ক্ষণিকের মুঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডক্টর জিভাগো ছবিতে ওমর শরিফ এবং জুলি ক্রিস্টি
ডক্টর জিভাগো ছবিতে ওমর শরিফ এবং জুলি ক্রিস্টি

হ্যান্ডমেড পেপারের ওপর জলরঙে টুপটুপে তুলি আলগোছে বুলিয়ে কেউ কেভপেন্টিংয়ের নকল করে খুব তরতরে হাতে মানুষ আঁকছে, কিন্তু কনভেনশনালি যেমন হয়, তেমন করে মাথা থেকে নয়, পা থেকে। এভাবেই শুরু হয়েছিল আমার সবচেয়ে প্রিয় সাহিত্যভিত্তিক চলচ্চিত্রগুলোর একটি, ‘দ্য ইংলিশ পেশেন্ট’, নেপথ্যে বুদাপেস্টের শিশুর ধাই গাইছেন বিলাপের মতো করুণ গান। এই পা থেকে আঁকতে শুরু করা মানুষের কথা আমার আজকাল প্রায়ই মনে হয় ঘুম থেকে জাগবার সময়, যেন কেউ আস্তে করে তুলি বুলিয়ে এঁকে দিচ্ছে আমার পায়ের পাতা আর সেটা জাগরুক হয়ে উঠছে। প্রুস্ত তাঁর ‘রিমেমব্রান্স অব থিংস পাস্ট’-এ একরকমের ঘুমাতে যাবার বিবরণ দিয়েছিলেন, মোমবাতি নিভিয়ে ফেলার আধঘণ্টা পরও তিনি আধডোবা পাত্রের মতো না ঘুম না জাগৃতিতে ভেসে আছেন, যা কিছু পড়তে পড়তে ঘুমাতে গেছেন—তা নিয়ে ভাবনাগুলো অনেকগুলো ছেঁড়া কাগজের মতো উড়ছে বাতাসে, কাগজগুলো থিতিয়ে গেলেই অবশেষে ঘরে অধঃক্ষিপ্ত হবে তাঁর অন্বিষ্ট প্রশান্তি। বিশ্বময় রুদ্ধদুয়ারের পেছনে গৃহবন্দী মানুষের কাতারে আমিও আছি, আর এই সব ছেঁড়া পাতার মতো জলরঙে ভরা তুলির মতো প্রিয় চিন্তাসূত্র ছাড়া আমার মতো অন্তরীণ মানুষের এই মুহূর্তে আর কী আছে! আসুন, মহামারির এ বিপুল দুর্যোগ পটভূমিতে থাকবার পরও একটু অন্য কথা বলি, প্রিয় সিনেমার কথা, প্রিয় সাউন্ডট্র্যাকের কথা, প্রিয় শিল্পীর কথা।

আমি ‘আউট অব আফ্রিকা’ মুভিটা দেখি উনত্রিশ বছর বয়সে। সে বয়সে রাগে-ক্ষোভে-দুঃখে আমার মনে হয়েছিল মেরিল স্ট্রিপের হয়ে ওর স্বামীকে একেবারে ছুরি মারি—সিফিলিস সংক্রমণের জন্য, সন্তানধারণক্ষমতা নষ্ট করে দেবার জন্য। শুধু অধিকার করার ক্ষমতায় যে বা যারা অপূর্ব কিছু নষ্ট করে ফেলে, তাদের মরে যাওয়াই উচিত। এদিকে ওর প্রেমিককেও ছুরি দিয়ে সামান্য খোঁচাতে ইচ্ছে হয়েছিল মনে আছে, যে আমার হবে না, সে কেন আমার জীবনে আসবে, এসেও কেন আমার হবে না। বাস্তবের দুনিয়াতে আসলে এই সব ছুরি মারাটারা হয় না, সব অস্ত্র ঢুকে যায় খাপে একটি নিরস্ত্র সময়ে, নায়িকা (মেরিল স্ট্রিপ) কেবল প্রেমিককে গোর দিতে এসে কান্না গিলতে গিলতে বলতে পারেন—‘ঈশ্বর তুমি ওর আত্মা ফিরিয়ে নাও… আমাদের সঙ্গে ভাগ করেছিলে বলে আমরা আনন্দ পেয়েছি, ভালবেসেছি প্রাণপণে। শুধু ও আমাদের ছিল না, ও আমার ছিল না…’

