বেই অদৃশ্য শত্রু তাঁকেও ছাড় দেয়নি। এমন বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি, তিনি বলছেন, ‘আমার দেহের সংক্রমিত প্রতিটি কোষ ছড়িয়ে পড়েছে পৃথিবীর বাতাসে।’
‘যখন শিশু হত্যা করছিলে’
‘যখন খাবার পুড়িয়ে ফেলছিলে’
‘যখন তোমাদের হাতের খেলনা হয়েছিল সমস্ত ভূখণ্ড।’
ড. লি হাসেন, মৃত্যুর পরে তার হাসি চওড়া হতে হতে ছড়িয়ে পড়ে মহাদেশ থেকে মহাদেশে। কিন্তু, এই ‘কিন্তু’র উত্তর হয়তো অজানাই থাকবে। শেষ পর্যন্ত।
‘সাত লাখ মানুষ আক্রান্ত, মারা গেছে তেত্রিশ হাজার মানুষ, এ নিয়ে এত এত অস্থির কেন? তোমরা?’ ড. লি হাসেন, হাসতেই থাকেন।
‘পৃথিবীর তাবৎ মোড়লেরা আজ আতঙ্কিত, কিন্তু এরা এত ভয় পাচ্ছে কেন? মানুষকে হত্যা করার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে তাই? আইএসের হাতে মানুষ মরছে না, তাই এত বিষণ্ণতা এদের চোখেমুখে, কেন?’
‘কেন? ইয়েমেনের শিশুদের হত্যাপরবর্তী উল্লাস করতে পারছে না বিধায় এত বিমর্ষ এরা?’
‘সব মানুষ মরে শেষ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের হত্যার মিশনে এদের কোনো ভূমিকা থাকবে না তাই?’
‘রক্ত দিয়ে ইরাকের ইতিহাস নতুন করে লিখতে পারবে না তাই?’
ড. লি নিজের সঙ্গে কথা বলেন।
‘প্রকৃতির গলা টিপে ধরে তার আর্তনাদ শুনতে পাবে না তাই?’
‘এর আগেও তো কোটি কোটি “তেত্রিশ হাজার” মানুষ মারা গেছে, কই তখন তো এদের এত অস্থির হতে দেখা যায়নি?’
‘যখন বাতাসের শরীরে, মহাসমুদ্রের জলরাশিতে, মেঘের আয়ুতে, অরণ্যের ভাষায় এরা বিষ ছড়িয়ে দিয়েছিল, তখনো এদের এত অস্থির হতে দেখা যায়নি।’
ড. লি হো হো শব্দে হাসেন এবং মৃত্যুর পরেও নিজের সঙ্গে নিজের কথা চালিয়েই যান।
‘কেন, ওরা নিজ নিজ অস্ত্রে মানুষ হত্যা করতে পারবে না বলে মন খারাপ করছে?’
‘যখন বৃষ্টির ফোঁটার মতো মানুষ ঝরে পড়ছিল? মহাদেশে মহাদেশে?’
‘যখন শুধু সিরিয়াতেই মারা গিয়েছিল পাঁচ লাখেরও বেশি’
‘সামান্য তেত্রিশ হাজারেই কেন কেঁপে উঠছে ওরা? হত্যার লাইসেন্স হাত বদল হচ্ছে দেখে?’
‘সামান্য তেত্রিশ হাজারেই কেঁপে উঠছে, কেন ওয়ান ইলেভেন–পরবর্তী সময়ে বিনা অপরাধে মারা গেছে প্রায় এগারো লাখ মানুষ।’
‘যখন তোমাদের অস্ত্রের মহড়া কাঁপিয়ে দিয়েছিলে প্রকৃতির বুক।’
‘যখন পৃথিবীর ঘরে ঘরে বিলি করেছিলে হত্যার পয়গাম?’
‘প্রকৃতি কিছুই ভুলে না।’
‘কেন সামান্য তেত্রিশ হাজারে কেঁপে উঠছে তোমাদের হৃদয়, হত্যা করার লাইসেন্স হাতছাড়া হচ্ছে বলে?’

