করোনাকাল ও একটি শোনা গল্প
বালিশে হেলান দিয়ে ষাটোর্ধ্ব নূরুন নাহার বেগম। মুখটা বিধ্বস্ত। শ্বাস উঠছে, নামছে। ক্ষণে ক্ষণে কেশে উঠছেন। গায়ে গায়ে জ্বর। গলাব্যথা। দরজাটা অর্ধেক ভেজানো, অর্ধেক খোলা। ছয় ছেলেমেয়ে, কেউ কাছে ভিড়ছে না। তার ব্লাউজটা ঘামে থকথক। হাসপাতালে নিতে হবে। কে ধরবে নূরুন নাহারকে? তর্ক বেধে যায় ছেলেমেয়ের মধ্যে। তাদের ধারণা, করোনায় আক্রান্ত তাদের মা। যে যাবে, যে ছোঁবে, সে-ই হতে পারে পরবর্তী আক্রান্ত।
শ্বাসকষ্ট বাড়ছে। কাশি তীব্র থেকে তীব্র হচ্ছে। আরও ভিজে উঠছে শরীরটা। নাতি-নাতনিরা যে যেখানে ছিল, সবাই চারতলা দালানটির এই ফ্ল্যাটে এসে হাজির হয়েছে। সব মিলিয়ে আঠারো-উনিশজনের মতো গিজগিজ করছে। খাটের এক কোণে একা ছটফট করছেন নূরুন নাহার। তার স্বামী একসময়ের জাঁদরেল উকিল ফরিদ উদ্দিন সাহেব কয়েকবার দরজার কাছে এসে দেখে গেছেন তাকে। দূর থেকে একটা পানির বোতল ঢিল দিয়ে দিয়েছেন খাটের ওপর। হাতটা বাড়িয়ে পানির বোতলটা ধরার শক্তি না পেয়ে বালিশটাতেই আধবসা, আধশোয়া হয়ে পড়ে আছেন। একটু পরপর গোঙানির মতো বলছেন, ‘আমারে হাসপাতাল নিয়া যাও। পারছি না। আর পারছি না। ঋতুর বাবা তুমি কই?’
ফরিদ উদ্দিন সাহেব পাশের ঘরে, যে ঘরটা থেকে নূরুন নাহারকে সোজা দেখা যায়, সে ঘরটায় বসছেন, উঠছেন, তাকাচ্ছেন একটু পরপর। চোখে-মুখে মেঘের ছায়া। হাতের রুমালটা দিয়ে মাঝেমধ্যে চোখ মুছছেন। এর বেশি আর কিছুই করতে পারছেন না; ছেলেমেয়েরা তাকেও নূরুন নাহার বেগমের ঘরে যেতে দিচ্ছে না। ফরিদ উদ্দিনের চোখে-মুখে কিছু প্রশ্ন দানা বাঁধা।
বড় ছেলে নূরুল বারবার কল করছে বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে একটা অ্যাম্বুলেন্সের জন্য। মেজ মেয়ের জামাতা মিঠুন ফোনটা হাতেই নিয়ে আছেন। কিছুক্ষণ পরপর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের দেওয়া নম্বরে ফোন করে যাচ্ছেন। সংযোগ পাওয়া সম্ভব হচ্ছে না। সেজ ছেলে নিলয় পাশের ফার্মেসি থেকে মেডিক্যাল ডিপ্লোমা করা ওষুধ বিক্রেতা জয়নালকে ডেকে আনলে জয়নাল রোগীর কাছে দাঁড়ালই না, উপরন্তু সে তার ফার্মেসিতে যে আসে তার কাছেই প্রচার করতে থাকে, ‘ফরিদ উদ্দিন সাহেবের বউরে করোনায় ধরছে।’
বাড়িটাতে মানুষের ঢল। প্রধান গেট বন্ধ করেও রাখা যাচ্ছে না। হাজারজনের হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেট আর বন্ধ না করে ওপরে চলে আসে বড় মেয়ে। উৎসুক মানুষের ঢল; যেন এ বাড়িতে কোনো বাঘ ধরা পড়েছে বা হরিণ। চিড়িয়াখানায় মানুষ যেমন পশু দেখে, এখানে মানুষ একজন মানুষকে দেখতে আসছে! উঁকিঝুঁকির অদ্ভুত কাণ্ড। নূরুন নাহার এ-কাত হচ্ছেন তো ও-কাত হচ্ছেন। স্বস্তি আর হচ্ছে না। বাড়ছে কষ্টটা।
কয়েক দিন থেকেই তার সর্দি-কাশি; গাটা গরম গরম। প্রথমে গলাব্যথা ছিল না। জয়নালের দোকান থেকে ‘এবি কফ’ সিরাপ খেয়েছেন। আগেও কাশি হলে এই সিরাপ দিয়েছে জয়নাল। জ্বর হলে নাপা-এক্সট্রা। কাজও হয়েছে। কিন্তু এবার কাজ হচ্ছে না। ভেবেছেন সেরে যাবে। সারছে না। এই বাসায় সচেতন লোকের অভাব নেই। তবে কারও চোখেই বিষয়টি গুরুত্ব পায়নি। রাত থেকে গলা ফুলে গেলে ও শ্বাসকষ্ট শুরু হলে সবাই নড়েচড়ে বসে এবং নূরুন নাহারের কাছ থেকে সবাই দূরে চলে যায়। হঠাৎ আচরণের এই পরিবর্তন ও আপন ছেলেমেয়ের এমন নির্মমতায় ফরিদ উদ্দিন বিস্মিত হলেও আশি ছুঁই ছুঁই বয়সে তার কিছুই করার নেই। তিনি একবার এই ঘরে, একবার ওই ঘরে পায়চারি করছেন, জোর করে বলতে পারছেন না কাউকে কোনো কথা। ছোট মেয়ে নাজনিনের পাঁচ বছরের মেয়ে হৃদিতা তার কোলের কাছে এসে প্রশ্ন করে, ‘দাদু, দাদু, দিদার কী হয়েছে? দিদা কি বাঁচবে না?’
