
বৃদ্ধা ঝুলন বেওয়া তার একমাত্র সন্তান মোমেনুলকে নিয়ে পাহাড়িদের ডুমডাম নামে এই পাড়ায় আজ প্রায় বিশ বছর ধরে বসবাস করছে। পাহাড়ের গায়ে, সবচেয়ে উঁচু জায়গার কুঁড়েটায় জওয়ান ব্যাটা আর প্রকাণ্ডদেহী লোমশ আদুরীকে নিয়ে ছোট্ট সংসার। বুড়ি মা এদিক-সেদিক থেকে মুলোটা-বেগুনটা তুলে এনে রোজই খুব যত্নের সঙ্গে রান্না করে, কিন্তু সারা দিন একটা দানাও মুখে দেয় না, রাতে ছেলে কারখানা থেকে ফিরলে একসঙ্গে বসে গল্প করতে করতে খায়।
এক সন্ধ্যায়, জানা গেল না ঠিক কী বিষয় নিয়ে ঝগড়া হওয়ায়, ওই একই পাড়ার বাসিন্দা খাদেমুল বড় একটা ছোরা দিয়ে মোমেনুলকে জবাই করে ফেলল। খুন করার পর গেরিলা পাড়ায় পালিয়ে গেল সে।
লাশটা যখন গ্রহণ করল—ধরাধরি করে বয়ে নিয়ে এল কিছু পথিক—বুড়ি কাঁদল না, শুধু দীর্ঘক্ষণ অনড় বসে থাকল, ওটার দিকে ঠায় স্থির চোখে তাকিয়ে। তার জরাগ্রস্ত হাতের চামড়া ঝুলে আছে, একসময় সেটা লম্বা করে লাশ ছুঁলো, মনে মনে কসম কাটল: এর আমি বদলা নেব।
বুড়ির সঙ্গে থাকবে, এমন কেউ নেই; বন্ধ দরজার ভেতর লাশের সঙ্গে একাই রাত কাটাচ্ছে—প্রকাণ্ডদেহী লোমশ আদুরীকে যদি ‘কেউ’ বলে গণ্য করা না হয়। প্রলম্বিত কাতর সুরে বিলাপ করছে সে।
জানোয়ারটার শোক প্রকাশে বিরতি নেই, দাঁড়িয়ে থাকল বিছানার গোড়ায়, গলা মনিবের দিকে লম্বা করা, লেজটা দুই পায়ের মাঝখানে শক্ত করে গোঁজা। ওখান থেকে একবারও নড়ছে না আদুরী। নড়ছে না নিহত মোমিনুলের মাও। ছেলের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, চোখ বেয়ে নামছে নীরব ঢল।
জওয়ান মরদ, চিত হয়ে পড়ে আছে, বুকের কাছে শার্ট ছেঁড়া, দেখে মনে হচ্ছে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তবে জমাটবাঁধা কালচে রক্ত সবখানে—শার্টে, ট্রাউজারে, মুখে, হাতে, থুতনির কাছে দাড়িতে, মাথার চুলেও।
বুড়ি মা একমাত্র ছেলের সঙ্গে কথা বলতে শুরু করল। তার গলা পেয়ে চুপ হয়ে গেল কুকুরটা।
‘হোন ব্যাডা! কী কইতাছি হোন। তর খুনের বদলা লওয়া হইবে। হুনতাছস তর মায়ে কি কইতাছে? তর মায়ে সব সম কথা দিলে হেইডা রাহে। তুই এইডা বালাই জানস।’
