রাত সাড়ে বারোটা। পল্টুদের বাসার সবাই ঘুম। শুধু পল্টুই জেগে আছে। নিজের ঘরে পড়ার টেবিলে বসে দুলে দুলে অঙ্ক মুখস্থ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আগামীকাল তার অঙ্ক পরীক্ষা। অঙ্কে এবার ফুলমার্ক পেতেই হবে, যে করেই হোক।
পল্টুর ইচ্ছা বইয়ে যত অঙ্ক আছে সব একেবারে ঝাড়া মুখস্থ করে ফেলবে। তারপর পরীক্ষার হলে ঠিক ঠিক করে লিখে দিয়ে আসবে। ষাণ্মাসিক পরীক্ষায় রবিনের থেকে ১০ নম্বর কম পেয়েছিল বলে রবিন সেবার খুব ভাব নিয়ে ছিল। পল্টুর সঙ্গে কথা পর্যন্ত বলেনি। তাই এবার পল্টু মন স্থির করে ফেলেছে, ফাইনাল পরীক্ষায় সে ১০০-তে ১০০ পাবেই।
কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। মুখস্থ করার পর লিখতে গেলেই পল্টুর কিছু মনে পড়ছে না। ঘটনাটা অনেকটা এ রকম, পল্টু একটা অঙ্ক মুখস্থ করল। চোখ বন্ধ করে মনে মনে অঙ্কটা করে দেখল, পুরোটাই তার মনে আছে। কিন্তু যখনই সে খাতায় লিখতে যাচ্ছে, তখনই আর কিছু মনে পড়ছে না। মহা ঝামেলা! এভাবে চললে তো কাল পরীক্ষার আগে একটা অঙ্কও মুখস্থ হবে না। তার ওপর এই মুহূর্তে এসে কলমটাও ঠিকমতো কাজ করছে না। লিখতে গেলে কালি আটকে আটকে বের হচ্ছে।
রাত যত গভীর হচ্ছে পল্টুর টেনশন তত বাড়ছে। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল ঘণ্টার কাঁটা একের ঘরে ছুঁই-ছুঁই করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বইয়ের দিকে মন দেয় সে।
ঠিক তখনই শুনতে পেল কণ্ঠস্বরটা। কেমন যেন ফ্যাসফেসে, কফ জমা। গম্ভীরভাবে কণ্ঠস্বরটা বলল, ‘হবে না!’
পল্টুর বুকের ভেতর ধড়াস করে উঠল। ভীত চোখে আশপাশে তাকিয়ে সে কাউকেই দেখতে না পেয়ে বলল, ‘কে? কে কথা বলে?’
‘আমি কথা বলি।’ আবারও গায়েবি কণ্ঠস্বরটা বলে উঠল।
পল্টু একবার ভাবল উঠে দৌড় দেবে। তারপরই মনে হলো, দৌড় দেওয়ার কথা যখন বড় ভাইয়া জানবে তখন সারা জীবনের জন্য তার গায়ে ‘ভিতু’ তকমা লেগে যাবে। তাই সে অনেক কষ্টে নিজেকে দৌড় দেওয়া থেকে বিরত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, ‘আপনি কে? ছোট ছেলেকে একা পেয়ে ভয় দেখাতে লজ্জা লাগে না আপনার?’
কণ্ঠস্বরটা বলল, ‘ভয় দেখাচ্ছি কই! শুধু বলেছি এভাবে হবে না।’
পল্টু নিজের চেয়ারে একটু নড়েচড়ে বসল। যদি একেবারেই কোনো উপায় না থাকে তাহলে সে এবার ঝেড়ে দৌড় দেবে। ভূতের কামড় খাওয়ার চেয়ে ভিতু তকমা পাওয়া ভালো! সে সোজা হয়ে বসে বলল, ‘আপনি কে সেটা তো আগে বলবেন। আর এভাবে হবে না মানে? কী হবে না?’
ফ্যাসফেসে কণ্ঠস্বরটা বলল, ‘আমি তোমার কলমের ভূত। কলম্ভূত!’
ভূত শব্দটা শুনে পল্টুর আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সে আমতা-আমতা করে বলল, ‘ভূ...ভূ...ভূ...ভূত!’
