১.
খুক খুক করে কাশল আশিক।
তার ভীষণ লজ্জা লাগছে।
টের পেল হাত ঘামছে।
গলা শুকিয়ে গেছে।
চোখ তুলে তাকাতে সাহস হচ্ছে না।
‘কী রে! চুপ করে আছিস কেন! কিছু একটা বল।’ ছোট মামা তাড়া দিলেন।
কী বলবে ভেবে পেল না আশিক। টের পেল গলা শুকিয়ে গেছে।
কী বলবে? কী করবে?
শেষে সামনে রাখা ট্রে থেকে গ্লাসভর্তি পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল।
তাকাবে না তাকাবে না করেও শেষ পর্যন্ত তাকাল সে। সামনের বসা মেয়েটি ওর দিকে হাসিমুখে তাকিয়ে আছে।
‘কী রে! কিছু একটা বল!’ ছোট মামা আবার তাড়া দিলেন।
আশিক বলবে কী, মুখ দিয়ে কোনো কথাই বের হলো না।
মুগ্ধতা ওকে আচ্ছন্ন করে রাখল।
এমন টানা টানা চোখ! প্রতিমার মতন মুখ!
‘কী ভাগনে! বলেছিলাম না দেখে একেবারে থ মেরে যাবে!’ কানের কাছে ফিস ফিস করল মামা।
ঢোঁক গিলল আশিক। এর আগে কয়েকজন পাত্রীকে দেখেছে ও। দেখামাত্র বাতিলও করে দিয়েছে।
কিন্তু এখন! ও তো নিজেই কুপোকাত হয়ে গেছে পাত্রী দেখে।
ছোট মামা ঘর থেকে বের হয়ে গেলেন ওদের একা রেখে।
‘ক...কী নাম আপনার?’
‘কুহেলি। আমাকে তুমি করে বলুন। বয়সে আমি আপনার ছোট।’ কণ্ঠ তো নয়, যেন রিনিঝিনিময় তরঙ্গ।
‘আমাকে তোমার পছন্দ হয়েছে?’ ভয়ে ভয়ে জানতে চাইল আশিক।
মাথা নিচু করল কুহেলি।
সে রাতেই বিয়ে হয়ে গেল ওদের। ছোট মামা করিতকর্মা লোক। ঝটপট সব আয়োজন করে ফেললেন।
‘দুলাভাই। একটু দাঁড়ান।’
বাসরঘরে ঢোকার মুখে ওকে আটকাল সোহেলী। কুহেলির ছোট বোন।
‘এটা নিয়ে যান।' একগুচ্ছ রজনীগন্ধা এগিয়ে দিল সে।
‘আপুর জন্য। এটা আপু খুব পছন্দ করবে।’
‘থ্যাংকস।’ ফুল নিয়ে ঘরে ঢুকে পড়ল আশিক।
দরজা লাগিয়ে ঘুরতেই চমকে গেল।
বিয়ের শাড়িতে সাক্ষাৎ দেবীর মতো লাগছে কুহেলিকে।
ধীরে ধীরে এগিয়ে গেল আশিক।
দুচোখে মুগ্ধতা।
২.
চোখ থেকে এখনো ঘুম যায়নি। ধীরে ধীরে বাথরুমে প্রবেশ করল আশিক। চোখে মুখে পানি দিল ভালো করে। ব্লাডার খালি করে কমোডের ফ্লাশ টেনে দিল ও।
আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল।
কত দিন হলো ওদের বিয়ের? দুবছর!
না না।
দুবছর এক মাস তিন দিন।
এতগুলো দিন একসঙ্গে থাকল ওরা!
মনে পড়ল কুহেলিকে প্রথম দেখার দিনের কথা। কী উত্তেজনাই না ছিল ভেতর ভেতর।
সেদিন আর আজ!
কত পার্থক্য দুদিনের মধ্যে!
ব্যাপারটা মাস দুয়েক ধরেই টের পেয়েছে আশিক।
কুহেলি একটা গোপন সম্পর্কে জড়িয়েছে।
রেজা। ওর খালাতো ভাই। বিয়ের আগেই সম্পর্কটা ছিল।
এখন আবার জোড়া লেগেছে। বাসায় ও না থাকলে প্রায়ই আসে এখানে রেজা।
ব্যাপারটা জানার পর থেকেই মাথায় আগুন জ্বলছে আশিকের। এর একটা বিহিত ওকে করতেই হবে। কোনো কাজে মন বসাতে পারছে না ও।
না পারছে ঠিকমতো অফিস করতে। না পারছে কুহেলির সঙ্গে ঠিকমতো কথা বলতে।
আজ এর একটা হেস্তনেস্ত করবেই ও।
বাড়ির বাইরে যখন বের হলো, তখন ঝাঁ–চকচকে রোদ চারপাশে। শেষবারের মতো দোতলার জানালার দিকে তাকাল। এ বাড়িতে আর ফেরা হবে না তার। কুহেলির ঘুম কি ভাঙবে!