কাঠের ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মনোজের চোখে পানি। সে আকুল হয়ে কাঁদছে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গালে। মনোজ বলল, ‘কাকা, আমি যাব না।’
আনিস জিজ্ঞেস করল, ‘কোথায় যাবে না?’
মনোজ বলল, ‘ইন্ডিয়ায়। জ্যাঠা বলেছে, সবাইকে ইন্ডিয়ায় চলে যেতে হবে। এখানে থাকলে পাকিস্তানি মিলিটারিরা গুলি করে মেরে ফেলবে। ওরা হিন্দুদের ধরে মেরে ফেলছে।’
আনিস মুক্তিযোদ্ধা কমান্ডার। সে জামতৈল গ্রামে মুক্তিযোদ্ধাদের নিয়ে ক্যাম্প করেছে। মনোজদের বাড়ি একই গ্রামে। তার বয়স ১২ বছর। সে আনিসকে বিশেষ পছন্দ করে।
আনিস আবার জিজ্ঞেস করল, ‘তুমি ইন্ডিয়ায় যেতে চাইছ না কেন?’
মনোজ বলল, ‘মা মরেছে এই গ্রামে। বাবার কাঁধে চড়ে রথের মেলায় যেতাম। কাঠের পুতুল, হাতি, ঘোড়া, বাঘ নিয়ে যেতাম রথের মেলায়। বাবার সঙ্গে বসে সেই সব আমি রং করতাম। বাবা রথের মেলায় কাঠের হাতি, ঘোড়া বিক্রি করে বাতাসা কিনে দিত। বাবা মরে গেছে এই গ্রামে। বাবা-মাকে ছেড়ে আমি কোথাও যাব না।’
আনিস শক্ত ধাঁচের মানুষ। সে সহজে নরম হয় না। এখন নরম হয়ে গেল। মনোজের জ্যাঠার নাম ভবতোষ। সবাই ভব বলে ডাকে। আনিস বলল, ‘ভবদা, সে যখন যেতে চাইছে না, থাক।’
ভবতোষ বললেন, ‘হিন্দুর ছেলে থাকছে তোমার কাছে। এই কথা পাকিস্তানি মিলিটারি জানতে পারলে তোমার ক্যাম্পের মাটিসহ তুলে নিয়ে যাবে।’
‘হিন্দুরা তো এই দেশেরই মানুষ। তারাও তো যুদ্ধ করছে।’
ভবতোষ আর জোর করলেন না। বিড়বিড় করে বললেন, ‘দেখো, তুমি যা ভালো বোঝ।’
ভবতোষ পরিবার নিয়ে সন্ধ্যারাতে ইন্ডিয়ায় চলে গেলেন। মনোজ গেল আনিসের সঙ্গে। সে তার বাবার যন্ত্রপাতিগুলো সঙ্গে নিল। এগুলো দিয়ে কাঠ কেটে হাতি, ঘোড়া, বাঘ বানানো যায়।
জামতৈল প্রাইমারি ইশকুলে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প বানিয়েছে। তারা বালুর বস্তা নিয়ে এসে ফেলেছে ইশকুলের চারপাশে। অস্ত্র হাতে পাকিস্তানি সেনারা রাত-দিন ক্যাম্প পাহারা দেয়।
পাকিস্তানি ক্যাম্পে নতুন এক মেজর এসেছে। তার নাম মেজর মুস্তাকিম। সে একজন বদরাগী আর নিষ্ঠুর প্রকৃতির মানুষ। জামতৈল গ্রামে এসেই আগুন দিয়ে মানুষজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নিরীহ মানুষজনকে ধরে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তাদের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে।
পাকিস্তানি ক্যাম্পে এক ক্যাপ্টেন আছে। তার নাম ক্যাপ্টেন সাদেক। সে ছোট ছেলেমেয়েদের সঙ্গে হাসিমুখে কথা বলে। কিন্তু মেজর মুস্তাকিম ছোট ছেলেমেয়েদের ধরেও মারধর করে।
আনিস আছে বিরাট চিন্তার ভেতের। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প আক্রমণ করতে চায়। আনিস এখনো ভেবে বের করতে পারেনি কীভাবে তারা ওই ক্যাম্প আক্রমণ করবে। আনিস হাঁটতে হাঁটতে একবার নদীর পাড়ে গেল। আবার নদীর পাড় থেকে ফিরে এল। নদীর পাড়ে ওদের মুক্তিযোদ্ধা ক্যাম্প। নদীর পাড় থেকে উঠে এসে আনিস থমকে দাঁড়াল। মনোজ গাছের গোড়ায় বসে মন দিয়ে কাঠের বাঘ বানাচ্ছে। বাঘ বানানো শেষ হয়েছে। এখন তাতে রং লাগাচ্ছে। কাঠের বাঘ দেখতে হয়েছে বিড়ালের মতো। তাতেই মনোজকে বেশ আনন্দিত মনে হচ্ছে।
আনিস বলল, ‘তুমি একটা ঘোড়া বানাতে পারবে? বেশ বড় ঘোড়া?’