তিনি ঝরঝর করে কাঁদতে থাকেন। বড় ছেলে নূরুল ধমকে ওঠে, ‘আপনি কান্নার আর সময় পান না, না? এটা কি কান্নার সময়, কন? দেখছেন না, আমরা সবাই চেষ্টা করছি। কী করব, কেউ তো এই রোগী ধরতে চায় না। না অ্যাম্বুলেন্স, না সিএনজি। আমরা কি কোলে করে হাসপাতাল নেব? সবারই তো জীবন আছে।’
ফরিদ উদ্দিন চুপ হয়ে যান, ছোট্ট করে বলেন, ‘হ্যাঁ, সবারই তো জীবন আছে।’
তর্কের স্বরটা এক দালান ছাড়িয়ে অন্য দালান পর্যন্ত পৌঁছায়। পাশের দালান থেকে মানিক চৌধুরী ধীরপায়ে এই বাসার আসেন, ‘কী হয়েছে, এত হইচই কেন, কোনো সমস্যা?’ দরজার ফাঁক দিয়ে নূরুন নাহার বেগমকে দেখে ও বিস্তারিত শুনে তিনি আর একমুহূর্তের জন্য না দাঁড়িয়ে পকেট থেকে মাস্ক বের করে নাকের ওপর চেপে ধরে সরে পরেন। বড় ঘরটায় সবাই, আলাপ করতে বসেছে। মীমাংসা হচ্ছে না। এ বলছে ওকে, ও বলছে একে। একজন তার বাচ্চার দোহাই দিচ্ছে, আরেকজন দিচ্ছে তার সংসারের দোহাই। মেয়ে এগিয়ে আসছে তো জামাই মুখ কালো করে তাকাচ্ছে, জামাই এগিয়ে আসে তো সে তার বাড়ির কথা ভাবছে।. . . মিনিট গড়ায়। ঘণ্টা গড়ায়। সময় গড়ায়। বেলা হয়ে আসে। ভাইবোনদের মধ্যে বাড়ে উত্তেজনা। কথা, পাল্টাপাল্টি তর্ক থেকে দুই ভাইয়ের হাতাহাতি ও ভাই থেকে ভাইয়ের স্ত্রীদের মধ্যে বাকবিতণ্ডা দীর্ঘ হয়ে পড়লে কারও কারও মতের ওপর ডেকে আনা হয় এলাকার মাতব্বর কয়েকজনকে। সালিস চলতে থাকে। করোনা মানে মৃত্যু, অন্যের শরীরে ছড়িয়ে পরার সমূহ সম্ভাবনা; কে চায় স্বেচ্ছায় মৃত্যুর কাছে যেতে! প্রত্যেকের সংসার আছে, সন্তান আছে, ভবিষ্যৎ আছে; রোগীর কাছে যাওয়ার জন্য নেই কোনো পোশাক-পরিচ্ছদ; ছোঁয়াচে না হলে কী আপত্তি ছিল...ইত্যাদি বর্ণনায় মিল হয় না, মতে পৌঁছায় না কেউ। নূরুন নাহার বিলাপ করেন। ফ্যাঁসফেঁসে গলায় কী যেন বলেন। সব কথা গলা দিয়ে বের হয় না। কিছু কথা বোঝা যায়, ‘কেউ কি নেই? আমি কি মরে যাবো! আমাকে কি কেউ হাসপাতালে নেবে না! নূরুল, ঋতু কি দেখছে না আমাকে, আর পারছি না যে। তুমিও কি দূরে সরে গেছ নূরুলের বাপ?’ আবার কাশতে কাশতে চুপ হয়ে যান তিনি।
প্রতিবেশীরা বড় বড় স্বর শুনে কেউ কেউ আসেন, বেশিক্ষণ থাকেন না। ঘুরে ঘুরে চলে যান। সবাই পরামর্শ দেন। উপদেশ দেন। হরেক কথা বলেন। কেউ কেউ মন্দচারীও করেন। কেউ এগিয়ে আসেন না। কোনো ব্যবস্থাও করতে পারেন না। সরকারি লোক আসবে পিপিই পরিহিত, তারা নিয়ে যাবে নূরুন নাহার বেগমকে, সে আশায় কেউ কেউ সরকারকে গালমন্দ করতে ছাড়েন না। চীন, আমেরিকার উন্নত ব্যবস্থার সাথে দেশের অনুন্নত ব্যবস্থা আর চিকিৎসা পদ্ধতির কথা বলে বলে বাড়িটাকে মাথায় তোলেন। কোনো কোনো প্রতিবেশী আইইডিসিআরকে একহাত নিয়ে নেন বটে কিন্তু একটা উপায় বের করতে পারেন না তাকে বাসা থেকে হাসপাতাল পর্যন্ত নেওয়ার। বজলুর রশিদ হুজুরকে দেখে সবাই থেমে যায়। এলাকার মসজিদের বড় ইমাম। দরজার কাছে দাঁড়িয়ে অন্য একজনের সাথে কথা বলতে বলতে তিনি বিড়বিড় করে কী যেন উচ্চারণ করেন।
