ক্রান্তিকালের পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জানালা দিয়ে রং দেখা যায়। উল্টোদিকের বাড়ির ক্যাটকেটে নীল রং, আর তিনতলার বারান্দা থেকে বেড়ে ওঠা সবুজ হয়ে ওঠা পাতার মিছিলের ফাঁকে বাগানবিলাস। কমলা হতে হতে গোলাপি হয়ে ওঠা একটুকরা বাগানবিলাস। 

কত দিন কিংবা কত মাস ধরে এমন রং দেখা যায়, এখন আর মনে পড়ে না। যেমন মনে পড়ছে না কালো পাথরের রুপোর আংটিটা ডান না বাঁ হাতের আঙুলে শোভা পেত। শাড়ির আঁচল এদিক-ওদিক করতে হলো, দুবার। কোন দিক যে ঠিক, ভুলে গিয়েছিলাম। ঘড়ি বাঁধতে হাতে বেগ পেতে হলো। টিপ ছোট, না মাঝারি? কালো, না সবুজ—মনে পড়ছে না।
পৃথিবী নাকি নতুন হয়েছে? ক্রান্তিকাল শেষে, জ্বর আর জরা শেষের পৃথিবীর সঙ্গে দেখা হবে আজ জানালার এপাশের প্রতীক্ষায় নতুন হয়ে ওঠা মানুষের।
এ পৃথিবীর রং নাকি নীল? বাতাস নাকি হালকা, বাতাসের মতোই? জানালা দিয়ে বাইরে তাকাই। ওপাশটা নতুন। আমার জানালা দিয়ে আজ শহর দেখা যাচ্ছে।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]