
আমার অফিসের টেবিলের পেছনে যে বোর্ডটা আছে, তাতে আমি একটা বাণী পিনে গেঁথে রেখেছি। কম্পিউটারে এ-ফোর সাইজের কাগজে ইংরেজিতে লিখে প্রিন্ট নিয়ে সেটা আমি আমার চোখের সামনে ঝুলিয়ে রেখেছি এমনভাবে, যাতে সারাক্ষণ এটা আমার চোখে পড়ে। কথাটা হলো:
ফর্মুলা নম্বর ১: দ্য বস ইজ অলওয়েজ রাইট।
ফর্মুলা নম্বর ২: ইফ দ্য বস ইজ রং, সি ফর্মুলা নম্বর ১।
আমরা চারজন তরুণ ইঞ্জিনিয়ার। একটা কন্সট্রাকশন ফার্মে কাজ করি। আমাদের মালিক কাম এমডিও একজন ইঞ্জিনিয়ার। তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বাইরের কিছু কনস্ট্রাকশনের কাজে কনসালটেন্সি করার জন্য। আমরা একটা বেসরকারি স্কুলভবন নির্মাণ করছি। এরপর আমরা একটা বাগানবাড়ির কাজ করব। কথা পাকা। আরেকটা হাসপাতাল হওয়ার কথা দিনাজপুরে। সেই কাজটাও আমরা পাব বলে মনে হচ্ছে।
ঢাকার লালমাটিয়াতে আমাদের অফিস। আমাদের বস একজন ইতিহাসবিদ। মানে তিনি কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করেছেন বলে আমরা প্রায়ই শুনে থাকি। তিনি নিজেই বলেন।
তাঁর গাত্রবর্ণ কালোজামের মতো। তিনি লম্বা, শুকনো, তাঁর নাকের নিচে গোঁফ আছে, শজারুর কাঁটার মতো। আড়ালে-আবডালে আমরা তাঁকে পোড়া শুকনো মরিচ বলে ডেকে থাকি। তিনি সারাক্ষণ কম্পিউটারে পর্নো ছবি দেখেন। এই অফিসে এটাই তাঁর সার্বক্ষণিক কাজ। আর একটা কাজ অবশ্য তিনি করে থাকেন, আমাদের চারজনকে ঝাড়ি মারেন। এটা তাঁর অন্যতম প্রধান কাজ।
চারজন ইঞ্জিনিয়ার ছাড়াও আমাদের অফিসে একজন অ্যাকাউন্ট্যান্ট, দুজন অফিস সহকারী আছেন। এর বাইরে কনট্রাকটর-সাপ্লায়াররা সারাক্ষণ আসা-যাওয়া করছে। একজন আর্কিটেক্টও আছেন, তিনি আমাদের সঙ্গে অফিস করেন না, কোনো কাজ থাকলে আমরাই তাঁর কাছে যাই, তিনি তাঁর অফিস থেকেই আমাদের কাজ করে দেন।
সেদিন খুব গরম পড়েছে। অফিসে এসি ছেড়ে দিয়েও আমরা গরমে হাঁসফাঁস করছি। এই সময় আমাদের বস কাশেম আলী (পোড়া শুকনো মরিচ) বললেন, উফ্, ঠান্ডায় মারা যাচ্ছি।
আমরা পরস্পর মুখ-চাওয়াচায়ি করতে লাগলাম।
তিনি এসির রিমোট হাতে নিয়ে এসি বন্ধ করে দিলেন।
আমি বললাম, বস, আজকে তো খুব গরম। আজকে ৩৯ ডিগ্রি। রেকর্ড।
বস বললেন, কে বলল?