‘হুজুর, আম্মার জন্য দোয়া করবেন। তার অবস্থা ভালো না। কী করব, আমরা বুঝতে পারছি না।’ ছোট ছেলে রাকিব বলে।
‘তোমরা সবাই আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। যে রোগ দেয় সে-ই রোগ নেয় রে বাজি।’ বলে হুজুর আর অপেক্ষা করেন না।
বেলা যতো গড়াচ্ছে, ততই বাড়িটা শূন্য হয়ে পড়ছে। আশপাশ দিয়ে মানুষ চলাফেরা করছে, একটা গতি করার কথা ভাবছে না কেউ। ওয়ার্ড-কমিশনার ফরিদ উদ্দিন সাহেবের বড় ছেলে নূরুলের কাছে ফোন করে খবরাখবর নেন, ‘এটা কিন্তু ভাইরাস! শ্বাসের লগে ছড়ায়। নাক, মুখ না ঢাইকা কেউ কাছে যাইবেন না। দেখতাছি কী করন যায়। আপনেরা হোম কোয়ারেন্টিনে থাকবেন।’’ কিছুক্ষণ পরে কয়েকজন ছেলেপেলে এসে দালানটার গায়ে লাল দাগ দিয়ে দেয়। প্রতিবাদ করে সেজ ছেলে আফসার, ‘আমরা কি তা হইলে বাইর হব না! কত্ত কাজ আছে। লাল দাগ দিতেছেন ক্যান?’
কে শোনে কার কথা। এই বাসার স্থায়ী কাজের বুয়া রাশিদার মা কোত্থেকে কাপড়ের ভাঁজে কয়েক মুঠো থানকুনিপাতা নিয়ে আসে। ফরিদ উদ্দিনের হাতে দিয়ে বলে, ‘খালু, এইগুলা বাইটা কালিজিরার সাথে মিশাইয়া খালাম্মারে খাওয়াই দেন। ইউটিউবে দেখছি ভালো একজন মানুষে নাকি স্বপ্নে দেখছে, এটা খাইলে করুনাভাইরাসের বাপেরও সাইদ্দ নাই কাউরে এট্টাক করার।’
বাতাসে ভাসতে থাকা হাজার গুজব আর স্বার্থসিদ্ধির নানান মূর্খ-বয়ানের মতো এটিও একটি ছড়িয়ে পড়া গুজব বা স্বার্থকৌশল; ফরিদ উদ্দিন তা জানেন, তবু পাতাগুলো হাতে নিয়ে তাকিয়ে থাকেন সোজা ঘরটার দিকে।
ফরিদ উদ্দিন সাহেবের মনে পড়ে অনেক বছর আগের কথা। প্রথম সন্তান নূরুল যখন হলো, তখন নূরুন নাহারের বয়স তেমন বেশি নয়। ষোলো কি সতেরো বছর। ছোট বেলায় মা না থাকায় বাবার স্নেহেই বড় হওয়া মেয়ে। সংসার বলতে কিছুই বুঝে না। বয়স্ক শ্বশুর, শাশুড়ি, স্বামী-সন্তান নিয়ে কী যে অবস্থা। রান্না হয় তো খাওয়া হয় না, খাওয়া হয় তো নিজের খেয়াল হয় না। একে একে ছয়টা সন্তান। ভেজা কাঁথা আর নিজের ভেজা কাপড় থেকে উঠেই দাঁড়াতে পারে না। সংসারেও স্বচ্ছলতা না থাকায় পেটে দিতে পারে না দুইটা ভালো কিছু। দু-চারটা ফল-ফাকরা যা-ই জোটে, তা তো ছয় সন্তানে ভাগ করে দিতেই নাই। একটা কোলে তো একটা পিঠে, একটা