জীবন যে রকম: কবির কাঞ্চন
জীবনের ঘানি টানতে টানতে হাঁপিয়ে ওঠা মানুষদের একজন বিল্লুরানী। দীলিপের মুখে ‘বাবা’ শব্দটা ফুটবার আগেই স্বামীকে হারিয়েছে।
সেই থেকে অভাগিনীর ললাটে জুটেছে দিনে গার্মেন্টসে চাকরি আর রাতে সেলাই মেশিনের কাজ। তবু দুচোখে তার অসীম স্বপ্ন। একদিন দীলিপ বড় হবে। অনেক বড়। দীলিপও সে পথে এগোচ্ছে। নিয়মিত পড়াশোনা করছে। আর কদিন পরই সে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
হঠাৎ করে করোনাভাইরাস আতঙ্কে সারা দেশে ‘সাধারণ ছুটি’ ঘোষণা করা হয়েছে। দীলিপের মায়ের ফ্যাক্টরি বন্ধ। সেলাই মেশিনের কাজেরও কোনো অর্ডার নেই। হাতে জমা টাকা নেই। বাসায় বাজারও নেই। ফ্লোরে বসে দীলিপ নিরিবিলি পড়ছে। বাজারের ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে মাকে বাসার বাইরে যেতে দেখে দীলিপ বলল, মা, তুমি বিশ্রাম নাও; বাজারে আমি যাই।
বিল্লুরানী দীর্ঘশ্বাস ছাড়লেন, না বাবা, তুই মনোযোগ দিয়ে পড়। বাজারে আমিই যাই।
এ কথা বলে বিল্লুরানী বাসার বাইরে চলে গেলেন।
পড়ার ফাঁকে দীলিপ মুঠোফোনটা টেনে নিয়ে ফেসবুকে চোখ বোলায়। হঠাৎ সে দেখতে পায় কতগুলো মানুষ অসহায়ের মতো ত্রাণ নিচ্ছে। দীলিপ ছবিটায় মন্তব্য করতে যাবে, এমন সময় একজোড়া চোখে চোখ পড়তেই সে থমকে যায়। চোখজোড়ার স্নেহময়ী চাহনি গত সতেরো বছর ধরে সে দেখেছে। শাড়ির আঁচলে মুখ লুকালেও চোখ দুটো লুকাতে পারেননি।
দুপুরবেলা। দীলিপ মায়ের সঙ্গে ভাত খাচ্ছে। হঠাৎ মাকে উদ্দেশ্য করে বলে, মা, প্রতি কেজি চাল কত করে নিয়েছ?
বিল্লুরানী ভাতের লোকমাটা মুখে তুলতে গিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, ওসব তোর জানার দরকার নেই।
তারপর আর মায়ের মুখের দিকে তাকানোর সাহস হয়নি তার।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]