ধীরে ধীরে ঝুঁকল বুড়ি, নিজের ঠান্ডা ঠোঁট চেপে ধরল ছেলের মুখে, তারপর চোখের পাতায়।
আবারও গোঙাতে শুরু করল আদুরী। তার কাতর গোঙানির শব্দ সব সময় অসম্ভব লম্বা, একঘেয়ে, গায়ের লোম দাঁড়িয়ে যায়, মনে জাগায় অজানা ভয়।
ওভাবেই ওখানে থেকে গেল ওরা, বুকভরা সহানুভূতি নিয়ে একটা জোড়া হয়ে, বুড়ি মা আর পোষা কুকুর, সেই ভোর না হওয়া পর্যন্ত।
পরদিন মাটি দেওয়া হলো মোমিনুলকে। খুব বেশি দিন লাগল না, সবাই ভুলে গেল ব্যাপারটা। এলাকায় তাকে নিয়ে আর কোনো কথা হয় না।
মোমিনুল না রেখে গেছে ভাইবোন, না কোনো ঘনিষ্ঠ আত্মীয়। বদলা নেবে, এমন একজন পুরুষমানুষ নেই গোটা বংশে। এক শুধু তার মা, ওই অথর্ব বুড়ি, বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে।
ঝুলন বেওয়ার জানালা থেকে গুনে গুনে সাতটা পাহাড়ের পর বৌদ্ধদের একটা মন্দির দেখা যায়, এত দূরে যে ওটার সোনালি চূড়া ঝাপসা লাগে চোখে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই জানালার ধারে বসে সোনালি চূড়ার দিকে ঠায় তাকিয়ে থাকে সে। ওই বৌদ্ধ মন্দিরের সঙ্গেই গেরিলা পাড়া। গোটা পার্বত্য এলাকার যত সন্ত্রাসী আছে, তাদের সবার অভয়াশ্রম ওটা। ঠুস-ঠাস গুলি করে মানুষ মেরে ওখানে পালিয়ে যায়, পুলিশ আসার খবর পেলে সীমান্ত পার হয়ে চলে যায় ভারতে। পুলিশি উপদ্রব শেষ হলে আবার ফিরে আসে। পরিস্থিতি ঠান্ডা হলে যে যার এলাকায় ফিরে আরও জোরেশোরে দাপট দেখানোর পাঁয়তারা কষে। মোমিনুলকে খুন করার পর ওখানেই লুকিয়ে আছে খুনি খাদেমুল। তার সম্পর্কে কিছু কিছু খবর এখন জানতে পারছে মোমিনুলের মা।
সম্পূর্ণ একা, সারাটা দিন, জানালার ধারে বসে সোনালি চূড়ার দিকে তাকিয়ে থেকে চিন্তা করে সে। একটাই বিষয়: কীভাবে বদলা নেওয়া যায়।
একা তার পক্ষে কীভাবে এটা সম্ভব! বয়সের এত ভার, শরীরের এত দুর্বলতা নিয়ে কী করতে পারবে সে! মৃত্যুর এত কাছাকাছি চলে আসা একটা মানুষের সাধ্য কোথায়! কারও সাহায্য ছাড়া এটা কীভাবে সম্ভব!
কিন্তু কথা দেওয়া হয়ে গেছে না! ঝুলন বেওয়া ছেলেকে ছুঁয়ে কসম খেয়েছে না!
না!
কথা দিক বা না দিক, কসম খাক বা না খাক—জওয়ান ছেলে খুন হয়ে যাবে আর বুড়ি মা কিছু করবে না? এ হয় নাকি?
না!
