প্রফেসর ঝমলু ও এলিয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

তিন বছর আগে পৃথিবী থেকে ১৬ কোটি আলোকবর্ষ দূরে ঠিক আমাদের মতন একটি সৌরজগতের সন্ধান পায় আমার তৈরি মহাবিক্ষণযন্ত্র। তার পর থেকেই সেই সৌরজগতের প্রতিটি গ্রহে প্রতিদিন সকালবেলা নিয়ম করে আলট্রাজিপসাম সিগন্যাল পাঠিয়ে যাচ্ছিলাম। মনে ক্ষীণ আশা ছিল, সৌরজগৎটা যেহেতু আমাদের মতন, কোনো না কোনো গ্রহে আমাদের মতন প্রাণী তো অবশ্যই থাকবে। তিন বছরের অক্লান্ত পরিশ্রমের ফল আজ পেলাম।
সারা রাত ধরে মেহগনি গাছের আঠা আর বন্য মুরগির পালক দিয়ে মাথাব্যথার অব্যর্থ মলম তৈরি করে সকালবেলা যখনই বিছানায় একটু পিঠ ঠেকিয়েছি, ঠিক তখনই ল্যাবরেটরি থেকে আর্তনাদের মতন শব্দ শুনে আমার ঘুম উড়ে গেল। ছুটে গিয়ে দেখলাম, মহাবিক্ষণযন্ত্রের চারপাশের লাল বাতিগুলো তীক্ষ্ণ শব্দে অবিরাম জ্বলছে আর নিভছে। যন্ত্রের পাশের মনিটরে বিচিত্র সব লেখা একের পর এক আসছে আর চলে যাচ্ছে। আমার বুঝতে বাকি থাকেনি আসলে ঘটনাটা কী ঘটেছে। তাই সময় নষ্ট না করে কল করলাম আমার ছোটবেলার বন্ধু আমির আলীকে। আমির আলী একই সঙ্গে মহাকাশবিজ্ঞানী ও এলিয়েন ভাষাতত্ত্ববিদ। পুরো ঘটনা শোনার পর সে আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল, ‘ঝমলু! তুমি একটা “এন্টাস্টিক” কাজ করে ফেলেছ।’ তাঁর চিৎকার শুনে আমিও চিৎকার করে বললাম, ‘এন্টাস্টিক মানে কী?’ আমির আলী আবার চিৎকার করে বলল, ‘এলিয়েন ভাষায় ফ্যান্টাস্টিককে এন্টাস্টিক বলে। আমি এখনই আসছি।’ আমি আবার চিৎকার করে বললাম, ‘ঠিক আছে, এখনই আসো!’
আমির আলী আসার পর থেকেই স্ক্রিনে ভেসে ওঠা লেখাগুলোর পাঠোদ্ধার করে চলেছে। আমি পাশে বসে তাঁর কাজ দেখছি। সে স্ক্রিনের লেখাগুলোর দিকে একবার তাকায়, তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, তারপর আবার তাকায়, আবার চোখ বন্ধ। এভাবেই চলছে দুই ঘণ্টা ধরে। দেখতে দেখতে আমার ঝিমুনির মতন চলে এল। হঠাৎ ‘এলিয়েকা! এলিয়েকা!’ চিৎকার শুনে ধড়মড় করে উঠে বসলাম। দেখি, আমির আলী চেয়ারের ওপর দাঁড়িয়ে চিৎকার করছে। তাকে প্রশ্ন করলাম, এলিয়েকা অর্থ কী? আমির আলী বত্রিশ দাঁত বের করে উত্তর দিল, ‘এলিয়েন ভাষায় ইউরেকাকে এলিয়েকা বলে।’ সঙ্গে সে আরও যা বলল, শুনে আমার চোখ কপালে! গতকাল রাতেই অন্য সৌরজগতের সর্বশেষ গ্রহের বাসিন্দাদের পাঠানো একটি মহাকাশযান আমার ছাদে এসে নেমেছে। তার মানে পুরো রাত আমার বাসায় এলিয়েনরা ছিল অথচ আমি টের পাইনি। আর দেরি না করে আমরা দৌড়ে চলে এলাম ছাদে।
পুরো ছাদ তন্নতন্ন করে খোঁজার পরও এলিয়েনের টিকিটারও দেখা পেলাম না। প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল আমির আলীর ওপর। হয়তো তারা অন্য কোথাও নেমেছে আর সে উল্টাপাল্টা অনুবাদ করে আমাকে বলেছে। কিন্তু কিছু করার নেই। আমির আলীকে বললাম, ‘চলো, নিচে গিয়ে আবার চেষ্টা করে দেখি অন্য কোনো অর্থ হয় কি না।’ আমির আলীও একটু হতাশ হয়েছে। সে মাথা নিচু করে বলল, ‘চলো, কিন্তু আমার ভুল হওয়ার কথা না।’ আমরা সিঁড়িঘরের কাছে যেতেই দেখি একটা ধাতব পাতের মতন কিছু একটা মাটিতে পড়ে আছে। হাতে তুলে নিতেই আবিষ্কার করলাম সেটা একটা চিরকুট। ওপরে হাবিজাবি কী যেন লেখা। দুরুদুরু বুকে আমির আলীর দিকে এগিয়ে দিলাম সেটা। আমির আলী চিঠির যে পাঠোদ্ধার করল—
‘এ গ্রহের প্রাণীগুলো ছোট ছোট। তারা উড়ে বেড়ায় এবং আক্রমণ করে। উড়ে বেড়ানোর সময় পিনপিন শব্দ করে। গ্রহটি বিপজ্জনক।’
আমি আর আমির আলী মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার এত বছরের কষ্ট, এত বড় সুযোগ, এই সামান্য মশার জন্য ধুলায় মিশে গেল! আমির আলীকে নিয়ে ল্যাবরেটরিতে ফেরত এলাম। রাগে আমার মাথায় আগুন জ্বলছে। আমার এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক মশার বংশ নির্বংশ করতে হবে। বুঝতে পারছি আগামী দুই-তিন মাস আমার ঘুম হারাম। কিন্তু এভাবে হার মেনে চুপ করে বসে থাকব, তা কখনোই হবে না...