পল্টুকে এমন ভয় পেতে দেখে কলমের ভূত হেসে ফেলল। বলল, ‘আরে পাগল, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে হেল্প করতে এসেছি।’
এবার পল্টুর মনের ভেতর থেকে ভয় একটু কমে এল। টেবিলের ওপর রাখা কলমটা মুখের কাছে নিয়ে এসে বলল, ‘কী ধরনের হেল্প?’
কলম্ভূত বলল, তুমি যেভাবে অঙ্ক মুখস্থ করছ সেভাবে হবে না। আমরা কলমের ভূতেরা এভাবে অঙ্ক করে অভ্যস্ত না। তুমি যতই চেষ্টা করো না কেন, হয় তুমি ভুলে যাবে, নয়তো তোমার কলম দিয়ে কালি বের হবে না।’
কলম্ভূতের কথা শুনে পল্টু তো অবাক! কলমে যে ভূত থাকতে পারে সেটা তার ধারণার বাইরে। সে চোখ গোল গোল করে প্রশ্ন করল, ‘কলমের আবার ভূত আছে?’
‘আছে মানে। প্রতিটা কলমেই একটা করে ভূত আছে। আমরা কলম্ভূত জাতি মুখস্থ করা একদম পছন্দ করি না। মুখস্থ করে লেখা মানে আমাদের ব্যবহার করে জোর করে লেখা। তুমি নিজের কথাই চিন্তা করো। তোমাকে যদি কেউ কোনো কিছু জোর করে করতে বলে, সেটা করতে কি তোমার ভালো লাগবে?’
পল্টু কিছুক্ষণ চিন্তা করে দেখল, কলম্ভূত তো সত্যি কথা বলছে। সকালবেলা আম্মু যখন মগভর্তি দুধ জোর করে খাওয়ায় তখন তার একটুও ভালো লাগে না। কিন্তু তার তো এবার রবিনের থেকে বেশি নম্বর পেতেই হবে। আর সে জন্য মুখস্থ করা ছাড়া তো আর কোনো উপায় নেই। সে একরকম দোটানা নিয়ে প্রশ্ন করল, ‘তাহলে আমি কী করব? আমার তো রবিনের চেয়ে বেশি নম্বর পেতেই হবে।’
কলম্ভূত এবার একটু কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করল, ‘শোনো। পড়ালেখা জোর করে কিংবা মুখস্থ করে করা সম্ভব না। তাতে তোমার মস্তিষ্কে চাপ পড়ে, আবার আমাদের কলম্ভূত সমাজেও চাপ পড়ে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে অঙ্ক বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে সবকিছু তরতর করে লিখে দিয়ে আসতে পারবে। বুঝেছ?’
পল্টু কপালে হাত দিয়ে আরও কিছুক্ষণ ভাবল।
তাই তো! অঙ্ক বইয়ে যে কয়েকটা অঙ্ক সে বুঝে বুঝে করার চেষ্টা করেছে সেগুলোই শুধু তার মনে আছে। আর যেগুলো মুখস্থ করার চেষ্টা করছে সেগুলো কিছুক্ষণ পরই ভুলে যাচ্ছে। ভেবেচিন্তে সে বলল, ‘ঠিক আছে ভূত আংকেল। আমাকে আপনি একটু সময় দিন। আমি বুঝে বুঝে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করি।’
এরপর পল্টু আবার অঙ্ক বইয়ের প্রথম থেকে শুরু করল। এবার আর মুখস্থ না, সে বুঝে বুঝে সব অঙ্ক করে ফেলল।’
পরদিন পরীক্ষায় কী হয়েছিল জানো?
কী আর হবে? বুঝে বুঝে অঙ্কগুলো করার কারণে পরীক্ষায় আসা সব অঙ্ক পল্টু নির্ভুলভাবে তরতর করে লিখে দিয়ে এসেছে। এবার সে নির্ঘাত ফুলমার্ক পেয়ে যাবে।
অন্যদিকে কলম্ভূতও খুব আরামে আছে। পল্টু কথা দিয়েছে, এখন থেকে সে আর মুখস্থ করবে না। বুঝে বুঝে পড়বে।