বাংলা সিনেমার গল্প নয়: খালিদ ফেরদৌস
রাভিল ও তমাল আপন মামাত ভাই। আশ্চর্যজনকভাবে তারা দেখতে প্রায় হুবহু এক রকম। মামাত ভাই হলেও দুজন ভালো বন্ধু।
পহেলা বৈশাখের দিন রাভিল ফেসবুকে পরিচয় হওয়া মেয়েটার সঙ্গে প্রথম দেখা করতে যাবে।
কিন্তু হঠাৎ ফোনে জানল, তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। গুরুতর। তাকে এখনি যেতে হবে। মামাত ভাই তমালকে সে অনুরোধ করল, তার হয়ে সে যেন প্রক্সি দিয়ে আসে। তমালই রাভিল হয়ে ব্রিটিশ কাউন্সিলে এল। রাভিলের বান্ধবীর সঙ্গে দেখা হলো। ইরা। তমাল জারবেলা ফুল বাড়িয়ে দিয়ে বলল, ফুলটি তোমার জন্য ফুটেছিল ধরায়।
ইরা তার ফুলসহ হাত আলতোভাবে ছুঁয়ে বলল, যে হাত তুমি বাড়িয়ে দিয়েছ, তার স্পর্শ সারা জীবনের জন্য চাই।
সারা জীবন পাবে। জানাল তমাল।
এর মধ্যে অ্যাক্সিডেন্টের ঘটনাটি অসত্য হওয়ায় রাভিলও একগুচ্ছ গোলাপ হাতে ঘটনাস্থলে হাজির।
ফলে কঠিন এক পরিস্থিতি তৈরি হলো: তিনজনের অবস্থান জ্যামিতির ত্রিভুজের মতো। ইরা এখন গোলাপ, নাকি জারবেরা নেবে?
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]