মাটি ও মানুষের কথাশিল্পী শওকত আলীর প্রথম মৃত্যুদিন আজ। এ উপলক্ষে ছাপা হলো তাঁর অপ্রকাশিত একটি গল্প, যেখানে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশ।

সকাল থেকে ভিড়। লোকজন খালি শহরের দিকে যাচ্ছে। শহরে আজ বোধ হয় কোনো উৎসবের আয়োজন হয়েছে। জোয়ান, বুড়ো, বাচ্চা একের পর এক আসছে। হুজুরালি বইঠা বেয়ে চলেছে সকাল থেকে। রোদপোড়া কালো মুখ, তার ওপর খোঁচা খোঁচা পাকা দাড়িগোঁফ। লোকটার চুল সাদা, দাড়িগোঁফ সাদা, এমনকি ভুরুজোড়া পর্যন্ত সাদা। হাতের চামড়া ফাটা ফাটা—খসখসে। সে ঝুঁকে ঝুঁকে বইঠা টান দিয়ে চলেছে। বুড়িগঙ্গা নদীর স্রোত মন্থর, কিন্তু পানিতে ঘোলাটে ভাব—নতুন পানির নিশানা বোঝা যায়। উজানে কোথাও জোর বৃষ্টি হয়ে গেছে।
চৈত্রের রোদ বড় করুণ। তবে রক্ষা যে বাতাসটা আছে। চরের ওপর দিয়ে বালু উড়িয়ে নিয়ে আসে তুমুল বাতাস। তাতে একেক সময় নৌকার মাথা ঘুরে যায় ডাইনে অথবা বাঁয়ে। তখন আবার বইঠার টানে নৌকার গলুই সোজা রাখতে হয়।
ঘাম হচ্ছে পরিশ্রমের ফল। বেশি ঘাম হলে তখন বুড়ো হাত নামিয়ে দিচ্ছে নিচে, পানি তুলে মুখে-চোখে ঝাপটা মারছে। তারপর লম্বা লম্বা নিশ্বাস নিতে নিতে ঘাড় নিচু করে পানির রং দেখতে দেখতে হুজুরালি বইঠায় নদীর স্রোত কাটছে। যেন অনন্তকাল ধরে এই কাজটি তাকে করে যেতে হবে।
মানুষের জীবনের রং কি দেখা যায় নদীর পানিতে?
কী দেখো হুজুরালি? ও দাদা, কী দেহো পানির ভিতর? বাচ্চা ছেলেটার প্রশ্ন।
হুজুরালি হাসে, না কিছু দেখে না সে। কথাটা উচ্চারণ করে না সে, কিন্তু তার হাসিতে বোঝা যায়।
বুড়োর হাসিটা ভারি বিষণ্ন। মুখে থাকে বিষণ্ন²একটা ভাব। সেই বিষণ্ন²মুখে ঠোঁট দুখানিতে শুধু আলগা টান পড়ে। ওইটুকুই তার হাসি। হাসি বলো, আলাপ বলো—সব ওই ঠোঁটের টানটুকুর মধ্যে ধরা।
তিন নম্বর খেয়াটা দেওয়া হয়ে গেলে বুড়োর শাগরেদ বাচ্চা কাঞ্চন আলি বুড়োকে ধরে বসল, দাদা, খাইবেন না? হক্কাল থেকে প্যাটে কিছু পড়ে নাই, লন কিছু খাই।
বুড়ো ছেলেটার ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে দেখল খানিক, তারপর চারটে সিকি বার করে দিল কাঞ্চন আলির হাতে। কাঞ্চন আলি জানে কী করতে হবে। সে নৌকা থেকে নেমে তড়বড় তড়বড় করে উঁচু খাড়া পাড় বেয়ে ওপারের দিকে উঠে গেল। আর ওই সময় বুড়ো গলুইয়ের ওপর স্থির হয়ে বসল। সওয়ারি এল দু-চারজন। কিন্তু সে কোনো আগ্রহ দেখাল না। তারা অন্য নৌকায় চাপতে