
বদরুল হকের মতো বদলোক এই পৃথিবীতে দুইটা আছে এমন শোনা যায় না। হেন অপকর্ম নেই, যা তিনি এই দুনিয়ায় করেননি। দুই নম্বরি করে টাকাপয়সাও বানিয়েছেন কম না। টাকাপয়সা, বাড়ি-গাড়ি, নারী—সবই আছে তাঁর। নিজের দলের বড় নেতাও এখন তিনি। কিন্তু হঠাৎ একদিন তাঁর দুশ্চিন্তা হলো। আচ্ছা, ভালো কাজ তো কিছুই করলাম না। একটা কিছু করা দরকার। সেটা কী হতে পারে? তিনি তাঁর বিকম ফেল পিএস হায়দারকে ডেকে পাঠালেন।
: হায়দার?
: জি, স্যার।
: ভালো কাজ তো কিছুই করলাম না।
: জি, স্যার।
: তোমার কি মনে হয় একটা কিছু ভালো কাজ করা উচিত, যা দেখে জনগণ আমাকে বাহবা দেবে। কী বলো?
: জি, স্যার...ঠিক কথা, ভালো একটা কিছু করা যেতে পারে।
: তাহলে কী ধরনের ভালো কাজ করা যায়, তুমি ভেবে বের করো। বয়স হয়েছে, যেকোনো সময় মরে যেতে পারি। এমন একটা কিছু ভেবে বের করো, যেন জনগণ আমায় মনে রাখে।
চিন্তাভাবনা করার জন্য পিএস হায়দার দুদিন সময় নিল।
দুদিন পর পিএস হায়দার হাজির।
: হায়দার!
: জি, স্যার।
: ভেবে পেয়েছ কিছু?
: জি, স্যার, পাইছি।
: কী?
: স্যার, আপনার এলাকায় একটা
গারবেজ স্থাপন করেন।
: কী বললে?
: গারবেজ স্যার, ডাস্টবিন...ময়লা ফেলার জায়গা...
শুনে হতভম্ব হয়ে গেলেন বদরুল হক। হারামজাদা বলে কী? হুংকার দিয়ে বললেন, ‘ইয়ার্কি করো আমার সাথে?’
: না স্যার, ইয়ার্কি না, সত্যি কথাই বলছি। এটা স্যার যেমন-তেমন গারবেজ হবে না। এই গারবেজ স্থাপন করতে কমপক্ষে ১০ কোটি টাকা খরচ হবে। ব্যাংক থেকে লোন নিয়ে করবেন। তারপর টাকা হাপিশ করে দেবেন, আগে যেমন করেছেন। কিন্তু আপনার কাজ তো হয়ে গেল।
: মানে? ১০ কোটি টাকার গারবেজ দিয়ে হবেটা কী?
: স্যার, এটা যেমন-তেমন গারবেজ না। এই গারবেজের সঙ্গে পাইপলাইনে একটা ইন্ডাস্ট্রি থাকবে। আমি স্যার ইন্টারনেট ঘেঁটেঘুঁটে বের করেছি। ১০ কোটি টাকার নিচে হবে না।
: আমি তো কিছুই বুঝতে পারছি না। ১০ কোটি টাকার
গারবেজ আবার ইন্ডাস্ট্রি—তুমি কী সব বলছ?
: স্যার, ব্যাপারটা খুলে বলি। জার্মানিতে স্যার গারবেজ থেকে তেল উৎপাদন করে।
: জার্মানি? কোন জার্মানি?
: জার্মানি তো স্যার একটাই। যে জার্মানি ব্রাজিলকে সাত গোল দিল।
বদরুল হক আবার একটা হুংকার দিলেন, খবরদার জার্মানির নাম মুখেও আনবা না। আমি ব্রাজিলের সাপোর্টার।
: এই তো স্যার একটা ভুল কথা বললেন। আমরা কি জার্মানির কাছ থেকে কোনো সাহায্য নেব? আমরা ওদের একটা ধারণা ধার করব। কেন, আমাদের দেশের ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ধারণা বিদেশে নিচ্ছে না? ভালো জিনিস ধার করায় কোনো দোষ নেই।
: আচ্ছা বলো, কী বলছিলা?
: আমরা স্যার এখানে ইন্ডাস্ট্রি বসাব। সেই ইন্ডাস্ট্রিতে গারবেজ থেকে তেল উৎপাদিত হবে। আপনার নামেই গারবেজ থেকে তেল উৎপাদিত হবে। সেই তেল বিক্রি হবে...এক ঢিলে দুই-তিন পাখি মারা যাবে। আর বোঝেন তো, আজকাল তেল সব জায়গায় লাগে—অফিস-আদালত থেকে শুরু করে রান্নাঘর, গাড়ি, কারখানা—সব জায়গায় তেল লাগবেই। জনগণ আপনার গারবেজে ময়লা ফেলবে...সেই ময়লা থেকে তেল তৈরি হবে এবং সেই তেল ব্যবহার করবে জনগণ। আমরা সস্তায় পানির দরে তেল ছাড়ব। মিনারেল ওয়াটার আর আপনার তেল বিক্রি হবে এক দরে...।
ব্যাপারটা পছন্দ হলো বদরুল হকের। স্কুল-কলেজ-হাসপাতাল-মসজিদ-মাদ্রাসা তো সবাই করে, এটা মনে হচ্ছে নতুন ধরনের একটা ব্যাপার হবে। ব্যবসাও হবে, জনগণেরও কাজে লাগবে, মন্দ কী? তিনি সম্মতি দিলেন।
অচিরেই ব্যাংক লোন নিয়ে কাজ শুরু হয়ে গেল।
দুই বছরের মাথায় কাজ কমপ্লিট। বিশাল গারবেজ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেল। ইন্ডাস্ট্রির নাম ‘মেসার্স বদরুল হক গারবেজ অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড।’
এবার ‘বদরুল হক গারবেজ অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড’ উদ্বোধনের পালা। বদরুল হক নিজের ইন্ডাস্ট্রি নিজেই উদ্বোধন করবেন—ঠিক হলো এমনটাই।
রাতে বহুদিন পর আরামে ঘুম হলো বদরুল হকের। ঘুমের আগে অবশ্য তিনি একটু পান করলেন।
কিন্তু পরদিন ঘুম ভাঙল ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায়, ‘এ আমি কোথায়?’—তিনি চিৎকার করলেন। তাঁর কথার প্রতিধ্বনি হলো, ‘এ আমি কোথায়...?’ ‘এ আমি কোথায়...??’ ‘এ আমি কোথায়...???’।
এরপর বদরুল হক ওপরে তাকিয়ে দেখেন, অনেক ওপরে হঠাৎ একটা গোল ঢাকনি খুলে গেল। সেখান দিয়ে তাঁর পিএস হায়দারের মুণ্ডুটা দেখা যাচ্ছে। তিনি চেঁচিয়ে উঠলেন—
: হায়দার?
