ডিটেকটিভ সেকান্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

অবশেষে ডিটেকটিভ সেকান্দার বক্স আফ্রিকা যাচ্ছে। একটা জটিল কেসের সমাধান করতে। আফ্রিকা থেকে গোয়েন্দা হিসেবে আমন্ত্রণ পাওয়া সোজা কথা না।

সেকান্দার বক্স একজন ডিটেকটিভ। মানে গোয়েন্দা। প্রাইভেট গোয়েন্দাই বলা যায় তাকে। আসলে জীবনের শুরুতে সে ছিল একজন কবি। রোমান্টিক কবিতার একটি পাণ্ডুলিপিও তৈরি করেছিল বই ছাপাবে বলে, বইয়ের নামও ঠিক করা ছিল হৃদয়ের বাইপাসে ট্রাফিক জ্যাম। কিন্তু তার কবিতার বইয়ের প্রকাশক খুঁজতে নেমে বাংলা বাজারের অলিতে-গলিতে ঘুরতে ঘুরতে সে ক্রমশ গোয়েন্দা হয়ে ওঠে ধীরে ধীরে।

এবং শেষ পর্যন্ত কবি নয়, গোয়েন্দাই থেকে যায় সেকান্দার বক্স।

অবশ্য গোয়েন্দা হয়ে ওঠায় তার নিজস্ব কিছু টেকনিকও আছে। যেমন সেকান্দার সময় পেলেই জটিল সব গোয়েন্দাকাহিনির বই পড়ে। তবে বইটা সে শুরু করে মাঝখান থেকে।

: সব গোয়েন্দা বই তুই মাঝখান থেকে পড়িস কেন? তার সহকারী ওয়াটসন প্রশ্ন করে। (আসলে তার নাম ওয়াকার খান। সেকান্দারের বাল্যবন্ধু। সেকান্দার তাকে মনে মনে ওয়াটসন ভাবে। এবং দৈনিক এক প্যাকেট বেনসন অ্যান্ড হেজেজের বিনিময়ে তাকে আপাতত খণ্ডকালীন সহকারী হতে রাজি করিয়েছে!)

: বই মাঝখান থেকে পড়লে দুটো আগ্রহ তৈরি হয়। বলে সেকান্দার।

: কী রকম?

: যেমন ধর বইটার শেষে কী হবে এই আগ্রহ তো আছেই, পাশাপাশি এর শুরুটাই বা কী ছিল? এটা একজন প্রকৃত গোয়েন্দার জন্য যথেষ্ট কৌতূহলোদ্দীপক!

: অসাধারণ...সত্যি অসাধারণ!!

এটা ওয়াকার খানের একটা মুদ্রাদোষই বলা যায়। ডিটেকটিভ সেকান্দারের যেকোনো কর্মকাণ্ডে সে বলে ওঠে—

 ‘অসাধারণ...সত্যি অসাধারণ!!’

কিন্তু পাড়ার বদরুল হত্যাকাণ্ডের কেসটা নিয়ে তদন্ত করে যখন খুনিকে সেকান্দার প্রায় ধরেই ফেলেছে, তখন হঠাৎ মৃত বদরুল উঠে বসে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এবং সহকারী ওয়াটসন তখনো বলে উঠেছিল, ‘অসাধারণ...সত্যি অসাধারণ!!’ এ পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু যখন একটা দুর্ঘটনায় সেকান্দার বক্সের বাঁ হাতের বুড়ো আঙুল খুইয়ে সে হাসপাতালে, তখনো তাকে হাসপাতালে দেখতে এসে ‘অসাধারণ...সত্যি অসাধারণ!!’ বললে মেজাজ ঠিক রাখা সত্যিই মুশকিল। ওই ঘটনার পর সে বাল্যবন্ধু ওয়াকার খানকে তার সহকারীর পদ থেকে অব্যাহতি দেয়।

হ্যাঁ, অবশেষে সেই সেকান্দার বক্স সহকারী ছাড়াই আফ্রিকাগামী এক প্লেনে চড়ে বসল একদিন।