এটা ঝুলন বেওয়ার ভুলে থাকার বিষয় নয়। বিষয় নয় আর অপেক্ষা করারও। এবার কিছু একটা করতে হবে তাকে। কিন্তু কী সেটা? রাতে এখন আর ঘুমাতে পারছে না সে। তার চোখে না আছে ঘুম, মনে না আছে শান্তি। প্রচণ্ড জেদ, মারাত্মক হিংসা আর অবিশ্বাস্য ঘৃণা নিয়ে একটা উপায় খুঁজে ফিরছে বুড়ি। তার পায়ের সামনে কাত হয়ে পড়ে থাকে আদুরী। মাঝেমধ্যে মাথা তোলে ওটা, শূন্য বিস্তৃতির দিকে মুখ তুলে প্রলম্বিত স্বরে গোঙায়, যেন মনিবকে ডাকছে, ওটার পশু আত্মা সীমাহীন শোকে কাতর হয়ে পড়েছে, যেন মোমিনুলের স্মৃতি তার হূদয়ে খোদাই হয়ে গেছে, কখনো আর মুছবে না।
তারপর এক রাতে, আদুরী আবার যখন প্রলম্বিত স্বরে গোঙাতে শুরু করেছে, আচমকা একটা বুদ্ধি খেলে গেল ঝুলন বেওয়ার মাথায়। এ রকম একটা বুদ্ধি শুধু হিংস্র, প্রতিশোধপরায়ণ, মরিয়া মানসিকতার সঙ্গেই খাপ খায়। বুদ্ধিটা নিয়ে সারারাত ধ্যান করল বুড়ি, দূরে আজান হচ্ছে শুনে নামাজ পাটিতে বসল। নামাজ শেষে আল্লাহর সাহায্য চাইল—তার মনোবাঞ্ছা যাতে পূরণ হয়, ছেলে হত্যার বদলা নিতে সে যেন তার হারানো শক্তি অন্তত কাজের মুহূর্তে ফিরে পায়।
তারপর ঘর থেকে বেরোল। ফাঁকা উঠানে তোবড়ানো গা নিয়ে পুরোনো একটা ড্রাম পড়ে আছে, বৃষ্টির পানি জমানো হয় তাতে। উল্টে খালি করা হলো, তারপর লম্বা করে শুইয়ে ওটার দুপাশের মাটিতে খোঁটা গাড়ল আর প্রচুর নুড়িপাথর বসাল পুত্রশোকে কাতর মা। সবশেষে আদুরীকে ওই ড্রামের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখল। কাজ সেরে ঘরে ফিরে গেল বুড়ি।
এরপর নিজের ঘরের এ-মাথা থেকে ও-মাথা বারবার হাঁটতে লাগল, ভুলেও বিরতি বা বিশ্রাম নিচ্ছে না, তার চোখ এখনো গেরিলা পাড়ার দিকে ফেরানো। সে আছে ওখানে...খুনিটা।
সারাটা দিন, তারপর সারাটা রাত, কাতর স্বরে গোঙাল আদুরী। সকালে ছোট্ট একটা বাটিতে খানিকটা পানি খেতে দেওয়া হলো তাকে—ব্যস, আর কিছু না—না একটু ঝোল, না এক মুঠো ভাত, না রুটির ছেঁড়া একটা টুকরো।
আরও একটা দিন গত হলো। অভুক্ত আদুরী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন ওটার চোখ চকচকে হয়ে উঠল, গায়ের লোম খাড়া, গলায় বাঁধা শিকল মরিয়া হয়ে টানাটানি করছে।
এবারও বুড়ি তাকে কিছু খেতে দিল না। অবোধ পশু, খিদের জ্বালায় পাগলপ্রায়, কর্কশ স্বরে ঘেউ ঘেউ করছে। আরেকটা রাত পার হলো।
সকাল হতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিছু
খড় চেয়ে আনল বুড়ি। স্বামীর অনেক পুরোনো কাপড়চোপড় তুলে রাখা আছে, সেখান থেকে শার্ট-প্যান্ট নিয়ে একটা কাকতাড়ুয়া বানাল, দেখতে হলো হুবহু একটা মানুষ।
আদুরীর জন্য বানানো নতুন ঘরের উল্টোদিকে একটা খুঁটি পুঁতল মা, মানুষ আকৃতির কাঠামোটা বাঁধল ওটার সঙ্গে, এখন যাতে দেখে মনে হয় একজন লোক দাঁড়িয়ে আছে। সবশেষে ওই ডামির ডগায় পুরোনো লিনেন কাপড় দিয়ে একটা মাথা তৈরি করল।
কুকুরটা, খড়মানব দেখে বিস্মিত, সেটার দিকে তাকিয়ে চুপ করে থাকল, যদিও প্রচণ্ড খিদেয় তার মেজাজ সপ্তমে চড়ে আছে।
একটু বেলা হতে বয়সের ভারে কুঁজো মা কসাইয়ের দোকানে হাজির হলো। চটের বড় একটা ব্যাগভর্তি করে গরুর নাড়িভুঁড়ি কিনল। কসাই জানতে চাইল, এত কে খাবে? দাঁতবিহীন মাড়ি বের করে বুড়ি জানাল, ‘এততু এততু কইরে খামু রে বাই!’