মনোজ অবাক হয়েছে। সে মুখ তুলে বলল, ‘খুব পারব। কত বড় ঘোড়া বানাতে হবে বলেন। গাছের মোটা ডাল পেলেই বানিয়ে দেব।’
আনিস দুই হাতের তালু প্রসারিত করে দেখাল, ‘এই এত্ত বড়। ঘোড়ার পেটের ভেতরটা হবে ফাঁপা।’
মনোজ বলল, ‘বেশ।’
গাছের বড় ডাল কেটে আনা হলো। মনোজ তাই দিয়ে ঘোড়া বানিয়েছে। তার পেটের ভেতরটা ফাঁকা। আনিস সেই ফাঁকা জায়গায় টাইম বোমা সেট করে দিল। এমনভাবে ঘোড়ার পেট আটকানো হয়েছে, যাতে বাইরে থেকে কিছু বোঝা না যায়। ঘোড়ার গলায় ঝুনঝুনি ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘোড়া নড়লে ঝুনঝুনি বাজছে। তাতে ঘোড়ার পেটের ভেতরে ঘড়ির শব্দ শোনা যাচ্ছে না।
একটা ঝুড়িতে করে মনোজ কাঠের হাতি, ঘোড়া, বাঘ, পুতুল নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। ক্যাপ্টেন সাদেক তাকে দেখতে পেয়ে ক্যাম্পে ডেকে নিয়ে গেল। মনোজের ভয় লাগার কথা। তার একটুও ভয় লাগছে না। সে মাথা থেকে ঝুড়ি নামিয়ে সব দেখাল।
ক্যাপ্টেন সাদেক কাঠের ঘোড়া আর একটা হাতি পছন্দ করল। দুটোই বেশ রংচঙে। মনোজ যে দাম চাইল, ক্যাপ্টেন সাদেক তা-ই দিয়ে দিল। সে কাঠের ঘোড়া নিয়ে গিয়ে মেজর মুস্তাকিমকে উপহার দিল।
ঘোড়ার পেটের ভেতর টাইম বোমা বসানো আছে। এ কথা মেজর মুস্তাকিম জানে না। সে উপহার পেয়ে ভীষণ খুশি হলো। মেজর মুস্তাকিম যে ঘরে বসে, তার পাশেই ক্যাম্পের অস্ত্রশস্ত্র রাখা হয়।
এদিকে সময় হিসাব করে সন্ধ্যার পর মুক্তিযোদ্ধারা জামতৈল প্রাইমারি ইশকুল ঘিরে ফেলল। টাইম বোমা ফাটার সঙ্গে সঙ্গে তারা একসঙ্গে চারপাশ থেকে আক্রমণ করবে।
ধীরে ধীরে সময় ঘনিয়ে এল। আনিস অন্ধকারে হাতের ঘড়ি দেখার চেষ্টা করল। তার ভেতর উত্তেজনা বাড়ছে। আচমকা ফেটে গেল টাইম বোমা। পাকিস্তানি মিলিটারিরা সতর্ক ছিল না। টাইম বোমা ফেটে ক্যাম্পের গোলাবারুদে আগুন ধরে গেল। ফটাস ফটাস করে ফাটতে থাকল সেই সব গোলাবারুদ। সেনারা দিশেহারা হয়ে পড়ল। তখনই মুক্তিযোদ্ধারা আক্রমণ করল।
বাঁচার আর কোনো উপায় খুঁজে না পেয়ে পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে ছুটে পালাল। তারা আর কোনো দিন জামতৈল গ্রামে ফিরে আসেনি। হানাদারমুক্ত হয়ে গেল জামতৈল গ্রাম।