চলে গেল। বুড়ো ওই সময় পানির রং দেখছিল। তার দৃষ্টিতে ধ্যান ছিল, মনে নিস্পৃহ একটা ভাব ছিল এবং স্মৃতির ভেতর কোথাও কিছু তীব্র হয়ে ফেটে পড়তে চাইছিল। বুড়োর মনে পড়ে গোটা পরিবারসহ গ্রামের বাড়ি প্রলয়ংকরী সত্তরের ঝড়ে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর একমাত্র যুদ্ধে যাওয়া ছেলে মিলিটারির গুলিতে মারা পড়ল।
স্রোত বড় ধীর। চৈত্রের বাতাস বইছে এবং তাতে নদীর বুকে ঢেউ উঠছে, ইতিমধ্যে আবার নদীতে মাঠ-ময়দানে পানি এসে মিশেছে, কিন্তু তবু নদীর স্রোত বড় ধীর। ওই ধীর স্রোতের বিশাল জলরাশির ভেতর কেমন অন্ধকারের নিশানা দেখতে পায় বুড়ো একেক সময়। ওই অন্ধকার কালোর ভেতরে ফের লাল রং একেক সময় ঝলক দিয়ে ওঠে। বুড়ো অন্ধকার, আগুন, নদীর মানুষের চিৎকার—সব একসঙ্গে দেখতে ও শুনতে পায়।
এদিকে দূরে সম্ভবত গান হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি-ই—ই। বুড়ো ওদিকে মুখ তোলে খানিক। হ্যাঁ, ওদিকে একটা বাড়ি আছে—সেখানে ভদ্রলোক মেয়ে–পুরুষেরা জড়ো হয়ে সবাই গান করে একেক দিন। আজও বোধ হয় ওই রকম কোনো গানের আসর বসেছে।
হুজুরালি একবার বাঁয়ে নজর ফেরায় একবারে ডাইনে। আসলে আজ শহরে সত্যিই কিছু একটা আছে, না হলে চারদিকে থেকে এত লোক শহরের দিকে যাচ্ছে কেন? সে দেখে আর মনে মনে ভাবে।
এদিকে ওই সময়ে কাঞ্চন আলিকে ফিরে আসতে দেখা গেল। কাঞ্চন আলি ফিরে এসে হাসতে হাসতে বলল, শহরে আইজ প্রকাণ্ড উৎসব। ইশকুলের বাচ্চাদের মিঠাই বিলানো হয়েছে। হাসপাতালের রোগীদের খেতে দেওয়া হয়েছে গোস্ত-পোলাও। আর জেলখানায় যে চোরেরা থাকে তাদের জন্যও নাকি কোরমা-কালিয়ার আয়োজন হয়েছে।
কাঞ্চন আলির হাতে গোটা দুই আটার রুটি গোল করে প্যাঁচানো। তবে ছোঁড়ার ছুটি চাওয়ার চাইতে নিজের অভিজ্ঞতার কথাটা বর্ণনা করতেই যেন বেশি উৎসাহ।
ইতিমধ্যে সে হড়বড় করে বাদামতলীর ঘাট থেকে আরম্ভ করে একেবারে সদরঘাটের শিবলাকান্তি এলাকার নানান কাহিনি বলতে আরম্ভ করে দেয়। রঙিন কাগজের নিশান দিয়ে সদরঘাটের টার্মিনাল সাজানো হয়েছে, নানা রঙের পতাকা উড়ছে। রিকশার ভিড় প্রায় নেই বললেই চলে। ছেলেমেয়েরা সব সেজেগুজে ইশকুলে যাচ্ছে। হ্যাঁ দাদা, ইশকুল বন্ধ থাকবে তো—নাকি? কিন্তু দেহি মাতবরের পোলায় তার পিচ্চি ভাইগুলারে লইয়া যাইতাছে। পিচ্চিডা আমাকে দেখে একটা ভেটকি দিল। হ্যাঁ দাদা, কইতাছে হুনলাম আজই নিকি স্বাধীনের দিন?
