নেই
দীর্ঘ বিচ্ছেদের পর যখন আমাদের দেখা হয়, তখন পৃথিবীতে পাখির ডাক ফিরে এসেছে৷ অস্তগামী সূর্যের শেষ আলোয় আমরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছি লাল আভাটুকু গায়ে মেখে৷ মৌনতা ভেঙে আমি বলি, ‘কেমন আছ?’
আছি৷
অনেক দিন, তাই না?
হুম৷
শুকিয়ে গেছ৷
না তো, মোটা হয়েছি৷
তোমার বাগানবিলাস গাছ?
ছাদ পর্যন্ত উঠেছে৷
আর হাস্নাহেনা?
প্রচুর ফুল৷
ভালোই আছ তাহলে?
তার খবর কী?
থাক ওসব৷
কিছুক্ষণের নীরবতা৷ তারপর মাথা তুলে তীব্র অভিমানে ভেঙে পড়তে পড়তে বললে, ‘পারলে তুমি?’
আমি ভাষা খুঁজে পাই না৷ দুহাতে কাছে টেনে নেব—এমন সময় চরাচর কাঁপিয়ে ছাগলের ডাক৷ দড়িতে প্যাঁচ খাওয়া দুটো ছাগলকে মুক্ত করে ফিরে এসে দেখি তুমি নেই!
নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]