: জি, স্যার।
: আমি কোথায়?
: স্যার, আপনি আপনার তৈরি গারবেজ হোলে।
: আমি গারবেজ হোলে কেন?
: আপনি তো স্যার নিজেই গারবেজ হোলে প্রথম আবর্জনা ফেলে উদ্বোধন করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ অতি উৎসাহী হয়ে আপনাকেই ‘আবর্জনা’ হিসেবে গারবেজে ফেলে উদ্বোধন করে ফেলেছে। আপনি নেশার ঘোরে ছিলেন বলে টের পাননি। তখনই বলেছিলাম, এত পান করবেন না। শুনলেন না...।
বিষয়টা বদরুল সাহেব নিতে পারলেন না। একটা ভালো কাজের এই প্রতিদান! তার সিভিয়ার স্ট্রোক করে গেল। তিনি ইহলোকের মায়া ত্যাগ করলেন। ওদিকে গারবেজ হোলের মোল্ডিং সেকশন চালু হয়ে গেছে ঘড় ঘড় করে...।
বদরুল হক অবশ্য টের পেলেন না তিনি তখন স্বর্গের পথে...হাইওয়ে টু হ্যাভেন!
স্বর্গ-নরকের দরজায় বদরুল হককে আটকানো হলো।
: আপনার পরিচয়?
: আমি একজন বিশিষ্ট দেশপ্রেমিক নেতা বলতে পারেন।
: নাম বলুন।
: বদরুল হক।
রেজিস্টার খাতা চেক করে দেখা গেল, তাঁর নামে ভালো কাজের কোনো লিস্টি নেই। সেটা জানানো হলো তাঁকে।
: কী বলছেন? আমি শেষ মুহূর্তে একটা ভালো কাজ করে এসেছি, ‘বদরুল হক গারবেজ অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড’ প্রতিষ্ঠা করেছি। ওটা উদ্বোধন করতে গিয়েই না...
: সেটা তো করেছেন ব্যাংকের টাকা মেরে। আর এটা ভালো কাজ কি না, সেটা বুঝতেও সময় লাগবে। এর আগেই আপনার আগের সব অপকর্মের শাস্তি শুরু হয়ে যাবে।...এই কে আছ? একে নরকে ঢোকাও!
নরকে ঢুকে বদরুল হক অপেক্ষায় আছেন—কী শাস্তি হয় কে জানে। তারপর এক মাহেন্দ্রক্ষণে তাঁর জন্য শাস্তির ফরমান এসে হাজির।
: কী শাস্তি আমার?—ভয়ে ভয়ে জানতে চাইলেন বদরুল হক।
: আপনার শাস্তি হচ্ছে আপনাকে পৃথিবীতে আবার ফেরত পাঠানো হবে।
: বলেন কী? এটাই আমার শাস্তি!—বদরুল হক আনন্দে উত্তেজনায় বাকরুদ্ধ হয়ে গেলেন। পৃথিবীতে ফিরে যেতে পারবেন আবার? মনে মনে ঠিক করে ফেললেন, ফিরে গিয়ে কী কী করবেন। প্রথমে হারামজাদা পিএসটাকে সাইজ করতে হবে...ও নিশ্চয়ই ষড়যন্ত্র করে তাঁকে গারবেজ হোলে ফেলেছিল!
পৃথিবীর পথে রওনা দেওয়ার সময় বদরুল হকের কিঞ্চিৎ কৌতূহল হলো—তাঁকে কোনো শাস্তি না দিয়ে ফের পৃথিবীতেই কেন পাঠানো হচ্ছে? রহস্যটা কী? বিষয়টা স্বর্গ-নরকের দ্বাররক্ষীকে জিগ্যেস করেই বসলেন এক ফাঁকে। এবার দ্বাররক্ষী মুচকি হেসে বলল, ‘পৃথিবীতে গেলেই টের পাবে তোমার শাস্তি হয়েছে কি হয়নি। তবে মাথায় রেখো, তোমার দল কিন্তু এখন ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে অ্যান্টি পার্টি!’
বদরুল হক দ্বিতীয়বারের মতো স্ট্রোক করলেন। তবে স্বর্গ-নরকের দোরগোড়ায় স্ট্রোক করলে অবশ্য কোনো লাভ নেই—কেউ মরে না!