বুড়ো মাথা নিচু করে রেখেছে সেই যে তারপর মাথা তোলেনি। মাঝখানে কাঞ্চন আলির ফিরে আসার সময় একবার মাথাটা তুলেছিল। তারপর আর ওকে মাথা তুলতে দেখা যায়নি। কাঞ্চন আলির বকরবকর শুরু হওয়ার পরও সে মাথা তোলে না। পানির দিকে নজর মেলে রাখে বুড়ো। দাদা ও দাদা, কইলেন না কেন স্বাধীনতার দিন আইজই? বুড়ো হুজুরালির কানে কথাটা গেল কি না বলা মুশকিল।
হুজুরালি মাথা না তুলেই উঠে দাঁড়ায় এবং নৌকায় যেটুকু পানি উঠেছে সেটুকু সেচতে শুরু করে দেয়।
দাদা, আইজ কিন্তু বিকেলে আমি আমু না—খাঁ গো বাড়ি মিলাদ হইব—তাগো পোলারে নিকি মাইরা ফালাইছে স্বাধীনের সুম। জব্বর খানা হইবো কইলাম দাদা—ড্যাগগুলিরে যদি দেখতেন। চাইরটা খাসি বাইন্ধা থুইছে আর একটা গরু। গরুডা জব্বর। দাদা আইজ কইলাম আমু না।
হুজুরালি রুটি দুটোর একটা নিজে নিল অন্যটা কাঞ্চন আলির দিয়ে এগিয়ে ধরল। গুড়ের টুকরোটাও সমানে দুভাগ করল। তারপর ঘাড় গুঁজে খেতে আরম্ভ করে দিল।
বদনাটা পাটাতনের নিচে ঢোকানো ছিল। কাঞ্চন আলি রুটি ও গুড় বুড়োর হেফাজতে রেখে বদনা নিয়ে আবার ছুটল। খাবার পানি না হলে চলে কেমন করে।
পাশে এসে অন্য নৌকা ভিড়েছে। সওয়ারিরা উঠছে-নামছে এ ঘাটে। আসলে নামছেই বেশি, উঠেছে কম। বিকেলে হবে আবার উল্টোটা। কিন্তু লোকদের মুখে মুখে নানান কথা টুকরো হয়ে একদিক-সেদিক হয়ে যায়। যেমন কেরানীগঞ্জ থানায় সেদিন যে ডাকাত দুটিকে ধরে আনা হয়েছিল, তারা জামিনে ছাড়া পেয়ে গেছে। শখের চরে কুতুবুদ্দিনের লাশ পাওয়া গেল, কিন্তু কে মারল তার খবরটা কেউ নিতে পারল না। আহা রে! একে একে যাইতাছে সব, স্বাধীন যারা করছে দেশটারে, হক্কলডি একে একে যাইতাছে। কেউ আবার বলে দুনিয়াডারে খাইলো সবে মিল্যা। মাতব্বর, পুলিশ, চোর, ডাকাত—সবে মিল্যা কেরমে কেরমে খাইয়া ফ্যালাইল।
এসব কথার কোনো মানে হয় না। বেহিসাবি মন্তব্য একেকজনের। তবে প্রকাণ্ড একটা জনবসতির দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে একটা ধারণা করা যায় ওই সব কথার মধ্য দিয়ে। বুড়ো হুজুরালির কানে ওই সব কথা যায় কি না, বোঝা যায় না। খাওয়া শেষ হলে সে উঠে সোজা হয়ে দাঁড়ায়। ওই সময় তার দেহের প্রকাণ্ড কাঠামোটাকে দেখা যায়। যারা তাকে দাঁড়ানো অবস্থায় কখনো দেখেনি, তাদের অবাক লাগার কথা। দাঁড়ালে নৌকা দুলে ওঠে, সেই সঙ্গে বুড়োর দেহের