কী কথা তাহার সনে?: আদনান সহিদ
লকডাউনের পর থেকেই মনীষা খেয়াল করছে ধ্রুব প্রায়ই রাতে বিছানা থেকে উঠে পাশের ঘরে চলে যায়। ফিসফিস করে কারও সঙ্গে কথা বলে। ব্যাপারটা সন্দেহজনক হলেও মনীষা ধ্রুবকে বিশ্বাস করে। কিন্তু আজ তার কেমন যেন অস্থির লাগছে!
পাশের ঘরে ধ্রুবর ফিসফিসানি চলছে। সাবধানে পা টিপে সেই ঘরে এল মনীষা। ধ্রুব উল্টো পিঠ হয়ে চেয়ারে বসা। মুখের কাছে মুঠোফোন নিয়ে কিছু বলছে। কান খাড়া করে মনীষা শুনতে চেষ্টা করল, বুঝল না কিছুই। ধৈর্যচ্যুত হয়ে দ্রুত ধ্রুবর কাঁধে হাত রাখল সে। সচকিত ধ্রুব লাফিয়ে উঠল। সংবিত ফিরে মুঠোফোনটা দেখিয়ে বলল, 'হঠাৎ একটা গল্প মাথায় এল। ঘুমাচ্ছিলে বলে এখানে এসে ভয়েস টাইপ করছিলাম।'
মনীষা বিস্ময়ে মোবাইল স্ক্রিনে গল্পের শেষ লাইনটা পড়ল, 'আমি তোমারই থাকব!'
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]