ড. লি হাসতেই থাকেন।

‘আবিষ্কারের নেশা—কী কী উপায়ে মানুষ হত্যা করা যায় এ নেশায় বুঁদ হয়ে আছ।’
‘কেন, দুটো বিশ্বযুদ্ধ উপহার দিয়েও তোমাদের শখ মেটেনি?’
‘সবাই একেকজন হিটলার হতে চাও?’ হিটলার একটা ধারণামাত্র, মুসোলিনি, চেঙ্গিস খান এরা সবাই একটা ধারণামাত্র।
‘কত ধর্মযুদ্ধে কত মানুষের রক্ত দিয়ে ধুয়ে দিয়েছ পৃথিবী। পড়ে না মনে?’
ড. লি, নিজের সঙ্গে নিজেই কথা বলেন। হাসতে থাকেন। হাসতেই থাকেন।
‘যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে হত্যা করো প্রায় সাড়ে আট কোটি মানুষ?’
‘যখন প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়ে হত্যা করো প্রায় চার কোটি মানুষ?’
‘যখন ক্রুসেডের নামে, যখন মোঙ্গলদের বর্বরতায়, যখন শতবর্ষব্যাপী যুদ্ধে, যখন আমেরিকার রেভল্যুশনারি যুদ্ধে, যখন নেপোলিয়নের যুগে, যখন আমেরিকার সিভিল ওয়ারে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়?’
‘মানুষ হত্যার লাইসেন্স হাতছাড়া হওয়ার দুঃখে দুঃখিত তোমরা?’

দুই।
একে একে সমস্ত উদ্যোগ ভেস্তে যায়। কোনো কিছুতেই কিছু হয় না। মানুষ মরতেই থাকে। দুনিয়ার সব বিজ্ঞানী, সব গবেষণাগার, সব রাষ্ট্রপ্রধান, সব কূটনীতিক—কেউই না, সবাই করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে ব্যর্থ হয়। হাল ছেড়ে দেয় না তবুও।

পৃথিবীর সব উপাসনালয় স্থবির হয়ে পড়েছে, সব ধর্মনেতা গুটিয়ে নিয়েছেন নিজেদের। তাঁদের কাছেও নেই কোনো সমাধান। বিজ্ঞানের চমক মুখ থুবড়ে পড়ে। কোথাও কোনো সমাধান নেই। ভয় পেয়ে গেছে সবাই।

আলোচনা হয়, কনফারেন্স হয়, সায়েন্টিফিক সেমিনার হয়, খ্যাতনামা সব ল্যাবে গোপনে প্রকাশ্যে করোনার প্রতিষেধক তৈরির সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। অবশেষে মোড়লেরা সিদ্ধান্তে আসেন। সেই পুরোনো খেলা। যেভাবেই হোক, করোনাভাইরাস দিয়েই শেষ করতে হবে ভাইরাসকে। ওরাই ওদের হত্যা করুক। ওরা নিজেদের মধ্যে হত্যাকাণ্ডে লিপ্ত হোক, মরে শেষ হোক, তবেই মুক্তি, পুনরায় হত্যার লাইসেন্স তাদের হস্তগত হবে। তারা আবার নতুন নতুন অস্ত্র বানাতে সমস্ত মেধা খরচ করতে পারবে, সামরিক খাতে বাড়াতে পারবে বাজেট, লাগাতে পারবে নতুন নতুন যুদ্ধ।

প্ল্যান মোতাবেক সবকিছু এগোয়। ভাইরাসগুলোর হাতে আধুনিক সব অস্ত্র তুলে দিতে পারলেই হলো। এবং শুরুটা হয় টাইম স্কয়ার থেকে। একটি করোনাভাইরাস আরেক করোনাভাইরাসকে হত্যার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে এই খেলা। ট্র্যাকিং পয়েন্ট গান, অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল এএস ৫০, একে ৪৭, এইচকে ৪১৬, এম৪ কারবিন, গ্লক পয়েন্ট ৪৫, উজি, এনএনএফএএলের মতো ভয়ানক সব অস্ত্র তুলে দেওয়া হয় ভাইরাসগুলোর হাতে।

আর কে না জানে হত্যা করার আনন্দ!

আস্তে আস্তে করোনাভাইরাস নিজেরা নিজেদের হত্যা করতেই থাকে। এই হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ে আমেরিকার বিভিন্ন শহরে, ছড়িয়ে পড়ে স্পেন, ইতালি, ফ্রান্সসহ পুরো ইউরোপে। ক্ষণে ক্ষণে খবর আসতে থাকে অসংখ্য করোনাভাইরাসের মৃত্যুর কথা। এই হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে, সেখান থেকে এশিয়ার ইরানে, ইরাকে, সৌদি আরবে, ইজরাইলে। ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ায়, রাশিয়ায়, ইণ্ডিয়ায়, বাংলাদেশে। সমস্ত পৃথিবীতে। লাখ লাখ ভাইরাসের মৃত্যুর খবরে উল্লসিত হতে থাকে মানুষ। পৃথিবীর বিভিন্ন নিউজ চ্যানেলে এই সব হত্যাকাণ্ডের লাইভ দেখানো হতে থাকে। আসলে সব ধরনের হত্যাকাণ্ডই একধরনের উৎসব।