কাঠামোটাও দোল খায়। দু-পা এগিয়ে সে আবার নিজের জায়গায় গিয়ে বসে এবং তার বইঠাটা তুলে নেয়। কাঞ্চন আলি বুড়োকে আসন নিতে দেখে। হাঁক ছাড়ে—আহেন অক্ষনই নাও ছাড়ব—আহেন। ঘাটের যে দু-চারজন লোক ছিল, তার নৌকায় একে একে উঠে আসে। একটি মেয়েছেলে ওঠে, সঙ্গে তার বাচ্চাটি কিছুক্ষণ আগে কোনো কারণে কেঁদে থাকবে। তার গালে কাঁদার দাগ এবং তখনো থেকে থেকে ফোঁপানি উঠেছে। একজন সওয়ারি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে—পোলায় কান্দে ক্যান? মেয়েমানুষটি কোনো জবাব দেয় না। একজন তাড়া দেয়, নাও ছাড়ো, দেরি কইরো না ভাই, আমাগো কাম আছে।
লোকটার ওই কথায় কাজ হয় না। কেননা নৌকায় তখনো পাঁচজনের জায়গা খালি রয়েছে। বুড়োর মুখ নিচু, পানির দিকে নজর। পানিতে খড়কুটো ভাসছে, পানা ভাসছে, ডাবের খোলা ভাসছে। ওই আবর্জনা ভাসতে দেখে বুড়োর মনে কোনো ভাবের উদয় হয় কি না আল্লাহ জানে। তবে একইভাবে সে বেশিক্ষণ থাকে না, হঠাৎ সে মুখ ঘুরিয়ে পেছনে তাকায়। দূরে কালো মেঘ দেখা যায়। পানিতে সম্ভবত তার ছায়া পড়ে থাকবে। পানির রং এখন বদলে যাচ্ছে। নদী নিজেই তার পানির রং, আসমানের রং, রোদের রং, মেঘের রং—সব সে বদলাতে পারে। বাতাস হঠাৎ পড়ে যায়। দূরে মাইকের গান এখন স্পষ্ট কানে আসে।
আরে কী হইল, নাও ছাড়ো না বুড়া, আরোহীদের একজন প্রায় ধমকে ওঠে। ওই সময় দূর থেকে চিৎকার ওঠে—কাকা ও কাকা—নাও ছাইড়ো না গো, আমি আইতাছি—
বুড়ো হাতের আড়ালে নজর তোলে পাড়ের দিকে। দেখা যায় একটা লোক ঘাড়ে একটা বোঝা নিয়ে ছুটতে ছুটতে আসছে। লোকটাকে সে চিনতে পাড়ে রুইতপুরে কসিমুদ্দিন। গামছার গাঁট্টি নিয়ে শহরে গিয়েছিল।
কসিমুদ্দিন গাঁট্টিটি নৌকায় নামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, হালায় খামাখামি আইছিলাম। মার্কেটের দোকানগুলো খুলে নাইকা। হালাগো আজ ছুটি। কইল মাল রাখবো না। কাকা শরীরডা ভালা না গো—কী আর করা।
কাকা, ঢাকায় কোহানে নিকি মেলা বইছে? কাঞ্চন আলি জানতে চায়। হরে বাবা, মেলা বইছে। সব বন্ধ—খালি মেলা—কোনো বেচা-কিনি নাই—মাইনষে খালি ঘুইরা ঘুইরা তামাশা দেহে।
আরে মিয়া কেমুন কতা কও, অ্যাঁ? কিসের তামাশা, জানো না স্বাধীনের দিন আইজ। কত মাইনষের জান গেছে, মা-বইনের ইজ্জত গেছে—ভুইল্যা গেছেন মিয়া? এমুন দিন গেছে কেউ গুলি খাইয়া মরে নাই?