তার কাজটা আফ্রিকার জঙ্গলেই। এক ট্রাইবাল নেতা তার প্রতিদ্বন্দ্বীর চরিত্র হননের ক্লু খুঁজে বের করার দায়িত্ব দিলেন গোয়েন্দা সেকান্দারকে।

: আমার ধারণা, আমার প্রতিদ্বন্দ্বীর নারীঘটিত কোনো সমস্যা আছে। সে কোথায় যায় কী করে, জানা দরকার। তারপর তার চরিত্র দিয়ে তারই চরিত্র হরণ করা হবে।

: এ কাজ তো আপনার দেশের গোয়েন্দা দিয়েই হতো। আমাকে কেন?

: চরম গোপনীয়তার মধ্য দিয়ে কাজটা করতে চাই বলেই না আপনার মতো বিদেশি গোয়েন্দা এনেছি। আশা করি, সমস্ত বিষয় গোপন রাখবেন।

: তা থাকবে।

কাজে নেমে তিন দিনের মাথায় রহস্য সমাধান করে ফেলল গোয়েন্দা সেকান্দার বক্স।

: ফলাফল কী? ট্রাইবাল নেতা গলা নামিয়ে জানতে চান

: ফলাফল ফলপ্রসূ। নেতার টেবিলের ফলাহার থেকে একটা কামরাঙা নিয়ে কামড়াতে কামড়াতে বলে গোয়েন্দা সেকান্দার বক্স।

: কী রকম?

: তিনি কোথায় যান নিয়ম করে, তা অবশেষে জানা গেছে।

: কোথায়?

: আর কোথায়? সোজা আপনার বাসায়! আপনার স্ত্রীর কাছে! অবশ্য আপনার অনুপস্থিতিতে।

তবে দুঃখজনক হচ্ছে। আফ্রিকান ট্রাইবাল নেতার বাড়ি থেকে বেরিয়ে গোয়েন্দা সেকান্দার আফ্রিকার ক্যানিবলদের হাতে ধরা পড়ে যায় (এটা ট্রাইবাল নেতার একটা কৌশলও হতে পারে, কে জানে!)। তারা সোজা তাকে নিয়ে হাত-পা বেঁধে একটা বিশাল ডেকচিতে বসিয়ে দেয়। খুব সম্ভব তারা সেকান্দারকে সেদ্ধ করেই খাবে। তবে কপাল ভালো বলতে হবে। ক্যানিবলদের একজন হঠাৎ আবিষ্কার করে সেকান্দারের বাঁ হাতের বুড়ো আঙুল নেই। খুঁত আছে এমন মানুষকে তারা কখনো খায় না। অতএব মুক্তি।

নতুন জীবন পেয়ে সেকান্দার বক্স আর দেরি করে না। বাংলাদেশ বিমানের বোয়িং ৭০৭-এ চড়ে চটজলদি দেশে ফিরে আসে। দেশে ফিরে সেকান্দার বাল্যবন্ধু ওয়াকার খানকে ক্ষমা করে দেয় এবং সহকারী ওয়াটসন হিসেবে পুনর্বহাল করে। ওয়াকার খানকে সব খুলে বলে ট্রাইবাল নেতার আমন্ত্রণ থেকে শুরু করে তারপর গভীর জঙ্গলে ক্যানিবলদের কাছে ধরা খাওয়া এবং অবশেষে মুক্তি...সব শুনে বন্ধু ওয়াকার খান আগের মতোই বলে ওঠে, ‘অসাধারণ...সত্যি অসাধারণ!!’

: আচ্ছা সত্যি করে বল তো তুই কোনটা অসাধারণ বললি? আফ্রিকার ক্যানিবলদের কাছ থেকে আমার এই মুক্তি পাওয়া?

: না।

: তাহলে?

: আফ্রিকায় ক্যানিবলদের কাছে তোর ধরা খাওয়ার সময় আমি তোর সহকারী ছিলাম না, আমার তো বুড়ো আঙুল ছিল...অসাধারণ...সত্যি অসাধারণ!!

এবার গোয়েন্দা সেকান্দারও ভাবে, ‘অসাধারণ...সত্যিই অসাধারণ!!’