আমি টেলিভিশনের খবরে শুনলাম।
বস বললেন, শোনা কথায় বিশ্বাস নাই। আমার ঠান্ডা লাগছে। আমি ঠকঠক করে কাঁপছি। আমি তোমার কথা বিশ্বাস করব, নাকি আমার নিজের শরীরকে বিশ্বাস করব।
আমি বললাম, বস, হতে পারে, আপনার ফ্লু হয়েছে, জ্বর আসছে, সে জন্য ঠান্ডা লাগছে।
বস বললেন, আমার ফ্লু হবে কেন? আমি ফ্লুর টিকা নিয়ে রেখেছি। আজকে ঠান্ডাই পড়েছে।
এসি বন্ধ। দরজা-জানালাও বন্ধ। অফিসে বসে আমরা ঘামছি।
আবার যেদিন খুব ঠান্ডা, বাইরে-ভেতরে ঠান্ডার চোটে টেকা যায় না, সেদিন বস অবশ্যই এসি অন করবেন। তারপর কোটটা খুলে চেয়ারে ঝুলিয়ে দিয়ে কম্পিউটারে কোনো পর্নো ছবি ছেড়ে দিয়ে বলবেন, উফ্, গরমে টেকা দায়।
তিনি যে পর্নো সাইট দেখেন, এটা আমরা কীভাবে বুঝি।
একদিন তিনি বলছেন, এই পত্রিকাটা তো যা-তা খারাপ, বাজে...এই পত্রিকার ওয়েব পেজে পর্নো সাইটের অ্যাড আসে কেন।
আমরা উঁকি দিলাম তাঁর কম্পিউটারের পেজে। সত্যি, ঢাকার একটা বিখ্যাত কাগজের অনলাইন এডিশন খুললে পর্নো সাইটের অ্যাড আসছে।
আমাদের মধ্যে রেজা খুবই চটপটে। সে সঙ্গে সঙ্গে ওই পত্রিকাটা হাতে তুলে নিয়ে শেষ পৃষ্ঠায় চলে গেল। টেলিফোন নম্বর বের করে পত্রিকা অফিসে ফোন করে বসল।
শুনুন, দায়িত্বশীল কোনো কর্তাকে দিন, কোনো বড় সাংবাদিককে। জি, জরুরি খবর আছে। জি, শুনুন, আপনাদের কাগজের ওয়েবসাইটে গেলে পর্নোগ্রাফি আসে কেন? রেজা ফোনে বলল।
ওপাশ থেকে কী বলে, জানার জন্য আমরা কান খাড়া করে আছি। রেজা ফোনের স্পিকার অন করে দিয়েছে। ওপাশ থেকে বলল, এটা আমাদের পত্রিকার অ্যাড নয়, যদি কেউ তার কম্পিউটারে সারাক্ষণ পর্নোগ্রাফি দেখে, তখন তার কম্পিউটার ওই অ্যাড্রেসটা মনে রাখে, তারপর আমাদের পত্রিকা খুললে তিনি তার প্রিয় পর্নোগ্রাফি সাইটের বিজ্ঞাপন দেখতে পান। এটা অফ করার উপায় ওই কম্পিউটারের ব্রাউজারেই আছে। হিস্ট্রি মনে রাখার অপশন বন্ধ করে দেন।
আমাদের সবার মুখ চুন হয়ে গেল। আমাদের বস কাশেম আলী (পোড়া শুকনো মরিচ) বললেন, এই পত্রিকাটা রাখাই বন্ধ করে দেব। কী সব ফালতু কথা বলে। এই কম্পিউটারে কে বাজে সাইট দেখবে। অবশ্য বলা যায় না, আমি চলে যাওয়ার পর আমার কম্পিউটারে কেউ কিছু করে কি না।
আমরা বললাম, বস, আপনার সিসিটিভি ফুটেজ চেক করি। রাতের বেলা কেউ আপনার কম্পিউটার খোলে কি না, পরীক্ষা করে দেখি।
তিনি বললেন, না, দরকার নাই।
আমাদের মধ্যে পাভেল আইটি এক্সপার্ট। বস বললেন, পাভেল, আমার কম্পিউটারটা ঠিক করে দাও তো।
পাভেল তার কম্পিউটারে হাত দিল। ব্রাউজিং হিস্ট্রি চেক করল। পরে এসে আমাদের সে বলল, খালি পর্নোগ্রাফি, খালি পর্নোগ্রাফি। পোড়া শুকনো মরিচের তো প্রিয় মনে হচ্ছে যত পারভারটেড জিনিসপাতি আছে।
আমরা একটা কাজ করলাম। বসের পেছনে একটা সুন্দর পেইন্টিং ঝুলিয়ে দিলাম। পেইন্টিংটার একটা বৈশিষ্ট্য আছে। কাজী রাকিব নামের এক শিল্পী আয়নায় ছবি আঁকেন। সেই ছবিটা আমরা বসের চেয়ারের পেছনে লাগালাম। এখন বসের কম্পিউটারের পর্দা আমরা আয়নায় দেখতে পাই।
বসের স্বভাব বদলাল না।
শিহাব গেছে বসের রুমে। বস, দিনাজপুরের সাইটে যেতে হবে, আমাকে ১০ হাজার টাকা অ্যাডভান্স দেন। আমি ফরম ফিলাপ করেছি। আপনি একটা সাইন দিয়ে দেন।
বস বললেন, আমি সাংঘাতিক একটা জরুরি কাজ করছি। তুমি পরে আসো।
শিহাব বলল, বস, মেয়েটা বেশি বাচ্চা। বাচ্চা মেয়েদের ছবি দেখলে আমেরিকা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে।
বস বললেন, মানে কী?
