বলদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসু মিয়ার বলদটা যে হঠাৎই এমন চতুর হয়ে উঠবে কে জানত!

এমনিতে বলদটার বোকামির কোনো অন্ত ছিল না। নাসু মিয়া তাকে ছেড়েই রাখত বাড়ির পাশের ছোট্ট ডোবাটার পাশে। আর সেখানে দাঁড়িয়ে বলদটা ঢিবিতে জন্মানো ঘাস ছাড়া আর কিছু খেত না। অথচ সুযোগ যে ছিল না, তা না। ঢিবিটা পেরোলেই রাইসুদ্দিনের ভুঁই। সেখানে টমেটো হয়, বাঁধাকপিও হয়। সেগুলো খেতে ভিনগ্রামের গাই–গরুরাও হামলে পড়ে। কিন্তু নাসু মিয়ার বলদটা চোখটা তুলে তাকায় না পর্যন্ত। ঢিবির ঘাস আর ডোবার পানি—এতেই তার দিন পার হয়। আর রাত তো তার নাসু মিয়ার ভাঙা গোয়ালে। বলদটাকে সেখানেও বেঁধে রাখতে হয় না নাসু মিয়ার। যেন সে জানে, তার কোথাও যাওয়ার জায়গা নেই। বা সে জানেই না চাইলে কোথাও যাওয়া যায়!

মোহনপুর গ্রামের সবাই বলত নাসুর বলদাটা আসলেই একটা বলদাই! মাথায় ঘিলু বলতে কিছু নেই!

অবশ্য নাসুও কিছুটা বলদা কিসিমেরই।

বাপে এক টুকরো জমি রেখে গিয়েছিল বলে তিন কি ছয় মাস পেটে তার চাল ফোটে। বাকিটা সময় তো দিনমজুর, ঘর ছাওয়া থেকে শুরু করে ধান কাটা—সবই। তাতে টাকার কাজ আনায়, আর আনার কাজ সিঁকিতে করা শুধু নাসু মিয়াকে দিয়েই সম্ভব। এমনকি সুযোগমতো একথালা ভাত খাইয়ে দিতে পারলে নাসু মিয়া কত কাজ যে মাগনায় করে দেয় তারও ইয়ত্তা নেই। কাঁথা সেলাইয়ের বিকেলগুলোয় অবিবাহিত নাসুর কথা তাই যখন মেয়েমহলে ওঠে, তখন হাসির হুল্লোড়ই ছোটে শুধু। নাসু মিয়া তার বলদাটার লাহানই বলদা! দুনিয়ার ভাবগতি কিছুই জানে না! 

তা ওই মেয়েমহলও যে দুনিয়ার ভাবগতি খুব ভালো জানত তা কিন্তু না! তা না হলে জানতে পারত শহর থেকে তত দিনে মিলিটারি রওনা হয়েছে মোহনপুরের উদ্দেশে। জানতে পারত, তাদের গ্রামের একমাত্র যে পাকা দালান, মোহনময়ী হাইস্কুল, তাতে চলছে ধোয়া-মোছার কাজ। ভোররাতে এসে নামছে দুই প্লাটুন মিলিটারি। অথবা তারা এসব জানলেও যে দুনিয়ার কোনো ক্ষতিবৃদ্ধি হতো তা–ও তো সত্য না। বরং ক্ষতিটা একান্তই তাদেরই ছিল এবং এ বিষয়ে তারা কেউ অবগত ছিল না—না তারা, না মোহনপুরের অন্য কেউ—কেউই জানত না মোহনপুরের মোহনরূপ অচিরেই বিধ্বস্ত হতে চলেছে। ফলে ঢিবির ওপর নাসু মিয়ার বোকা বলদটা ঘাসই চিবোতে থাকল আর নাসু মিয়া তার উঠানে পা ছড়িয়ে, সদ্য শুকিয়ে আসা ঊরুর ঘা নখ দিয়ে খোঁচাতে থাকল। তাতে কিছু রক্তাভ পানি নখে উঠে এলে নাসু মিয়া সেটার ঘ্রাণ নিতে থাকল বারবার! 

এসব এলানো জীবন যখন চলছে, তখন মোহনময়ী হাইস্কুল কিন্তু ভরে উঠেছে পশ্​তু ভাষায়। গালির ছর্​রার সঙ্গে অস্ত্রের ধাতব এমন কিছু শব্দ মিশতে শুরু করেছে বাতাসে, যার সঙ্গে মোহনপুরের পরিচয় আগে ঘটেনি। মিলিটারিদের দৈহিক আকার, তাদের কেতা, চাহনি আর ভাষা—সব কিছুর দিকেই থ হয়ে তাকিয়ে থাকে মোহনপুরের মানুষ। যেন সাক্ষাৎ ফেরেশতা দেখছে চোখের সামনে! 

