পুতলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমাদের বাড়ির সামনে প্রাচীনকালের একটা বটগাছ বেশ ডালপালা, লতাপাতা ছড়িয়ে–ছিটিয়ে চারদিক অন্ধকার করে দিয়ে তার অস্তিত্বের জানান দিচ্ছে। দূর থেকে বটগাছটাকে দেখলে যে কেউই বেশ সমীহ করবে আর বলবে, ‘ওরে বাব্বা! এর আগে এত্ত বড় ছাতা তো বাপের জন্মেও দেখিনি!’
ছাতা!
হ্যাঁ, বড়-সড় বটগাছকে দূর থেকে দেখলে অমন মেলে দেওয়া ছাতাই মনে হয়। বটগাছ থেকে দিনমান একটা ঠান্ডা হাওয়া এসে লুটিয়ে পড়ে আমাদের সামনের ঘরে। আমরা যখন সেই ঘরে থাকি, তখন মাকে আর কষ্ট করে হাতপাখা দিয়ে বাতাস করতে হয় না। সেই ঠান্ডা হাওয়া আমাদের শীতল করে তোলে। আমরা তখন সামনের ঘরের বিছানায় শুয়ে শুয়ে ঘুমাই। আড্ডা মারি।
বর্ষার সময় সেই হাওয়া যেন আরও প্রাণ পায়। সারা দিন শোঁ শোঁ করে হাওয়া বয়ে যায়। আমি তখন হাওয়ার ভেতর ডুবে থাকি। আমার ভেতর তখন প্রশ্ন জাগে, ‘আইচ্ছা, বটগাছের ঠান্ডা হাওয়া আমাগো ঘর থিকা বাইরায়া কই মিলায়া যায়!’
একদিন আমি বোকার মতো মাকে জিজ্ঞেস করলাম, ‘মা, বটগাছের ঠান্ডা হাওয়া আমাগো বাড়ি থিকা কই যায়?’
আমার কথা শুনে মা ছোট মেয়েদের মতো হি হি করে হাসলেন। মাকে দেখে মনে হলো, আমি বুঝি খুব একটা হাসির কথা বলে ফেলেছি। মা বললেন, ‘তর নানিগো বাইত।’
মায়ের কথা শুনে আমি তো অবাক!
নানিগো বাইত যায় মানে? মা বলে কী!
আমার কথা কি মা বুঝতে ভুল করেছেন, না ঠিকমতো শোনেননি।
হাওয়া আবার নানির বাড়ি যায় কীভাবে!
হাওয়া কি নানির বাড়ি চেনে যে গুটি গুটি পায়ে চলে যাবে সেখানে!
আমি আবার মাকে বললাম, ‘মা, বটগাছ থিকা যে হাওয়া আমাগো বাড়ির ওপর দিয়া যায়, হেই হাওয়া কই যায়?’
মা এবার আমার কথার জবাবে আগের মতো নানির বাড়ি বললেন না। বললেন, ‘এই হাওয়া সোজা যাইব বিক্রমপুর’ বলে মা দু হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বাইরের দিকে ইশারা করলেন। আমার মনে হলো, মা যেন তার হাত দুটোকে বিক্রমপুরের দিকে নিশানা করে রেখেছে।
এবার মায়ের কথায় সত্যি সত্যিই আমার বিশ্বাস হলো। সন্ধ্যার পর বাবা ঘরে এলে বাবাকেও আমি একই প্রশ্ন করলাম। প্রশ্ন শুনে বাবা ভালো করে আমাকে দেখলেন। মা তখন রান্নাঘরে ব্যস্ত।
আমার কথা শুনে বাবা রান্নাঘরের দিকে তাকিয়ে বেশ গম্ভীর হয়ে বললেন, ‘আগে বল, তোর এই প্রশ্নে বেগম সাহেবা কী উত্তর দিলেন?’
মা সামনে না থাকলে বাবা মাকে ‘বেগম সাহেবা’ বলে ডাকেন।
‘মায় প্রথমবার কইল, এই হাওয়া যায় তগো নানিগো বাইত। হেরপর কইল বিক্রমপুর।’
বিক্রমপুর শুনে বাবা শব্দ করে হাসলেন, ‘সবকিছুতেই তোর মায় খালি বিক্রমপুর বিক্রমপুর করে। এইটা হইল তোর মার একটা রোগ।’
বাবার কথা শেষ হলো না। তার আগেই ঘরের দরোজায় মায়ের ছায়া এসে পড়ল।
মাকে দেখে বাবা ভূত দেখার মতো চমকে গেলেন।
মা দরোজায় দাঁড়িয়ে আমাকে বললেন, ‘তর বাপে কী কয় রে?’
বাবা আমার দিকে তাকিয়ে চোখ পিট পিট করে কী যেন ইশারা করলেন। তারপর মাকে বললেন, ‘না, আমরা বাপ মাইয়ায় মিল্যা বটগাছের গল্প করতাছি...’
বাবার মুখে বটগাছের গল্প করতাছি শুনে মা মেজাজ খারাপ করে উত্তর করলেন, ‘সন্ধ্যার সময় কই মাইয়ারে লয়া পড়াইতে বইবো, না, তিনি মাইয়ারে শুনাইতাছেন বটগাছের গল্প।’ এ কথা বলে মা আবার রান্নাঘরে চলে গেলেন।
মা চলে যাবার পর বাবা আমাকে বললেন, পুতলি, যা বই নিয়া আয়, পড়তে বয়।
আমি বাবাকে দেখে হাসি চেপে রাখতে পারি না।
আমি হো হো করে হাসতে থাকি।