
হঠাৎ দৈত্য হয়ে গেল গরুটা।
খানিক আগেও ছিল একটা সরু গরু। অন্য গরুদের সমান।
গরুটা গিয়েছিল মায়া খালের ওপারে।
পানিতে টইটম্বুর খাল। সাঁতরে ওপারে চলে যায়।
তারপর ওপারের মাঠে গিয়ে
গাপুস গুপুস
হাপুস হুপুস।
ঘাস খাওয়া শুরু করে।
আহা! কী মজা মায়াখালের ওপারের ঘাস। কচি কচি।
এক খাবলা খায়, আর একটু করে বড় হয়।
খেতে খেতে প্রথমে হয় মহিষের সমান।
ওর খিদে আরও বেড়ে যায়।
আরও ঘাস খেতে শুরু করে।
খেতে খেতে খেতে হয়ে যায় হাতির সমান।
আরও খিদে বেড়ে যায় ওর। আরও খেতে শুরু করে। আর আরও খেতে খেতে খেতে...
হয়ে যায় হাতির চেয়েও বড়। ইয়া বড়!
চারটা হাতির সমান। দৈত্য একটা গরু।
দৈত্য হয়েই দুই খাবলায় খেয়ে শেষ করে। কী?
মায়া খালের ওপারের ঘাস। তবু যে খিদে মিটল না!
ওপার থেকেই হাঁক দিল—হাম্বা-আ-আ-আ-আ...
ওরে বাপরে! পিলে চমকানো ডাক। ডাকতে ডাকতে এক লাফেই খাল পেরোল। এল এপারে। খেতে শুরু করল এপারের মাঠের ঘাস। এক খাবলায় শেষ। তবু খিদে মিটল না দৈত্য গরুর। এবার তাকাল খড়ের গাদার দিকে। একে একে গাঁয়ের সব গাদার খড় খেয়ে ফেলল। তারপর হাঁক দিল—হাম্বা-আ-আ-আ...
তবুও খিদে মিটল না।
এবার ছুটল পাশের গাঁয়ে।
এত বড় গরু দেখে ভয় পেল গাঁয়ের মানুষ। অনেকের চোখ উঠে গেল কপালে। এত বড় গরু!
জীবনে দৈত্য দানোর কথা অনেক শুনেছে। তাই বলে দৈত্য গরু! কখনো শোনেনি কেউ। কী তেজ! কী হাঁকডাক! হাম্বা-আ-আ-আ...
হাম্বা ডাকেই চমকে যায় পিলে। ওই ডাক শুনে কয়েক চাষি তো জ্ঞান হারিয়ে পড়ে রইল মাঠে।
ভয়ে এদিক-ওদিক ছুটতে লাগল বাকিরা।
ওদিকে দৈত্য গরু ঢুকল পাশের গাঁয়ে। এক গ্রাসে পুরো একটা খড়ের গাদা মুখে নিল। তারপর ছুটতে ছুটতে জাবর কাটতে লাগল। কী তার জাবর কাটার শব্দ! মনে হয় মেঘের গর্জন।
খেতে খেতে সব গাদা খেয়ে শেষ। তবু খিদে মিটল না। ইয়া বড় এক হাঁক দিল—হাম্বা-আ-আ-আ-আ....
ছুটল পরের গাঁয়ে। এ গাঁয়েরও সব খড় খেয়ে ফেলল।
একে একে আট-দশ গাঁয়ের খড় খেয়ে শেষ। তারপর দম নিতে বসল এক মাঠে। আর বসে বসে হাঁক দিতে লাগল—হাম্বা-আ-আ-আ-আ
গাঁয়ের অন্য গরুরা কিন্তু খেপে গেছে। ওদের কোনো খাবার নেই। ঘাস, বিচালি, খড়। সব খেয়ে শেষ করেছে ওই দৈত্য গরু।
কিছু গরু ছিল মাঠে। কিছু ছিল খোঁয়াড়ে। কিছু গরুর গলায় দড়ি বাঁধা ছিল। কিছু গরুর ছিল না। ছাড়া গরুগুলো একজোট হলো।
বাঁধা গরুগুলোকে মুক্ত করল। তারপর পিল পিল করে রাস্তায় বেরোল।
কত রকম গরু! লাল, সাদা, কালো, হলুদ। সাদা-কালো। লালা-সাদা। কালো-লাল। হলুদ-কালো।
বড় গরু, ছোট গরু। গাই গরু। ষাঁড় গরু। বাচ্চা গরু। জোয়ান গরু। বুড়ো গরু। মোটা গরু। সরু গরু।
সব গরু এল সেই মাঠে। ওখানে তখনো বসে ছিল দৈত্য গরুটা। বসে বসে হাঁক দিচ্ছিল—হাম্বা-আ-আ-আ-আ...
গরুর বিশাল পাল দেখে খেপে উঠল দৈত্য গরু। আরও জোরে চেঁচিয়ে উঠল—হাম্বা-আ-আ-আ...
এই গরুরা কিন্তু ভয় পেল না। একসঙ্গে হাঁক দিল সবাই—হাম্বা-আ-আ-আ-আ...
আর কী অবাক! সবগুলো গরুর হাম্বা শুনে ভয় পেল দৈত্য গরু। আর ভয় পেয়েই ছোট হতে লাগল। ছোট হতে হতে হয়ে গেল এবার হাতির সমান।
আবার হাঁক দিল গরুগুলো—হাম্বা-আ-আ-আ....
ছোট হতে লাগল হাতিসমান গরুটা। ছোট হতে হতে হয়ে গেল মহিষের সমান।
আবার হাঁক দিল এই গরুরা—হাম্বা-আ-আ-আ...
ছোট হতে লাগল মহিষসমান গরুটা।
হয়ে গেল এবার গরুর সমান। আগে যেমন ছিল।
আবার হাঁক দিল এই গরুরা—হাম্বা-আ-আ-আ...
কী অবাক! আরও ছোট হয়ে গেল গরুর সমান গরুটা।
হয়ে গেল এইটুকুন। একটা ছাগলের সমান।
ভাগ্যিস গরুগুলো আর হাঁক দেয়নি। নইলে আরও ছোট হয়ে যে কী হতো, কে জানে।
এবার হাঁক দিল ছাগলের সমান গরুটা।
হাম-ব্যা-ব্যা-ব্যা-ব্যা...
ব্যা-ব্যা-ব্যা...
ব্যা-ব্যা-ব্যা...
ব্যা-ব্যা-ব্যা...