বাড়ি ফিরে কাঠ দিয়ে আগুন জ্বালল উঠানে, ড্রামের কাছাকাছি; তাতে লবণ আর তেল-মসলা না দিয়ে সেদ্ধ করতে বসাল সদ্য কিনে আনা নাড়িভুঁড়ি। আদুরী যেন পাগল হয়ে গেল, সারাক্ষণ লাফাচ্ছে, প্রচুর লালা আর ফেনা বেরিয়ে আসছে মুখ দিয়ে, চোখের দৃষ্টি আগুনের ওপর বসানো খাবারের দিক থেকে সরছে না, যে খাবারের গন্ধ যেন তার পেট ফুটো করে ভেতরে ঢুকে পড়েছে।
তারপর ধূমায়িত আধা সেদ্ধ নাড়ি আর ভুঁড়ি দিয়ে খড়মানবের কলার বানাল দৃঢ়প্রতিজ্ঞ মা, নেকলেসের মতো পরিয়ে দিল গলার চারধারে, এমন চেপে চেপে যেন ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে। কাজটা শেষ হতে কুকুরটার শিকল খুলে দিল।
প্রকাণ্ড এক লাফে ডামির গলার কাছে উঠে গেল জানোয়ার, পা রেখেছে ওটার চওড়া কাঁধে, তারপর ধারালো দাঁত বসিয়ে ছিঁড়তে শুরু করল। মুখে শিকারের একটা টুকরো নিয়ে নিচে খসে পড়ল আদুরী, পরক্ষণে আবার লাফ দিয়ে উঠে পড়ল আগের জায়গায়, দাঁত বসাল নাড়িতে, হ্যাঁচকা কয়েকটা ঝাঁকি দিয়ে ছিঁড়ে নিল অল্প কিছু টুকরো। আবার নিচে পড়ল সে, আবার চড়ল, এভাবে চলতেই থাকল।
চর্চা থেকে দক্ষতা আসে, ধীরে ধীরে সেটা অর্জন করছে আদুরী। একটু একটু করে পুরো মুখ খেয়ে ফেলল। ছিন্নভিন্ন করল গোটা গলা আর ঘাড়, একসময় সেটার আর কোনো অস্তিত্বই থাকল না।
ঝুলন বেওয়া দেখল, স্থির এবং চুপচাপ, নিষ্প্রভ চোখে আশ্চর্য একটা ঝিলিক। তারপর আবার প্রিয় বান্ধবী আদুরীকে শিকল পরাল সে। পরের আরও দুদিন ওটাকে কিছু খেতে দেওয়া হলো না এবং তৃতীয় দিন পুনরাবৃত্তি করা হলো অদ্ভুত এই কাণ্ড।
আদুরীকে বুড়ি শেখাল—খাবার ছিঁড়ো আর সঙ্গে সঙ্গে গিলে ফেলো, গলার ভেতর জমিয়ে রেখো না। পরে ওটাকে পুরস্কার দেয় সে—লবণ আর মসলা সংযোগে রীতিমতো রান্না করা মাংস।
ব্যাপারটা এমন দাঁড়াল, খড়মানবকে দেখামাত্র প্রবল উত্তেজনায় কাঁপতে শুরু করে আদুরী, তারপর চোখ ঘুরিয়ে বুড়ির দিকে তাকায়। কখন হুকুম আসে তার অপেক্ষায় থাকে ওটা। আঙুল তাক করে বুড়ি একবার শুধু ‘ল’ বললেই হয়, সঙ্গে সঙ্গে খড়মানবের গলা লক্ষ্য করে লাফ দেবে ওটা।
