নিম ফুলের ভালোবাসা: সানজিদা শহীদ
মোটা ফ্রেমের চশমা পরা,ভীষণ পড়ুয়া এই আমি একদিন অয়নের হাত ধরে নেমে পড়েছিলাম অচেনা কোনো এক স্টেশনে।
অঘ্রানে ধান কাটা খেতে শুয়ে ও আমাকে শেখাত তারা গোনা, পৌষের সকালে নতুন গুড়ের চা খেতে খেতে ব্যাখ্যা দিত ভালোবাসার।
মাঘের রাতে টিনের ঘরে ভাগাভাগি করতাম আমরা আমাদের শরীরের উষ্ণতা। হুটহাট উঠে পড়তাম মেম্বারের নতুন কেনা ইঞ্জিনের রিকশায়। ও বলত, জানো তো, রিকশা পাশাপাশি বসা দুটো মানুষকে কাছে নিয়ে আসে।
একদিন একমুঠো নিমফুল হাতে গুঁজে দিতেই ও আমার চোখের দিকে তাকিয়ে অবাক হয়েছিল, বুঝেছিল আমি ভালোবাসতে শিখে গিয়েছি। কিন্তু ওর দৃষ্টি ছিল সেদিন বিষণ্ন, ঝাপসা।
ঝুম বর্ষার এক সন্ধ্যায় আমাকে একা রেখে চলে গেল। প্রচণ্ড শ্বাসকষ্ট, জ্বরে মৃত্যুর কাছে পরাজিত হয় ও।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]