পিঠে তো একটা কোলে। এর মধ্যে দুটি জমজ হওয়ায় দুই পাশের কোলের হাড়ে কালো দাগ বসে গেল। এই তো সেদিনও একটা কিডনি দান করে দিল ছোট ছেলেটাকে। অবশিষ্ট যা আছে, তা কেবল তো খোসা। সন্তান সন্তান, সংসার সংসার করেই ত্যাগ করে দিল সব। নিজের জন্য যে শ্বাসটুকু বাকি ছিল, সেটাই এখন যাওয়ার জোগাড়। ফরিদ উদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে এদিক-ওদিক তাকায়। দাঁড়ায়। বড় ছেলের ঘরে যেখানে সবাই বসে এখনো বাকবিতণ্ডা করছে, সে ঘরের বড় আলমিরাটির সামনে হাজির হয়ে আয়নার পর্দাটা সরিয়ে নিজের চোখের দিকে তাকায় একদৃষ্টিতে। তারপর হঠাৎ চিৎকার করে ওঠেন, ‘মানুষটা কি ঘরে পইড়াই মৃত্যুর কোলে ঢইলা পড়ব? মানুষটা কি হাসপাতাল পর্যন্ত যাইতে পারব না? আমরা কি কেউ তারে ছুঁইতে পারমু না? এটা জানতে পারমু না, তার করোনা, নাকি অন্য অসুখ?’ ঘরভর্তি প্রত্যেকে সোজা হয়ে বসে। লাঠিতে ঠকঠক বয়স্ক ফরিদ উদ্দিন সাহেবের হঠাৎ এমন দৃঢ় আর বলিষ্ঠ কণ্ঠে চমকে ওঠে সবাই। ফরিদ উদ্দিন আয়নার দিকে তাকিয়ে আরও বলতে থাকেন, ‘সর্দি-কাশি মানেই কি করোনা? করোনা মানেই কি মৃত্যুরোগ? মৃত্যুরোগ হলেও কি মানুষ মানুষের পাশে দাঁড়াইব না? সন্তান কি দাঁড়াইব না মায়ের পাশে? মা কি দাঁড়াইব না সন্তানের পাশে? প্রতিবেশী কি সিমার হয়ে মুখ ফিরাইয়া থাকব এমন দিনে? মহামারি কি এই জগতে আগে আসে নাই, নাকি এই প্রথম? যতই মৃত্যুরোগ হোক, মহামারি হোক, মানুষরেই তো থাকতে হইব মানুষের লগে।’ বলে ফরিদ উদ্দিন একদৌড়ে নূরুন নাহার বেগমের ঘরে চলে আসেন। তার পেছন পেছন ঘরের সবাই ছুটে এসে দরজাটার কাছে দাঁড়ায়। একটা গামছা কয়েক ভাঁজ করে মাস্কের মতো নাকে-মুখে পেঁচিয়ে ফরিদ উদ্দিন একটানে নেতিয়ে পড়া নূরুন নাহারকে কাঁধে তুলে নেন। তার ঠকঠক করা পা দুটি একটুও ঠকঠক করে না। বাহু দুটি শক্ত হয়ে ওঠে সেই পঁয়ত্রিশ বছর বয়সের মতো। সিঁড়ি বেয়ে নিচে নেমে দ্রুত পায়ে হাঁটতে থাকেন হাসপাতালের দিকে। বাক্ হারিয়ে ছয় ছেলেমেয়েসহ দালানের আশেপাশে ঘুরতে থাকা সবাই তাকিয়ে থাকে বোবা মানুষের মতো।
২.
হাসপাতাল নূরুন নাহার বেগমকে ফরিদ উদ্দিনের কাঁধ থেকে নামিয়ে নিতে পেরেছিল কি না, নাকি সময়ে ঘুরতে থাকা কথার বাস্তবতায় ফরিদ উদ্দিন হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে ক্লান্ত হয়ে মেনে নিয়েছিল ভাগ্য, নাকি পৌঁছাতে পেরেছিলেন কোনো একটি হাসপাতালে, তা আর শেষ পর্যন্ত জানা যায় না। জানা যায় না নূরুন নাহারের পরিণতিও। তবে ওই দালানের একটু দূরে কিছু লোক বলাবলি করছিল, ‘এমন অবস্থা যেন আর কারও না হয়।’