শিহাব বলল, চাইল্ড পর্নোগ্রাফি সারা পৃথিবীতে সাংঘাতিক ক্রাইম। আমেরিকানরা এই ধরনের সাইটে গোয়েন্দা লাগিয়ে রাখে। যারা দেখে, তাদেরও ধরে নিয়ে যায়।
আমি পর্নোগ্রাফি দেখছি কে বলল।
শিহাব বলল, বস, আপনার চশমার আয়নায় পুরো কম্পিউটারের পর্দার রিফ্লেকশন দেখা যাচ্ছে।
শিহাবের চাকরি চলে গেল।
শিহাবকে আমরা মন খুলে বিদায়ও দিতে পারলাম না। যাওয়ার সময় শিহাব কাঁদছিল।
ওর চাকরিটার খুব দরকার ছিল। ওর মা কিছু করেন না, বাবার হঠাৎ স্ট্রোক করেছে। ওর বেতন দিয়েই সংসার চলে।
আমাদের অফিস বড় হচ্ছে। আমরা হাসপাতালের কনস্ট্রাকশনটা পেয়ে গেছি। ৫৯ কোটি টাকার কাজ। এখন আমাদের এমডি প্রফেসর করিমও মাঝেমধ্যে অফিসে আসেন। তবে আমাদের কাশেম আলী ওরফে পোড়া শুকনো মরিচ এখনো এই অফিসের বস রয়ে গেছেন। আর হম্বিতম্বিও বেড়েছে। কার কী প্রমোশন হবে, কার বেতন বাড়বে, কার বেতন কমবে—সব দেখেন কাশেম আলী।
আমাদের অফিসে তিনজন নারী কর্মী জয়েন করেছেন। তাঁদের মধ্যে দুজন তরুণ আর্কিটেক্ট। দীপা আর শায়লা।
দীপাকে দেখেই আমার বুকের মধ্যে রাগরাগিণী খেলা করতে শুরু করেছে।
কথার কথা নয়। সিরিয়াস কথা।
দীপাকে বললাম, দীপা, তোমার প্রিয় সংগীতশিল্পী কে?
দীপা লম্বা, ফরসা, তার মুখ চৌকোনো, চোখ দুটো ভাসা-ভাসা, দাঁতের ওপরে একটা অতিরিক্ত দাঁত আছে বাম মাড়িতে, সে সব সময় বাদামি রঙের জামা পরে, তাকে দেখলে যদি কেউ মুগ্ধ না হয়, সে মানুষই নয়।
দীপা বলল, আমি তো পণ্ডিত অজয় চক্রবর্তীর গান শুনি।
এরপর থেকে আমি রাগরাগিণী শুনতে শুরু করে দিলাম।
আজকে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা। টিভিতে খেলা দেখাচ্ছে। আমরা আমাদের কনফারেন্স রুমের টিভিতে খেলা দেখছি।
কাশেম আলী এলেন। আমরা সবাই দাঁড়ালাম। কাশেম আলী (পোড়া শুকনো মরিচ) টিভির দিকে তাকিয়ে বললেন, খেলা হচ্ছে নাকি?
জি বস।
ক্রিকেট?
জি বস।
জানো তো আমি খুব ভালো ক্রিকেট খেলতাম।
তাই নাকি বস! কী করতেন, ব্যাটিং না বোলিং?
