প্রফেসর ঝমলু ও গাছোট্টকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

গাছ নিয়ে আমার কৌতূহল অনেক দিনের। বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছিলাম এমন কিছু একটা তৈরি করতে, যা দিয়ে গাছের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করা যাবে। এত বেশি কৌতূহলের পেছনের কারণটাও অবশ্য বেশ বড়—
কত শত বছরের ইতিহাস যে গাছেরা নিজেদের মনের ভেতর নিয়ে বসে আছে, তা শুধু ওরা ছাড়া আর কেউ বলতে পারবে না। সবকিছু জানা গেলে পৃথিবীর ইতিহাসটাই অন্য রকম হয়ে যাবে। যেমন ধরা যাক, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এক প্রজাতির পাইনগাছ, স্থানীয় নাম ‘ব্রিস্টলকোন পাইন’। এ গাছের বয়স ৪ হাজার ৮৪৫ বছর। শুধু এই একটা গাছের সঙ্গে কথা বলতে পারলেই প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস আমরা জেনে ফেলব। কী দারুণ ব্যাপার!
এ রকম আরও হাজারটা কৌতূহল, শত শত বিফল চেষ্টা ও প্রচণ্ড ইচ্ছাশক্তির ফলাফল ‘গাছোট্টকি’। টিস্যু বক্সের সমান এই যন্ত্রটি গাছের চিন্তাভাবনা রিসিভ করে তরঙ্গ আকারে সরাসরি পাঠিয়ে দেবে আমার ল্যাবরেটরির কম্পিউটারে। কম্পিউটার সেই তরঙ্গ ডিকোড করে আমাকে বলে দেবে গাছের মনের কথা। যদিও এখনো জানি না গাছদের মন আছে কি না, আর থাকলেও তারা মানুষের মতো চিন্তা করতে পারে কি না। তারপরও মনের ভেতর ক্ষীণ একটা আশা আছে, যেহেতু গাছের প্রাণ আছে, সেহেতু তারা চিন্তাও করতে পারে। তাই গাছোট্টকি এমনভাবে তৈরি করেছি যেন যন্ত্রটি গাছের সঙ্গে কথা বলার চেষ্টা না করে শুধু তাদের মনের ভাব রিসিভ করে। এই আবিষ্কার করতে গিয়ে গত এক সপ্তাহ আমি বিছানার মুখ দেখিনি (বিছানার মুখ আছে কি না, সেটাও অবশ্য আমি এখনো জানি না)। কিন্তু তাতে কী, এত বড় একটা বিষয়ের জন্য কয়েক রাতের ঘুম নাহয় নষ্ট হলোই।
সবকিছু ঠিকঠাক করে ফোন করলাম বন্ধু আমির আলীকে। আমার মতোই গাছের সঙ্গে কথা বলার জন্য সে বেশ কৌতূহলী ছিল। ফোন রিসিভ করেই আমির আলী তাঁর স্বভাব অনুযায়ী চিত্কার করে উঠল, ‘ঝমলুউউউউউ! কেমন আছ? আমি তোমার কথাই ভাবছিলাম। কাল রাতে ঘুমের ভেতর স্বপ্নে দেখি তুমি আর আমি সমুদ্রপাড়ে বেড়াতে গিয়েছি।’
আমির আলী প্রায়ই এমন স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে কী কবিতা লিখেছে, সেটা আমাকে শোনায়। আজ যদি আবার কবিতা বলা শুরু করে, তাহলে ঝামেলা হয়ে যাবে। তাই তাকে আর কথা বলতে না দিয়ে গাছোট্টকির প্রসঙ্গে চলে গেলাম।
শুনে আমির আলী বেশ উত্তেজিত হয়ে গেল। ফোনের এপাশ থেকে শুনতে পেলাম সে সজোরে টেবিলের ওপর কিল দিয়ে বলল, ‘শাবাশ! এক্ষুনি আসছি! আমি আসার আগে তুমি আবার কথা বলে ফেলো না!’
