নাইটকোচ: মোসায়ের আহমেদ
বাংলাবান্দা থেকে ঢাকাগামী এসি নাইটকোচের নিয়মিত যাত্রী ও। বন্দোবস্ত করাই থাকে। সুপার ভাইজার আর ড্রাইভারও একটা ভাগ পান। ঠাকুরগাঁও ছেড়ে বাস আগাতেই কাজে নেমে পড়ে। যাত্রীরা অধিকাংশই তখন ঘুমে ঢুলছে। সাবধানে যাত্রীদের মাথার ওপরের সেলফে রাখা ব্যাগগুলো চেক করতে থাকে ও। সুবিধামতো স্যুটকেস পেয়ে চেন খুলে হাত গলিয়ে দেয় ও ভেতরে।
এত ঠান্ডা কেন?
ভেজা কিসে যেন হাত পড়তেই কেঁপে ওঠে ও।
এ তো চুল!
ধীরে ধীরে হাতের স্পর্শে একটা মুখের আদল পায় ও।
ভাবার আর সময় হয় না। বিপরীতমুখী ট্রাকের হেডলাইটের আলোয় দেখতে পায় পেছনের সারির সিট থেকে ওর দিকে চেয়ে রয়েছে একজোড়া চোখ!
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]