অবশ্য ভুল ভাঙতে খুব দেরি হয় না তাদের। 

রাত হলে ঘর জ্বলে, কাঁথায় মুড়ে উঠে আসতে শুরু করে মেয়েমহল, পুরুষ পালায়, মিল্লাত ভাইয়ের হাত কাটা পড়ে। মানুষ ফেরেশতা দেখলে বিস্মিত হতে পারে, কিন্তু শয়তানের মুখোমুখি হলে স্রেফ বলদ হয়ে যায়। মোহনপুর গ্রাম তিনটা রাতের মাথায় এক অতিকায় বলদে পরিণত হয়। ফলে গ্রামবাসী লাকড়ি জোগাড় করে দেয় মিলিটারিদের। তারা মুরগি ধরে দেয় মিলিটারিদের। তারা আরও স্ফিত মাংস ধরে দেয় মিলিটারিদের। আর এমন অবস্থায় কে জানত, গ্রামের সবচেয়ে বোকা বলদটাই—যার বলদামির দৃষ্টান্ত দিয়ে ফিরত দশগ্রাম—এমন চতুর হয়ে উঠবে? 

মুরগি আর ছাগল খেতে খেতে অরুচি হয়ে গিয়েছিল মিলিটারিদের। সব হাতের নাগালে পেয়ে যাওয়ায় কামনার উদগ্রতাও অনুভব না করে করে কেমন যেন সব ঝিমিয়ে যাচ্ছে, এটা ভেবেই গাড়ি নিয়ে বেরিয়েছিল ওরা। খানাখন্দ পেরিয়ে যখন তারা গ্রামের ভেতরে ঢুকল, দেখল ডোবার পাশের ঢিবিতে নাসু মিয়ার বলদটা দাঁড়িয়ে বড় স্বস্তির সঙ্গে ঘাস চিবোচ্ছে। মাংসের লোভে নাকি নির্লিপ্ত শান্তিময় বোকামি—কোনটা দেখে কে জানে ক্যাপ্টেন হুংকার দিয়ে ধরতে গেল বলদটাকে। আর তখনই বলদটা—অতি আশ্চর্যই বটে—শিং ঘুরিয়ে দিল ক্যাপ্টেনের দিকে। আর তারপরই চতুর বাজের মতো লাগাল ছুট! ধুলো উড়িয়ে বিকেলের কুয়াশা চিরে, ছুটতে ছুটতে নিমেষে পেরিয়ে গেল গ্রাম। 

মোহনপুরে টিকে থাকা মানুষদের জন্য বিষয়টা ছিল অকল্পনীয়। যে বলদ কোনো দিন চোখ তুলে কারও দিকে তাকাত না পর্যন্ত, সেই বলদই ক্যাপ্টেনকে শিঙের গুঁতোয় ডোবায় ফেলে দিল! ক্যাপ্টেন সাঁতার জানত না বলে আতঙ্কিত হলো, নাকি নিতম্বের ওপর ব্যথাটা ভীষণ ছিল বলে কাদার ভেতর কাতরাতে থাকল, বুঝে উঠতে পারল না কেউ। তবে ডোবার ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর বলদ বলদ চোখগুলো দেখে ক্যাপ্টেনের রাগ হলো। ভীষণ রাগ। 

সেই রাগে বলদ না, ধরা পড়ল, নাসু মিয়া। 

বলদটা যেহেতু নাসু মিয়ার, সেহেতু বলদের জিম্মাও তো তার। 

মোহনময়ী হাইস্কুলের মাঠে একটা শ্যাওড়াগাছ ছিল। তাতে উল্টো করে বাঁধা হলো নাসু মিয়াকে। তার লুঙ্গি উল্টে লজ্জা বেরিয়ে এসেছিল, কিন্তু তাতেও নাসু মিয়ার খুব যে লজ্জা হচ্ছিল তা না। কারণ, লুঙ্গিটা উল্টে তার মুখটিই ঢেকে রেখেছিল। তাই লজ্জা পাওয়ার মতো দৃশ্য নাসুর চোখের সামনে ছিল না। 

কিন্তু কিছুটা লজ্জা বোধ হয় পেল মোহনপুরের মানুষেরা। তারা নাসুকে দেখতে এসে ঠিকমতো দেখতে না পেরেই ফিরে যেতে থাকল। আর সন্ধ্যার দিকে গ্রাম বিদীর্ণ করা নাসুর চিৎকার শুনতে পেল তারা। জানতে পারল, বলদ বাঁধার দড়িটা ক্যাপ্টেন নাসুর মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে নাকের ফুটো দিয়ে বের করে নিয়ে এসেছে। তাতে নাকের দুই ফুটো হয়ে গেছে একটা এবং বর্ষার খালের মতো তার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে রক্ত। ক্যাপ্টেন দড়িটা দিয়ে আরও কী কী করা যেতে পারে তা–ই ভাবছে। কারণ, দড়িটা নাসু মিয়া সঠিকভাবে ব্যবহার করলে বলদটা বাঁধাই থাকত এবং ক্যাপ্টেনকে এমন অপদস্ত করতে পারত না! 

