কারণ তিনি হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ ছিলেন হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো। তাঁর আকর্ষণ কতটা জাদুকরি ছিল, তা প্রথম হাতেনাতে বুঝি ১৯৯২ সালের বইমেলায়। আমার প্রথম উপন্যাস নিষিদ্ধ কয়েকজন বের হয়েছে সেবার। মেলায় গিয়ে দেখতাম প্রতিদিন প্রচণ্ড ভিড় তাঁকে ঘিরে।

অন্যদিনের মতো সেদিনও হুমায়ূন আহমেদ অটোগ্রাফ দিতে ব্যস্ত। তাঁর পাশে আমাদের বিচিত্রার একজনসিনিয়র সাংবাদিক। খুব রাশভারী মানুষ তিনি। হুমায়ূন আহমেদের সাক্ষাৎকারভিত্তিক একটা বই লিখেছেন। তাঁরই পাশে হাস্যমুখে বসে আছেন অটোগ্রাফ দেওয়ার আশায়।

আমি তখন সাপ্তাহিক বিচিত্রায় নিয়মিত প্রচ্ছদ প্রতিবেদন লিখছি। নিজেকে বিরাট কিছু ভাবতাম, এটা বোঝাতে একটু বেয়াদবিও করতাম। কিছু মানুষও ছিল উসকে দেওয়ার জন্য। জনপ্রিয় ছড়াকারদের এমন এক গ্রুপের উসকানিতে আমি হুমায়ূন আহমেদের স্টলের ভেতর ঢুকলাম। বিচিত্রার সেই সিনিয়র সাংবাদিক মুখ তুলে তাকালেন। বিচিত্রায় তিনি আমার বস। সেই তাঁকে বললাম, আপনিও হুমায়ূন আহমেদের মতো হয়ে গেছেন। অটোগ্রাফ দেওয়ার জন্য বসে আছেন! তিনি স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন। হুমায়ূন আহমেদ অবশ্য পাত্তা দিলেন না আমার কথার। অভিযান ব্যর্থ ভেবে ফিরে এলাম। ছড়াকার গ্রুপের ব্যাপক সমাদর পেলাম তারপরও।

এ ঘটনার মাস ছয়েকের মধ্যে হুমায়ূন আহমেদের এলিফ্যান্ট রোডের বাসায় আমার নিয়মিত যাতায়াত শুরু হয়। সেটি হয় বিচিত্রায় তাঁর ওপর প্রতিবেদন লেখার সূত্রে। তিনি ছিলেন অতিথিপরায়ণ মানুষ। তাঁর বাসায় গিয়ে মানুষ না খেয়ে এসেছে, এটি ছিল বিরল ঘটনা। বেশি স্নেহ পাওয়ার সুবাধে মাঝেমধ্যে তাঁর বাসায় থাকাও শুরু হলো আমার। রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলতেন আমার সঙ্গে। তাঁর তিন কন্যা আমাকে হারিয়ে ভূত বানানোর জন্য উৎসাহ দিত বাবাকে। ওঁনার স্ত্রী (গুলতেকিন খান) একমাত্র থাকতেন আমার পক্ষে। কাজেই তাঁর প্রতি প্রচণ্ড একটা কৃতজ্ঞতা বোধ করতাম তখন।

তিনি আমাকে বললেন, হুমায়ূন আহমেদ মেলা থেকে ফিরে সেদিন কেঁদে ফেলেছিলেন। অবাক হয়ে বলি, আমার সেই কথায় কেঁদেছিলেন?

হ্যাঁ।

কিন্তু তিনি তো আমাকে চিনতেন না।

চিনতেন। তোমার বই পড়ে ভালো লেগেছিল বলেছিল আমাকে। আর তুমি তাঁকে শুনিয়ে শুনিয়ে এসব বলেছ! এটা বলে তিনি হাসতে থাকেন।

আমি লজ্জিত হই শুনে, তার চেয়ে বেশি বিস্মিত। এত ব্যস্ত, এত জনপ্রিয় একজন লেখক আমার বই পড়েছেন!

অল্পদিন পরে তিনি আমাকে নবনী বইটি উৎসর্গ করেন ‘তরুণ উপন্যাসিক’ হিসেবে। এমনকি পরে নিষিদ্ধ কয়েকজন প্রসঙ্গ নিয়ে কলামও লেখেন দৈনিক সংবাদ-এ।

আমি আমার সৃজনশীল লেখালেখির জন্য বহু লেখকের প্রশংসা পেয়েছি। তবে তা শুধুই মুখে মুখে, এখন পাই ফেসবুকের ইনবক্সে। আর সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় যিনি, একমাত্র তিনিই লিখেছিলেন অকাতরে।

কারণ তিনি হুমায়ূন আহমেদ। অনন্য একজন।