এসবের অনেক পরে মনে হয়েছে, যখন একে একে সব মানবিক সম্পর্ক প্রতারণা করে, তখন মাথায় খড়িমাটি ঘষতে ঘষতে দিব্য মনে করা যায় কোলরিজের এক অবিস্মরণীয় বাণী—রোদে বসে স্নান করছেন রেডফোর্ড, মেরিল স্ট্রিপ বোধ করি তাঁকে ডলে ডলে স্নান করিয়ে দিচ্ছেন, একটা বন্য জন্তু সেই আনন্দস্নান দেখছে তাকিয়ে, তখন দুজনের কোনো একজন মনে করলেন ‘লিরিক্যাল ব্যালাডস’-এর সেই লাইন—

‘হি প্রেয়েথ বেস্ট, হু লাভেথ বেস্ট

অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল;

ফর দ্য ডিয়ার গড হু লাভেথ আস

হি মেইড অ্যান্ড লাভেথ অল।’

উৎকৃষ্ট প্রার্থনা করেছে সে-ই, যে যারপরনাই ভালবেসেছে, ভালমন্দ মিলায়ে সকলি...ছোট-বড় নির্বিশেষে। কেননা ঈশ্বর, যিনি ভালবাসার আকর, তিনি ভেদ করেননি। আজ যখন আমরা সেই কাব্যের নিস্তরঙ্গ সমুদ্রের নিশ্চল জাহাজের (‘আ পেইন্টেড শিপ আপন আ পেইন্টেড ওশান’) মতন স্থির হয়ে পড়েছি নিজ ঘরে, তখন এই কথাটি বড় প্রাসঙ্গিক, অকারণ প্রাণহানির এক মৃত অ্যালবাট্রস আমাদের গলায় ঝুলে আছে অভিশাপের মতন, যদ্দিন অপ্রেমের অভিশাপ থেকে মুক্তি না পাব, তদ্দিন শান্তিধারা বর্ষিত হবে না।

ঠিক এই বাণীর পাশটিতেই মেরিল স্ট্রিপের সেই অন্তরের প্রশ্ন, ঈশ্বর তুমি আমার আত্মাও গ্রহণ করলে তো? প্রতিদিনের আশ্চর্য সূর্যোদয় আর রক্তিম সূর্যাস্তের রাগে সংরক্ত হৃদয় জিজ্ঞেস করতে পারে, আমি তো জিরাফের গ্রীবায় হেলান দেওয়া আফ্রিকান চাঁদের গানটুকু জেনেছি, চষা খেতের লাঙলের দাগ আর ঘেমো কফিচাষিদের মুখটুখ মিলে যতটুকু গান। আফ্রিকা, তুমি কি আমার গানটা জানো? আমার নামে কি তোমার বাচ্চারা ফুলটোক্কা খেলে উঠবে? আসা-যাওয়ার পথের নুড়িতে ফুটে উঠবে আমার আকৃতির কোনো ছায়া? তীক্ষ্ণ চোখে তোমার প্রান্তরের ইগলরা খুঁজবে আমাকে? ভারী সুন্দর না?