গাছোট্টকি দিয়ে গাছের সঙ্গে সরাসরি কথা বলা যায় না, এ কথাটা এখন আমির আলীকে বলে বোঝানো যাবে না। তাই আমি আশ্বাস দিয়ে তাকে বললাম, ‘চিন্তা কোরো না! তুমি আসার পরই কথা বলব।’
আমির আলী আসার পর দুজনে মিলে কাজে লেগে গেলাম। আমার বাসার পেছনে বহু বছর ধরে একাকী দাঁড়িয়ে থাকা বটগাছের ঠিক মাঝ-বরাবর গাছোট্টকি ফিট করে এসে বসলাম ল্যাবরেটরিতে। এখন অপেক্ষার পালা। গাছোট্টকি বটগাছ থেকে চিন্তাভাবনা রিসিভ করবে তারপর সেটাকে তরঙ্গে রূপান্তর করে পাঠাবে আমার কম্পিউটারে। এতটুকু করতে সে কতক্ষণ সময় নেবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এক ঘণ্টাও লাগতে পারে, দুই ঘণ্টাও লাগতে পারে আবার সারা দিনও লাগতে পারে। এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অপেক্ষা করতে করতেই আমির আলী বলে উঠল, ‘আচ্ছা, গাছদের ভেতর কি কবি আছে?’
প্রশ্ন শুনে কী বলব বুঝে পেলাম না। আমাকে অবশ্য উত্তর দিতে হলো না, আমির আলী বলেই চলল, ‘আমার মনে হয় আছে। শুধু কবি না, ওদের ভেতর দার্শনিক, ডাক্তার সব আছে। যেমন ধরো এই বটগাছ, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বটগাছ হচ্ছে দার্শনিক। আর ডাক্তারগাছ হচ্ছে নিমগাছ। কাছে গেলেই কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ।’
এই মুহূর্তে আমির আলীর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। সে গাছদের ভেতর কবি খুঁজে বের করবে এবং সেই কবিগাছের সঙ্গে কবিতার আদান-প্রদান করবে। আমি চুপচাপ বসে তাঁর কথা শুনতে থাকলাম।
কখন যে ঘুমিয়ে গেছি, টের পাইনি। ঘুমের ভেতর স্বপ্ন দেখলাম, একটা বটগাছ তার লিকলিকে ডালপালা নেড়ে নেড়ে আমার সঙ্গে কথা বলছে। কথা না বলে ছাড়া ছাড়া কিছু শব্দ বলা যেতে পারে। শব্দগুলো অনেকটা এ রকম, ‘দরকার নেই। সবকিছু জানতে হবে না। জানতে হবে না। জানলে সমস্যা। প্রতিবার যন্ত্র নষ্ট করে দেওয়া হবে। প্রতিবার। জানতে হবে না। জানলে সমস্যা। নষ্ট করে দেওয়া হবে...’
ঠিক এমন সময় আমার ঘুম ভেঙে গেল। কম্পিউটারের দিকে তাকিয়ে দেখি স্ক্রিনে কোনো নড়াচড়া নেই। অর্থাৎ গাছোট্টকি কোনো সিগন্যাল পাঠায়নি। টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিল আমির আলী। তাকে ঘুম থেকে ডেকে তুলে সোজা চলে গেলাম বটগাছের সামনে। কোনো সমস্যা-টমস্যা হলো কি না দেখতে। বটগাছের সামনে দাঁড়াতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত ঘাড় থেকে কোমর পর্যন্ত নেমে গেল। দেখতে পেলাম আমার গাছোট্টকি একেবারে দুমড়ে-মুচড়ে গাছের ভেতরে ঢুকে গেছে। বুঝতে বাকি রইল না ঘটনা কী ঘটেছে।
গাছোট্টকি ছাড়াই বটগাছ সিগন্যালের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেছে! বলেছে, ‘সবকিছু জানতে হবে না...নষ্ট করে দেওয়া হবে।’
‘কী হয়েছে ঝমলু, চুপ করে দাঁড়িয়ে আছ কোন? আর গাছোট্টকির এই অবস্থা করল কে?’ আমির আলীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ‘জানি না কে করছে। জানতেও চাই না। সবকিছু জানতে নেই।’