যখন বুঝল এবার সময় হয়েছে, নামাজ পাটিতে বসে আল্লাহর কাছে মাফ চেয়ে নিল মোমিনুলের মা। তবে ক্ষমাপ্রার্থনার সময় সবাই যেমন কাঁদে, কাকুতি-মিনতি করে, সে তা করল না, বরং প্রবল উৎসাহ বোধ করছিল, নিজের ভেতর অনুভব করছিল বাঁধভাঙা উল্লাস। নামাজ শেষে স্বামীর কাপড়চোপড়ের ভেতর থেকে পুরোনো প্যান্টশার্ট বের করে পরল সে। মাথার চুল আগেই কেটে ফেলেছে। তারপর এক গাড়োয়ানের সঙ্গে দর-কষাকষি করে উঠে বসল তার গরুর গাড়িতে। গাড়োয়ান তাকে সাত পাহাড় পার করিয়ে পৌঁছে দেবে গেরিলা পাড়ায়।
বড় একটা ক্যানভাস ব্যাগে বেশ খানিকটা গরুর নাড়িভুঁড়ি নিয়েছে ঝুলন বেওয়া। গত দুদিন আদুরীকে কিছুই খেতে দেওয়া হয়নি। প্রতি আধঘণ্টায় অন্তত একবার করে সুস্বাদু খাবারের গন্ধ শোঁকানো হয়েছে ওটাকে, খিদেটা যাতে কয়েক গুণ বাড়ে।
গেরিলা পাড়ায় পৌঁছাল ওরা। বুড়ি একটু একটু খোঁড়াচ্ছে। দু-একটা দোকানে ঢুকে খাদেমুলের বাড়িটা কোথায় জানতে চাইল। ছোকরা তার পুরোনো পেশাই ধরে রেখেছে। বুড়িকে বলা হলো বেকারির দোকানের পেছনে কারখানা আছে, এই সময়টায় সেখানে রুটি-বিস্কুট বানাতে ব্যস্ত থাকে খাদেমুল।
ভেতরের দরজা ঠেলে দোকান থেকে কারখানায় ঢুকল ঝুলন বেওয়া, পুরুষালি গলায় নাম ধরে ডাকল খাদেমুলকে।
‘ওহে! খাদেমুল!’
ঘুরে দাঁড়াল খাদেমুল।
কুকুরটাকে ছেড়ে দিল মোমিনুলের মা। ছেড়েই চেঁচিয়ে উঠল: ‘ল! কামড় দে! ল! কামড় দে!’
পাগল বানানো কুকুর ছুটে গেল সামনে, লাফ দিয়ে কামড়ে ধরল খাদেমুলের গলা।
ভারী কুকুরের ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল লোকটা। দু-হাত দিয়ে আদুরীকে ধরল, কিন্তু ওটার কবল থেকে নিজেকে ছাড়াতে পারছে না। খালি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওরা। কয়েক মিনিট অনবরত পা ছুড়ল সে, হাত চাপড়াল মেঝেতে, গলা থেকে ঘড়ঘড়ে আওয়াজ বের করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। একসময় স্থির হয়ে গেল স্রেফ একটা লাশ। তার পরও তার গলার ভেতর থেকে দাঁত দিয়ে টেনে শিরা, রগ, চর্বি আর ফালি ফালি মাংস বের করে খাচ্ছে আদুরী।
দুজন প্রতিবেশী, নিজেদের দোরগোড়ায় বসেছিল; দুজনেই পরিষ্কার মনে করতে পারল—ভিখারি কিসিমের এক বুড়ো লোক বড়সড় কালো একটা কুকুরকে নিয়ে এই পথ দিয়ে হেঁটে গেছে, যওয়ার সময় লালচে-খয়েরি রঙের কী যেন খাওয়ানো হচ্ছিল ওটাকে। ডুমডামে ফিরতে সন্ধে হয়ে গেল ঝুলন বেওয়ার। অনেক দিন পর ওই রাতে খুব ভালো ঘুম হলো তার।
বিদেশি গল্প অবলম্বনে