কসিমুদ্দিন লোকটার ধমকে থতমত খেয়ে যায়? সত্যিই তো, ব্যাপারটা তো তামাশার না। মানুষের জীবন বলে কথা—কী ভীষণ দিন সেসব। গোটা জিনজিরা এলাকাজুড়ে আগুন আর গুলি। সেই যে শুরু হলো—তো হয়েই চলল, নয়টা মাস। মানুষ কে কখন মারা পড়বে, ঠিক নেই কিছু। পুরোনো দিনগুলোর কথা তার স্পষ্ট মনে পড়ে। কিন্তু সে চুপ করেও থাকতে পারে না, লোকটাকে সে ভালো করে দেখতে থাকে। চেনা মুখ মনে হয় না। সম্ভবত শহরের মানুষ, কোনো কাজে নদীর পরপারে যাওয়া দরকার পড়েছে।
লোকটা তখনো বলে চলেছে, আমগো বিস্তর দোষ বুজলেন? আমরা ভুইল্যা যাই পুরানো কতা। আমরা স্বাধীন জাতি হইছি, দুনিয়ার বুকে এখন আমগো কত নাম। লক্ষ লক্ষ মাইনষের জান দিয়া, মা-বইনের ইজ্জত দিয়া—কত ত্যাগ-তিতিক্ষা দিয়া দ্যাশটা স্বাধীন হইছে—সেই কতাটা কেউ বুজে না—কন আমরা স্বাধীন দেশটার দিনটারে লইয়া মশকরা করি।
হঠাৎ একটি লোক জবাব দিয়া ওঠে, মশকরা তো আমরা করি না ভাইসাব—আমগো সেই শক্তি কি আছে—না সময় আছে। মশকরা তো ঢাকা শহরের সাহেবেরা করে। করে না?
লোকটা হঠাৎ কেন যেন খেপে যায়। আন্দাজ করা যায় না। লোকটার সঙ্গে একটি লম্বা কাঠের বাক্স। বাক্সের ডালার ফুটো দিয়ে লম্বা লাঠি। লাঠিটি বের হয়ে আছে। আন্দাজ করা যায়, সে বান্দুরার দিকে যাবে। ওদিকে ছুতোর মিস্ত্রিদের বাস।
বক্তৃতাবাজ শহরবাসী লোকটি ছুতোর মিস্ত্রির কথায় দমে না। সে আসর জমে ওঠার উপক্রম হয়েছে মনে পড়ে আরও উৎসাহিত হয়। বলতে থাকে—আপনারা আমার কতা ভুল বুইজেন না। আমি কইতেছিলাম স্বাধীনের দিনডারে লইয়া মশকরা করা উচিত না। শহরের মাইনষেরা যদি এই দিনটারে লইয়া মশকারা করে তো ভুল করে। আর কী করে হেইটা কন—রাস্তাঘাট সাজায়, গান করে, সভা করে, মিছিল করে—এইগুলো তো মশকরা না, বুজলেন এইগুলো হইল গিয়ে উৎসব—বিজয় উৎসব। মানুষ এই দিন যদি আনন্দ না করে তবে আর কুন দিন করব, আমাগো কন?
কিসে আনন্দ মিয়া? ছুতোর মিস্ত্রি লোকটি মনে হয় বেশ বেয়াড়া। বলে কাম মিলে না, কাজ মিলে না—প্যাটে ভাত পায় না মানুষ, আকাল পড়ে বছর বছর—আপনে কন আনন্দ। হুঁ? ছুতোর মিস্ত্রির কথাটি শেষ হতে না হতেই কসিমুদ্দিন আরম্ভ করে দেয়, দাদা, হক কতা কইচেন—আমরা হইলাম গরিব মানুষ—উৎসব-আনন্দ দিয়ে আমাগো কুন লাভ। দেহেন কাকারে দ্যাকহেন ওই যুদ্ধের সুম পোলা দুডারে মারল, নাতিগুলোরে মারল, পোলা বউরে লইয়্যা গেল টান দিয়া—বাড়িঘর জ্বালাইয়া দিল—তার কী লাভ হইছে কন? কাকা কুন আনন্দটা করব। আনন্দের কথা কন? মাইনষের দিয়ে চাইয়া তবে কইবেন। কাকা তো বইঠা বইয়া চলছে জনমভর। আপনারা কন আনন্দ করব?
