তারপর কী হলো?: মারুফ মুহাম্মাদ
মিস ইভা বললেন, 'কখনো কি দেখেছেন মৃত মানুষ ফিরে আসে?'
আমি বললাম, 'না। হঠাৎ এই প্রশ্ন কেন?'
মিস ইভা বললেন, 'আমার আমেরিকার ফার্গো শহরের একটা ঘটনা মনে আছে। ঘটনাটা আমার সঙ্গেই ঘটেছিল। জানেন তো ফারগো শহরে খুব ঠান্ডা। প্রচুর তুষার পড়ে।'
আমি বিস্মিত হয়ে বললাম, 'আপনার সঙ্গে ঘটেছিল?'
'বিশ্বাস হচ্ছে না তো? অবিশ্বাস হতেই পারে। আর আমিও আপনাকে বলছি না আমার কথা বিশ্বাস করতেই হবে।'
আমি বললাম, 'না, গল্পটা বলেন, প্লিজ। আগে শুনি।'
'বলতে পারি এক শর্তে, যাকে-তাকে আমি এ গল্প বলি না। সিলেক্টিভ কিছু মানুষকে বলি।'
'আমি কি সেই সিলেক্টিভদের দলে পড়ি?'
'হ্যাঁ।'
'কেন?'
'সেটা গল্প শেষ হলেই বুঝতে পারবেন। তার আগে চলুন কফি খেয়ে নিই। খুব কফি খেতে ইচ্ছে করছে।'
কফি খেতে খেতে মিস ইভা অনেক কথা বললেন। তার প্রায় সবই সুপারন্যাচারাল। জটিল কোনো গল্পের সূচনা বক্তব্য। আমি রুদ্ধশ্বাস অপেক্ষায় আছি ঘটনাটা শোনার জন্য। মৃত মানুষ ফিরে আসে নাকি? এ কী করে সম্ভব?
মিস ইভা বললেন, 'গল্পটা শেষ করামাত্রই রাজ্যের প্রশ্ন আপনার মাথায় আসবে। আমি এর কোনো প্রশ্নেরই উত্তর দেব না। এই হলো শর্ত। আপনি রাজি থাকলে গল্প বলব। নয়তো নয়।'
আমি বললাম, 'আমি রাজি। আপনি বলুন।'
মিস ইভা একমনে গল্প বলতে শুরু করলেন। আমি সিগারেট ধরালাম। বেনসন অ্যান্ড হেজেস। অনেক দিন পর সিগারেট ধরিয়েছি বলে আমার মাথা ঝিমঝিম করতে লাগল।