অলরাউন্ডার।
তাইলে তো বস আপনি ভালো ফিল্ডিং দিতেন।
বস হারুনের দিকে তাকালেন। বললেন, আমি ফিল্ডিং মারতাম না। আমি খুবই লক্ষ্মী টাইপের ছেলে ছিলাম। কার কার খেলা হচ্ছে, ব্যান মানে বাংলাদেশ, অস মানে অস্ট্রিয়া। অস্ট্রিয়া কেমন দল? ইউরোপের এই দেশগুলোর লোকসংখ্যা তো লালমাটিয়ার লোকসংখ্যা থেকেও কম।
দীপা বলল, অস্ট্রিয়া না বস, অস্ট্রেলিয়া।
বস বললেন, দীপা, তুমি কি ডিজাইনটা শেষ করেছ। ডিজাইন শেষ না করে খেলা দেখছ কেন? যাও। কালকের মধ্যে কাজ শেষ করে জমা দেবে। দীপার মুখ শুকিয়ে গেল।
আমি বললাম, দীপা, তুমি আমার ডেস্কে আসো।
দীপা এল। তার চোখ ফোলা ফোলা।
আমি বললাম, দীপা, আমার ডেস্কের পেছনে দেখো আমি কী লাগিয়ে রেখেছি?
কী?
ফর্মুলা নম্বর ১: দ্য বস ইজ অলওয়েজ রাইট।
ফর্মুলা নম্বর ২: ইফ দ্য বস ইজ রং, সি ফর্মুলা নম্বর ১।
দীপাকে পড়ে শোনালাম। দীপা বলল, বস বলবেন বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার খেলা হচ্ছে, আর আমরা সেটাকেই ঠিক বলে মনে করব?
আমি বললাম, সি ফর্মুলা নম্বর ওয়ান। দ্য বস ইজ অলওয়েজ রাইট।
পরের দিন দীপা বেরিয়ে এল কাঁদতে কাঁদতে। সে ডিজাইন শেষ করেই নিয়ে গিয়েছিল। বস ইতিহাসের ছাত্র। ডিজাইনের তিনি কচুও বোঝেন না। তিনি বললেন, ডিজাইনটা তো আমাকে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এইটার কভার পেজ কই? তুমি কান্তজীয় মন্দির কেন লিখেছ। এটা হবে কান্তজীর মন্দির।
দীপা বলল, বস, সবাই কান্তজীর মন্দির বলে। কিন্তু শুদ্ধ কথাটা হলো কান্তজীয়।
আমি ইতিহাসের ছাত্র। আমাকে ইতিহাস শেখাতে আসবে না। যাও। এটা ঠিক করে আনো।
দীপাকে রাত ১০টা পর্যন্ত অফিসে আটকে রাখলেন।
আমিও কাজের ভান করে অফিসে রয়ে গেলাম।
দীপাকে রিকশায় করে ওর বাসায় পৌঁছে দেব। রাত ১০টা। একটা রিকশা নিয়ে দুজনে চলেছি। আমি আসাদ, বুয়েট থেকে পাঁচ বছর আগে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছি, উচ্চতা ৫ ফিট ৭, গাত্রবর্ণ শ্যাম, দাঁত উঁচু, ইদানীং উচ্চাঙ্গসংগীত শুনি, দীপার পাশে বসে আছি। রিকশা চলছে। দীপা কাঁদছে। অনেক কষ্ট করে সে ডিজাইন শেষ করে এনেছে। বস তখন অফিসে ছিল না। তাকে বলা হয়েছিল, বসকে রাতের বেলা ই-মেইল করে দিতে। সে ই-মেইল করেছে। এই সময় বস তাকে ফোন করে বলেছে, তোমার ই-মেইল করার কথা, করেছ? দীপা বলেছে, করেছি বস। কই, আমার মোবাইলে তো কোনো ই-মেইল দেখছি না।
পাঠিয়েছি বস। আমি রিচেক করছি। এই তো সেন্ট দেখাচ্ছে।
আমার সঙ্গে তর্ক করবে না। পাঠালে আমি পাব না কেন।
দীপা কাঁদছে। বৃষ্টি শুরু হলো। আমরা হুড তুলে দিলাম। রিকশাওয়ালা বলল, পর্দা দিমু।
দীপা বলল, দরকার নাই।
আমি টিসু পেপার এগিয়ে দিলাম। আমার কাছে টিসু পেপার ছিল। দীপা বলল, দরকার নাই। বৃষ্টির পানিতে কান্না ধুয়ে যাবে।
২.