কসিমুদ্দিনের কথার পরও বুড়ো মাথা তোলে না। একইভাবে বসে থাকে। ইতিমধ্যে আরও দুজন সওয়ারি এসে উঠেছে নৌকায়। কাঞ্চন আলির ভাবখানা দেখে মনে হচ্ছিল, নৌকার ওপর বোধ হয় রাগ করে বলল, কাকা, লন নৌকা ছাড়েন আসমানে ম্যাঘ আইতাছে। নৌকাটা ওই সময় দোলে এবং তাতে মেয়েছেলেটা বসে পড়ে, ছেলেটিকে সে দুহাতে ধরে রাখে। বোঝা যায় মা-ছেলে কেউ পারাপারে অভ্যস্ত নয়।
কসিমুদ্দিন আর ছুতোর মিস্ত্রি তখনো বকে চলেছে। শহরের লোকটির মুখে অসহিষ্ণু ভাব। বোঝা যায়, অনেক কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে। কিন্তু বেচারা সুযোগ পায় না। কেউ তার দিকে তাকাচ্ছে না। সে তবু দমে না। নতুন করে আরম্ভ করতে চায়। বলে, ভাই, আপনারা আমাকেও দুইডা কতা কইতে দ্যান—আপনেরা কইবেন, আমাকেও কইতে দিবেন না। এমুন হইলে তো চলে না—
এই পর্যন্ত বেচারা বলতে পারে। তারপর আর পারে না। কেননা বুড়ো ঠিক ওই সময় বইঠা মাটিতে ঠেকিয়ে দিয়ে একটা ঠেলা দেয়, ব্যস, নৌকা বোঁ করে ঘুরে যায়, ঝাঁকুনি খেয়ে আর শহরের লোকটি টাল সামলাতে পারে না। বেচারা শরীরে বিচিত্র একটি ভঙ্গি করে টাল সামলানোর চেষ্টা করে। কিন্তু পারে না। বেচারাকে বসে পড়তে হয়। তখন সঙ্গীটি বলে ওঠে—বহ মিয়া, বইয়্যা থাকো আর লেকচার দিতে হইব না, বহুত লেকচার দিছ।
ওই ধমকে এবং লোকটির টাল সামলানোর সময়কার বিচিত্র দেহভঙ্গি দেখে কাঞ্চন আলি হি হি করে হাসতে আরম্ভ করে। তাতে নৌকার শিশুটি আমোদ পায় এবং হাততালি দিয়ে ওঠে।
নৌকাকে এখন কিছুটা উজানে যেতে হয়। তাতে বুড়োর বিলক্ষণ কষ্ট হয়। নৌকার গতি হয়ে দাঁড়ায় খুবই ধীর ও শ্লথ। দূরে কালো মেঘ এখন পশ্চিমাকাশে ফেটে পড়েছে। বোঝা যায়, বাতাস বইতে আর দেরি নেই। মেয়েমানুষটি ওই সময় বলে ওঠে, মাঝি, জোরে বইঠা বায়েন, তুফান আইতে পারে।
কাঞ্চন আলি ওই সময় দিগন্তের দিকে তাকিয়ে দেখে। সে-ও বলে, দাদা, ম্যাঘ আইতাছে?
বুড়োর হাতে বইঠা ডাইনে-বাঁয়ে ঘন ঘন মোচড় খায় এবং দেখতে না–দেখতে নদীর স্রোত ধপাস করে এসে পড়ে নৌকাটায়।
আসমানের দৃশ্য এখন দেখার মতো হয়েছে। কালো মেঘ ফেটেফুটে ছত্রখান—আসমান ঘোলাটে করে কালো মেঘের টুকরোগুলো পুবের দিকে ছুটে যাচ্ছে। ওই ধাবমান মেঘের আগে আগে চিল ও গাঙচিলেরা উড়তে আরম্ভ করেছে। কাঞ্চন আলি হুঁশিয়ারি দেয়—দাদা, তুফান আইয়্যা পড়ল দেহি, জোরে বইঠা বাও।
বুড়োর দৃষ্টি এখন দিগন্তে। সে কাঞ্চন আলির দিকে একনজর তাকিয়ে শুধু বলল, চুপ। চুপ কইরা বইয়্যা থাক।