এখন যা বলতে চাই, সেটা ‘আউট অব আফ্রিকা’র অরিজিন্যাল স্কোর নিয়ে। ওই ব্যথামথিত নায়িকা, তাঁর প্রেমের উড়াল, তাঁর চোখ দিয়ে দেখা কফি প্ল্যান্টেশনের ঘর্মাক্ত মানুষ, আফ্রিকান আকাশের চাঁদ আর জিরাফ একাট্টা করেছেন জন ব্যারি নামের এক সুরের ঈশ্বর, যিনি ‘সামহোয়্যার ইন টাইম’-এরও সুরকার। ‘আউট অব আফ্রিকা’-এর থিমের সুর আমার একেবারে মুখস্থ, এতটাই প্রিয়, এ একেবারে দৈবী সুর, এটা বিকেলের বাতাসকে ডানা করে নিয়ে মাটির দুনিয়াকে উড়ে উড়ে একঝলক দেখে নেবার সুর। আজ কদিন ধরেই শুনছিলাম। আর শুনছিলাম আরেকটি অরিজিন্যাল স্কোর, সেটা ডেভিড লিনের ‘ডক্টর জিভাগো’র, আরেক দৈত্যের সুরারোপ করা। সেটা নিয়ে লিখছি এখন।

আলফ্রেড হিচককের সাথে ডেভিড লিনের একটা বড় মিল ছিল বোধ করি, অন্তরে এবং চর্চায় উভয়ই অভিনেতাদের গরু-ভেড়া মনে করতেন। দুজনই ভীষণ ‘মাই ওয়ে অর হাইওয়ে’ ধরনের লোক। ডেভিড লিনের কথা বলতে গিয়ে ওমর শরিফ বলেছিলেন, এই লোকটার কারও প্রতি কোনো মমতা, কোনো সহানুভূতি নেই, কারণ নিজের প্রতিও নেই। লিন কাজ করতেন দৈনিক ১৬-১৮ ঘণ্টা করে, সপ্তাহে সাত দিন; সারা ইউনিট রোববারের ছুটিতে রোববার যাপন করছে, লিন কাজ করছেন কাটিং রুমে।

ওমর শরিফ ও ডেভিড লিন
ওমর শরিফ ও ডেভিড লিন

ওমর শরিফকে ‘ডক্টর জিভাগো’-তে নেবার কারণ হিসেবে লিন ভেবেছিলেন—এই ডক্টর জিভাগো লোকটা ডাক্তার এবং কবি, একটি বিষণ্ন সংশ্লেষণ, যা বোরিং হয়ে উঠতে বাধ্য, এমন কাউকে নেওয়া উচিত, যে প্রথাসিদ্ধভাবে জিভাগো হিসেবে মনে আসবে না, কিন্তু যার তীব্র শারীরিক সৌন্দর্য দর্শককে ব্যতিব্যস্ত রাখবে। ইতিমধ্যে ‘লরেন্স অভ অ্যারাবিয়া’-তে ওমর শরীফকে নিয়ে কাজ করেছিলেন লিন, মরীচিকার ভেতর থেকে কূপের পানির অধিকার নিতে উদয় হওয়া সেই আরব, সংবেদনশীল অভিনেতা হিসেবে পছন্দও করেছিলেন এমন একটি লোক, যার চোখে ইগলের হিংস্রতা চমকায়—পরমুহূর্তে ব্যথায় চোখের তারা কাঁপে এবং তারপরই চাইলে প্রেমের দুঃসহ চমকে ঝলমল করে ওঠে...ওমর শরিফের আরব্য কপাল থেকে ওয়্যাক্স করে চুল ফেলে দিয়ে কপাল বড় করা হলো...রুশী করা হলো চেহারা, স্পেনের গনগনে গ্রীষ্মে প্রান্তরজুড়ে মার্বেলের গুঁড়ো ছিটিয়ে বরফের প্রান্তর গড়ে তোলা হলো, তরল প্লাস্টিক ছিটিয়ে সাদা করে তৈগার মতো বানানো হলো স্প্যানিশ অরণ্যের গাছপালাকে আর সেখানে রুশ শীতের কাপড় পরিয়ে ওমর শরীফকে দাঁড় করিয়ে দেওয়া গেল। স্পেনের গরমে রুশদেশের শীত কাটাতে গিয়ে ইউনিটের লোক ঘর্মাক্ত হচ্ছে, নির্মাণাধীন থাকাকালীনই এই চলচ্চিত্রের সব কলাকুশলী একপর্যায়ে টের পেলেন, ইতিহাসের অংশ হতে যাচ্ছে এই ছবি।