এ সময় এমন না যে অন্য মিলিটারিটা বসে ছিল। তারা বেরিয়ে পড়েছিল বলদটাকে খুঁজে বের করতে। মোহনপুরের মানুষেরা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে বলদটা ধরা পড়ে যাবে। তারপর কে জানে তাকে হয়তো ক্যাপ্টেন আস্ত চিবিয়ে খাবে। (এর আগে একটা আস্ত মুরগি রান্না ছাড়াই চিবোতে দেখেছিল বলে এমন ধারণা তাদের মধ্যে হয়ে থাকতে পারে।) কিন্তু সন্ধ্যা পার করেও এক প্লাটুন মিলিটারি বলদটাকে খুঁজে পায় না। তাদের পোশাক ধুলোয় ধূসর হয়ে ওঠে, তারা খালের কাদাপানির মধ্যে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আলের পাশে মানুষের হাগার ভেতর লেপ্টালেপ্টি খেয়ে ফিরে আসে; আর হাইস্কুলের মাঠ গুয়ের গন্ধে কেমন যেন গুলিয়ে ওঠে। ক্যাপ্টেন বমিও করে। 

এত অপদস্তের একটাই সমাধান বের করে ক্যাপ্টেন—সেটি অবশ্যই বলদবাঁধা দড়ি নয়। ক্যাপ্টেন লোহার শিক গরম করে এবং নাসু মিয়ার সঙ্গে আলাপচারিতায় বসে। এ আলাপচারিতা চলে মধ্যরাত অব্দি। ততক্ষণে নাসু মিয়া আর কথা বলার মতো অবস্থায় নেই। ফলে হঠাৎ মিটিং ফুরানোর বেদনা নিয়েই যেন নাসু মিয়াকে গুলি করে ক্যাপ্টেন। মোহনপুরের টিকে থাকা মানুষেরা সে গুলির শব্দ শোনে। খুব মৃদু আর্তিও শোনে নাসু মিয়ার। তারা উঠে আটকে দেওয়া ঘরের দরজা আবারও ভালোভাবে আটকে দেয়। তারা চোখ বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু বুঝতে পারে, তাদের চোখ বারবার খুলে খুলে যাচ্ছে। শুধু চোখ না, তাদের মনে হয়, তাদের কানও খুলে যেতে শুরু করে। এবং তারা প্রতিটি ঘরের ভেতরের শ্বাস-প্রশ্বাস যেন শুনতে পায়। তারা এমনকি শুনতে পায় খেজুরপাতা চুইয়ে পড়া শিশিরের শব্দও। খালে পানি ঢোকার কুলকুল শব্দও যেন নিজেদের পিঠের তলায় অনুধাবন করতে শুরু করে তারা। আর তারা চোখ বন্ধ, কান বন্ধ করে ফেলে বারবার, কিন্তু তখনই যেন তাদের চোখ খুলে আসে, কান খুলে আসে। 

ভোরের আলো ফোটারও আগে, মুয়াজ্জিন রহিম পালিয়ে না গেলে যে সময়ে আজান দিত, তেমনই একটা সময়ে তারা শুনতে পায় একটা টুংটাং শব্দ। টুংটাং শব্দটা যেন ক্রমেই তাদের দিকে আসতে শুরু করে। তারা বুঝতে পারে, গলায় ঘণ্টা ঝুলিয়ে ফিরে এসেছে নাসু মিয়ার বলদটা। তারা খুব ভয় পায়। কিন্তু এ সময় দরজা খুলে বেরিয়ে আসে তারা। তারা বলদটাকে দেখতে পায় না, কিন্তু তারা নিজেদের দেখে। দেখে, চোখ বন্ধ করতে চেয়েও তারা চোখ খুলে রেখেছে। কান বন্ধ করতে চেয়েও প্রত্যেকে তাদের কান খুলে রেখেছে। তারা শব্দ শুনছে এবং তারা দেখতেও পাচ্ছে। তারা জমা হতে হতে এগিয়ে যেতে থাকে মোহনময়ী হাইস্কুলের দিকে। এবং সেখানে গিয়েও তারা বলদটাকে দেখতে পায় না, কিন্তু নিজেদের তারা দেখে। দেখে তারা আগুন জ্বালিয়ে ফেলেছে হাতে হাতে। তারা আবারও বলদটাকে খোঁজে, কিন্তু শুধু নিজেদেরই দেখতে পায়। দেখে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে কেরোসিন ঢেলে ঢেলে। আর দেখে হাইস্কুলের দালান, দরজা, জানালা, ক্যাম্প দাউদাউ আগুনে পুড়ে যাচ্ছে। আর সমস্ত আগুনের ভেতর দিয়ে উঠছে ভোর, সূর্য। যেন দাউদাউ আগুনটাই সূর্য হয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। আর তারা সবাই মিলে খেয়াল করে বলদটা ফিরে এসেছে রাজ্যের ধুলো মেখে। এখন ভীষণ পরিশ্রান্ত সে। তার মুখ দিয়ে গলে পড়ছে ক্লান্তির ফেনা।
কিন্তু তার চোখের টুকরো টুকরো আগুনে হাইস্কুলের দালান, দরজা, জানালা, ক্যাম্প পুড়ে যাচ্ছে...পুড়ে যাচ্ছে। 

মোহনপুরের মানুষেরা খেয়াল করে, বলদের গলায় কোনো ঘণ্টা নেই, আসলে ছিল না কখনো।