দেখতে না–দেখতে বাতাসের হু হু শব্দ শুনতে পাওয়া গেল এবং নৌকায় এসে লাগল বাতাসের ঝাপটা। নৌকাটা গেল কাত হয়ে। ভয় হলো, বোধ হয় নৌকাটা এক্ষুনি উল্টে ডুবে যাবে। মেয়েমানুষটি—হায় আল্লাহ, হায় আল্লাহ বলে চিৎকার করে উঠল। তার কোলের কাছের শিশুটা খুব জোরে কেঁদে উঠল। অন্য যাত্রীরা সবাই তখন বসে পড়েছে। ওই ভাবে বসে বসে কেউ বলছে। নাও ঘুরাও—ঘাটের দিকে যাও—নাও ডুইবা যাইব কইলাম। কাঞ্চন আলি আবার চিৎকার করে উঠল। ওই সময় একটা ঢেউ এসে পড়ল নৌকার গায়ে। ওই ঢেউ দেখেই চিৎকারটা করেছিল কাঞ্চন আলি। আর সে জন্যই তাকে ভয়ানক ধমক দিয়ে উঠল, অ্যাই চোপ-চুপ কইরা থাক। কতা কবি না।
চর থেকে উড়িয়ে আনা ধুলোবালিতে অন্ধকার হয়ে গেছে চারদিক। চোখ মেলে রাখা যায় না। নৌকা ঢেউয়ের মাথায় উঠছে আবার পরক্ষণে নামছে। ওই সময় দুটি লোক পানিতে ঝাঁপিয়ে পড়ল। বুড়ো তখন আর বসে নেই। উঠে দাঁড়িয়েছে আর সমানে কখনো ডাইনে কখনো বাঁয়ে বইঠা চালাচ্ছে। কয়েকবার পানির ঝাপটা এসে পড়ল নৌকার ওপর। নৌকার এখন দিগ্বিদিক নেই। কোন দিকে যে যাচ্ছে বোঝা যায় না। যে বুড়ো সহজে মুখ খোলে না সে এখন অনর্গল কথা বলে চলেছে।
র, হারামি র; আস্তে—তরে দেইখ্যা ডরামু নিকি, আগে দেখি নাই তরে। কত দেখলাম তরে—হালা মরণের ডর দেখাও তুমি। চিনস না আমারে। দেহি তোর ত্যাজখান। আরে তুই দুনিয়াডারে কতবার ডুবাইলি, কতবার ভাসাইলি, তর আমারে তো লইতে সাহস নাই। লইতাছসনি আমারে ক? ক হালা? এই-ও। ফকফকাইয়্যা হাসি দেহাস—হাস বেজন্মা। তর ফকলাইনা হাসি আমি ঘুচাইয়া দিমু—এ্যাই কাঞ্চন আছসনি রে—নাকি তুইও পলাইছস। পলাইসছনি রে, পলাইয়া লাভ নাই। ও ঢাকা শহরের ভাই, আপনে কতা কন না ক্যান, অ্যাঁ? কথা কি ফুরাইয়া গেল। মিস্তিরি ভাই, আপনেও কি ডরাইয়া গেছেন? মরণরে দেহি হগালটিতে ডরায়—
এমনই অনর্গল কথা বুড়োর। মা আর ছেলেতে জড়াজড়ি হয়ে উপুড় হয়ে রয়েছে। নৌকার পাটাতনের কাঠ ধরে, মাথা নিচু করে রয়েছে অন্য সওয়ারিরা। তারা কিছু শুনছেও না, দেখছেও না। মুখে শুধু আল্লাহ আল্লাহ ডাক। পানির ঝাপটায় বাতাসের হুংকারে ওই ডাক কানে আসে না। একসময় আন্দাজ হয় যে বাতাসের দাপটটা কমে গেছে। বৃষ্টি নেমেছে জোরে। বুড়োর হুকুমের ওই সময় কাঞ্চন আলি নৌকার পানি সেচতে আরম্ভ করে দেয়। দেখা গেল প্রকাণ্ড পারাপার নৌকা পাশ কাটিয়ে যাচ্ছে। পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শোনা গেল। ও মাঝি—খবরদার—হুঁশিয়ার। হুঁশিয়ার মাঝি—হুঁশিয়ার! বুড়ো হুজুরালির গলাতেও সমান তেজ।
আসিফ শওকত