কিন্তু এই সব আমড়াগাছির উদ্দেশ্য তো ডক্টর জিভাগোর অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক নিয়ে কথা বলা। উপন্যাস ‘ডক্টর জিভাগো’র শেষ অধ্যায়ে কিছু কবিতা আছে, ইউরি জিভাগোর লেখা কবিতা, সেখানে একমুঠো তুষার চিবিয়ে স্থির থাকতে চেষ্টা করা প্রেমিক আছে, আছে গৃহবন্দী অনন্যোপায় মানুষ, আছে প্রকৃতি আর জীবনের অর্থ অনুসন্ধান। এই  ‘লারা পোয়েমজ’ যেমন উপন্যাসের মধু, সিনেমায় ‘লারা’জ থিম’ নামের সেই সুবিখ্যাত সুর সিনেমাটির প্রাণভোমরা। যে গল্পটিই জানে না, সিনেমাটাও দেখেনি, সে-ও যেন এর আলপাইন স্বাদকে চিনতে পারবে, টের পাবে সুরমা নীল পাহাড়ে, তুষারবিভোর পর্ণমোচী জঙ্গলে কেমন করে আছড়ে পড়েছে উজ্জ্বল রৌদ্র, শীতের বাতাসের সরু ছিদ্র দিয়ে প্রবেশ করেছে অলঙ্ঘ্য বসন্ত, জানালায় ফুটেছে হলুদ ফুল, প্রেমের মতো দেখতে। এই সব দুরূহ সময়ে যখন চারপাশে সবকিছু ভেঙে পড়ছে, সমাজ এবং রাষ্ট্র, তখনই ব্যক্তিমানুষের ক্ষুব্ধ-বিচলিত বুকে জন্মায় সবচেয়ে শক্তিমান কিছু, প্রেম। সুরকার মরিস জারের কীর্তি।

মরিস জার লিনের ‘লরেন্স অব অ্যারাবিয়া’রও ফিল্ম স্কোর কম্পোজ করেছিলেন। কিন্তু এবারের ছবিতে (‘ডক্টর জিভাগো’) যতবার তিনি সুরারোপ করছেন, লিন তাঁকে আবার পাঠিয়ে দিচ্ছেন ফেরত। দিন দিন অস্থির হয়ে উঠছেন মরিস জার, লিন কী চান তাহলে? ডেভিড লিন অবশেষে বললেন, ‘বাপু হে, তুমি তোমার প্রেমিকাকে নিয়ে পাহাড়ে বেড়াতে যাও। একেবারে নির্ভার কিছু সময় কাটিয়ে এসো, প্রেম থাকলে সুর আসবে।’ মরিস জার কথা শুনলেন। এবং সত্যি সুর এল, সেই সুরে সংশয় আছে, ভয় আছে, বিভ্রম আছে, বেদনা আছে আর সবকিছুর পটভূমিতে ফুটে আছে একটা হলুদ ফুল, অসময়ে যে ফুটে উঠেছে। সুরটিতে রুশ তারযন্ত্র বালালাইকা বাজানো হয়েছে, এমনভাবে যে তা প্রতিস্থাপন করবার কোনো সুযোগ নেই। বালালাইকা বাজাতে জানে এমন শিল্পী তখন রাশিয়ার বাইরে কোথাও মিলবে না, রাশিয়া বিবিধ কারণে অগম্য, উপায় কী! সে অবশ্য আরেক গল্প। আরেক দিনের।