বস বললেন, এই, এমডি স্যারের রুমে এটা কী?
এটা কী আমি জানি না, বস। আমি বললাম।
এটায় লেখা ডিফেন্স স্প্রে। বস বললেন।
সেটা কী, বস?
জানো না এটা। এটা হলো খুব ভালো বডি স্প্রে। আর্মিরা বগলে দেয়। মুখে দেয়। তাতে তাদের বডিতে প্যারেড করার পরও দুর্গন্ধ হয় না।
আমি তর্ক করলাম না। কারণ, বস ইজ অলওয়েজ রাইট।
আমি কোম্পানির নামটা আর ডিফেন্স স্প্রে কথাটা গুগল করলাম। গুগল বলল, এটা পিপার স্প্রে। এটা চোখে-নাকে মারা হলে আক্রান্ত ব্যক্তির চোখে-মুখে-নাকে মরিচের গুঁড়া ঢুকে যাবে। সে চোখে দেখবে না। শ্বাস নিতে পারবে না। ধপাস করে পড়ে যাবে। এটা মেয়েরা রাখে কোনো রেপিস্ট তাকে আক্রমণ করলে আত্মরক্ষা করার জন্য। পুলিশও রাখে, কোনো অস্ত্রধারী ক্রিমিনালকে কবজা করার জন্য।
৩.
আজও দীপাকে রাতে থাকতে হবে।
বস নিজেও থাকবেন।
আমি ঠিক করলাম, আমিও থাকব।
বস বললেন, আসাদ, যাও তো, দেখো তো মীনাবাজারে বরফ পাওয়া যায় কি না। আমার একটু বরফ দরকার।
আমি বললাম, বস, ফরিদকে পাঠাই।
ফরিদ আমাদের অফিসের পিয়ন।
বস বললেন, না না, ফরিদ থাকুক। তুমিই যাও।
ইচ্ছা হচ্ছিল না। আমি ফরিদকে বললাম, ফরিদ তুমি যাও। দেখো আইস পাও কি না। আমি অফিসের কোনাকাঞ্চিতে লুকিয়ে থাকি।
বস এমডির রুমে বসলেন। কম্পিউটার অন করলেন। একটা পর্নোসাইট চালাতে শুরু করলেন।
পর্নোগ্রাফি দেখতে দেখতে তিনি ডাকছেন, দীপা দীপা।
দীপা এমডির রুমে গেল।
বস ডিফেন্স স্প্রেটা হাতে নিলেন। নিজের নাক বরাবর নিজেই মারলেন। পিপার স্প্রে। তাঁর চোখে-মুখে স্প্রে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি একবার শুধু ও বাবা রে বলতে পারলেন। তারপর চেয়ার থেকে নিচে পড়ে গেলেন। তিনি ও বাবা ও মাগো বলে চিৎকার করছেন। চোখ গেল চোখ গেল।
কোনা থেকে বেরিয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলাম আমি। বস বললেন, পানি পানি। আমি গুগল পড়ে দেখেছি, এই রোগের চিকিৎসা হলো পেট্রল। পানি দিলে আরও ক্ষতি হবে। তিনি পানি চাইছেন, আমি পানি এগিয়ে দিলাম।
বস ইজ অলওয়েজ রাইট।
চোখে পানি দেওয়ায় তার চোখের জ্বালা আরও বেড়ে গেল। আমরা তাকে নিয়ে হাসপাতালে ছুটলাম।
এমডির রুমে পর্নোগ্রাফি চলছে। কম্পিউটার অন করা।
পরের দিন এমডি এসে সব শুনলেন।
কাশেম আলী তথা পোড়া শুকনো মরিচের চাকরি চলে গেল।
কারণ, কাশেম আলী এমডির রুমে একটা হুইস্কির বোতলও এনেছিলেন। সব পড়ে আছে প্রমাণ হিসেবে। আর অন করা কম্পিউটারে একটার পর একটা পর্নোসাইট আপনাআপনিই খুলে যাচ্ছিল।