দেশে দেশে, শহরে শহরে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে চলতে থাকে করোনা ভাইরাসের নিজেদের মধ্যকার এই হত্যাকাণ্ড। প্রতিমুহূর্তে ভাইরাসের মৃত্যুর সংখ্যা দেখাতে থাকে চ্যানেলগুলো।

দুশ্চিন্তা কমতে থাকে, ভয় কাটতে থাকে মানুষের। মানুষ ধীরে ধীরে ঘর থেকে বের হতে আরম্ভ করে। ফলাও করে প্রচার হতে থাকে বিভিন্ন দেশে মৃত করোনাভাইরাসের সংখ্যা। হাজার ছাড়িয়ে, লাখ, লাখ ছাড়িয়ে কোটিতে পৌঁছে যায় এই সংখ্যা।

অনেক দিন পর মানুষের মুখে হাসি ফোটে, একে অন্যকে আলিঙ্গন করে। অফিস–আদালত আগের মতো আরম্ভ হওয়ার জোর প্রস্তুতি লক্ষ করা যায়।

হত্যাকাণ্ড চলছে। এ এক নজিরবিহীন হত্যাকাণ্ড। এক করোনাভাইরাস আরেক করোনাভাইরাসকে দেখামাত্রই হত্যা করছে। বিশ্বনেতারা তাঁদের সমস্ত অস্ত্রভান্ডার ভাইরাসদের হাতে তুলে দিয়েছেন। সব ক্ষেপণাস্ত্র, সব পারমাণবিক বোমা, সব রণতরী—সবকিছুই তুলে দিয়েছেন করোনাভাইরাসদের হাতে। নিজেই নিজেদের হত্যা করার আনন্দে পেয়ে বসেছে তাদের। স্কুল–কলেজ খুলতে আরম্ভ করেছে। ব্যাংক, মার্কেট, হাটবাজার ইত্যাদি খুলছে। বার, ক্যাসিনো, সিনেমা হল খুলছে। ওদিকে এক ভাইরাস আরেক ভাইরাসকে হত্যা করেই যাচ্ছে। ভাইরাসের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে এক শ কোটি ছাড়িয়ে গেছে।

বড় শেয়ার মার্কেটগুলো পুনরায় চাঙ্গা হতে আরম্ভ করেছে, সব ধর্মীয় উপাসনালয়ে জমতে আরম্ভ করেছে, পর্ন ইন্ডাস্ট্রি পুরোদমে কাজ আরম্ভ করেছে, ফ্যাশন হাউসগুলো, হলিউড, বলিউড। জেগে উঠতে আরম্ভ করেছে সমুদ্রসৈকতগুলো। স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল।

নিজেদের কূটবুদ্ধির প্রশংসায় নিজেরাই ব্যস্ত বিশ্বনেতারা। কোটি কোটি ভাইরাস মারা পড়ছে। তাঁরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পেরে যারপরনাই গর্বিত।

পরিসংখ্যান বলছে, খুব বেশি ভাইরাস জীবিত নেই। হয়তো দিন কয়েকের মধ্যে ভাইরাসমুক্ত হবে পৃথিবী, পুনরায় পৃথিবী কিছু কিছু মানুষের ইচ্ছায় চলবে। আমদানি হবে নতুন নতুন যুদ্ধ।

সর্বশেষ ভাইরাসটি যখন মরবে, তখন মানুষ উল্লাসে মেতে উঠবে, উদ্‌যাপনের সমস্ত আয়োজন শেষ। মানুষ নিজ হাতে এই করোনাভাইরাসকে হত্যা করতে চায়। তাই সবাই জড়ো হয়েছে টাইম স্কয়ারে, যেখান থেকে ভাইরাসেরা নিজেদের হত্যা করা আরম্ভ করেছিল। পৃথিবীর সব প্রান্ত থেকে সব মানুষ এই দৃশ্য দেখতে চায়।

কম তো জ্বালায়নি এই করোনা। কেড়ে নিয়েছে আপনজনদের, রেখেছে দুশ্চিন্তায়, সবচেয়ে বড় কথা মানুষ হত্যার লাইসেন্স নিজেদের দখলে নিয়ে ফেলেছিল এই করোনা।

সব প্রস্তুতি সম্পন্ন। আর একটি ভাইরাস মরলেই পৃথিবীতে মানুষের শাসন পুনরায় প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ ভাইরাসটিকে হত্যা করতে উদ্যত হলে, হো হো করে হেসে ওঠে সব ভাইরাস। এই নতুন দুনিয়ায় একজন, মাত্র একজন মানুষকে জীবিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তারা।