
‘আজ খুব গরম পড়েছে, তাই না?’ বলতে বলতে বিজ্ঞানী পোঁটলা রুমাল দিয়ে কপাল মুছলেন।
নাজিফ তখন চেয়ারে বসে পা দোলাচ্ছে। তার খুব মজা লাগছে। ‘গরম? কই না তো!’ বলল সে।
নাজিফের কথায় বিজ্ঞানী পোঁটলা খুব একটা ভরসা পেলেন না। তাঁকে আজ এমনিতেও বেশ নার্ভাস দেখাচ্ছে। ‘দাঁড়াও, ফ্যানটা ছেড়ে দিই।’ বলেই তিনি আশপাশে তাকিয়ে কী যেন খুঁজতে লাগলেন।
‘উফ্। ঘুরঘুট্টিটা যে কোথায় গেল!’
পাশের ঘরে, দরজার পেছনে—সবশেষে খাটের নিচে উঁকি দিয়ে তিনি যা খুঁজছিলেন, তা পাওয়া গেল। ‘ঘুরঘুট্টি! বের হয়ে এসো। অনেক ফাঁকিবাজি হয়েছে। এখন লক্ষ্মী ছেলের মতো ওপরে যাও। যাও বলছি!’
বেশ কিছুক্ষণ ধমক-টমক দেওয়ার পর খাটের নিচ থেকে একটা তিনপেয়ে রোবট বেরিয়ে এল। একটু ভালো করে তাকিয়ে নাজিফ বুঝতে পারল, জিনিসটা একটা সিলিং ফ্যান। তিনটি পাখার ওপর ভর করে মাকড়সার মতো হাঁটে। সিলিং ফ্যানটার মুখ নেই, তবু নাজিফের কেন যেন মনে হলো, ফ্যানটা মুখ গোমড়া করে আছে। নিতান্ত অনিচ্ছা নিয়ে সে দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে গেল। তারপর ‘ঘ্যাঁকো ঘ্যাঁকো’ শব্দ করে ঘুরতে শুরু করল। এই আওয়াজ সম্ভবত রাগের বহিঃপ্রকাশ।
‘উফ্, এমন বেয়াদব ফ্যান আমি আমার জীবনে দেখিনি। ভীষণ অলস। ওর কপোট্রনটা আজকেই রি-ইনস্টল করতে হবে।’ পোঁটলা বললেন। তারপর নাজিফের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কিছু খাবে?’
‘না না। আমি খেয়ে এসেছি।’ তাড়াতাড়ি বলল নাজিফ। বিজ্ঞানী পোঁটলার ফ্রিজোবট ঠান্ডু মিয়ার সঙ্গে তার পরিচয় আছে। কোন খাবার সংরক্ষণ করতে কতটুকু তাপমাত্রা প্রয়োজন, এটা যেন ঠান্ডু মিয়ার জানা থাকে, সে জন্য পোঁটলা কিছুদিন আগে ঠান্ডু মিয়ার কপোট্রনে কিছু পরিবর্তন করেছিলেন। এরপর থেকে এই রোবট ফ্রিজটা নিজেকে একজন বিশিষ্ট রন্ধনবিদ ভাবতে শুরু করেছে। ওর ভেতরে খাবার রাখলে সে একটা খাবারের সঙ্গে আরেকটা মিলিয়ে নতুন ধরনের রেসিপি আবিষ্কারের চেষ্টা করে। ঠান্ডু মিয়ার ‘এক্সপেরিমেন্ট’ চেখে দেখার ইচ্ছা নাজিফের নেই।
অন্য কেউ এসব যন্ত্রপাতি দেখলে নিশ্চয়ই ভিরমি খাবে। কিন্তু নন্দনকানন স্কুলের ক্লাস ফোরের ছাত্র নাজিফ এখন আর অবাক হয় না মোটেও। প্রতিবেশী বিজ্ঞানী পোঁটলার সঙ্গে তার দারুণ বন্ধুত্ব।
বিজ্ঞানীদের চুল হয় উষ্কখুষ্ক, ঘর থাকে অগোছালো। কিন্তু এই মানুষটার সবকিছুই গোছানো। তাঁর চুল পরিপাটি। ইস্তিরি করা শার্ট পরেন। ঘরভর্তি যন্ত্রপাতি গুছিয়ে রাখার জন্য ‘গুছমুছ’ নামে তাঁর একটা রোবট আছে। এমনকি তিনি চোখে মোটা ফ্রেমের চশমাও পরেন না। বিজ্ঞানী হিসেবে দেখতে যেমন ‘বেমানান’, তেমনি তাঁর নামটাও। ঘরে বসেই যিনি ছোটখাটো একটা মহাকাশযান বানিয়ে ফেলেছেন, তার নাম কিনা পোঁটলা!
নামের পেছনে যে একটা মন খারাপ করা গল্প আছে, সেটা অবশ্য নাজিফ জানে।
ছোটবেলায় পোঁটলার বাবা মারা যান। মা তাঁকে নিয়ে থাকতেন ফুটপাতে। বেশির ভাগ দিনই না খেয়ে থাকতে হতো। খাবার দিতে না পারলেও, সেই অভাব মা দূর করে দিতেন আদর দিয়ে। ছেলের কপালে চুমু খেতেন আর বলতেন, ‘আমার জাদুর পোঁটলারে, আমার মানিক পোঁটলা...।’ সেই থেকে কীভাবে যেন পোঁটলা নামটাই স্থায়ী হয়ে গেছে। মা তো তখন জানতেন না, তাঁর মৃত্যুর পর এই ছেলে গাড়ির মেকানিকের কাজ করবে, স্কুলে পড়বে, কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে...আর হবে মস্ত বড় বিজ্ঞানী! জানলে নিশ্চয়ই তিনি অন্য কোনো নাম রাখতেন।
মুশকিল হলো, ‘পোঁটলা’ নাম নিয়ে তো আর দেশ-বিদেশের বিজ্ঞান সম্মেলনগুলোয় অংশ নেওয়া যায় না। বিজ্ঞানী পোঁটলা এরই মধ্যে শখানেক গবেষণাপত্র লিখেছেন। নাম নিয়ে সংকোচের কারণে তিনি তাঁর আবিষ্কারগুলো উপস্থাপন করতে পারছেন না। তারপরও তিনি নামবদল করতে রাজি ছিলেন না, কিন্তু নাজিফ বহু কষ্টে তাঁকে রাজি করিয়েছে। সোনামণিদের সুন্দর নাম বই থেকে বেছে বেছে নাজিফ এই মধ্যবয়স্ক লোকটার জন্য অনেকগুলো নাম ঠিক করেছিল, কিন্তু কোনো নামই তাঁর পছন্দ হয় না।
অবশেষে মাসখানেক আগে, নামকরণের জন্য বিজ্ঞানী পোঁটলা বিশালাকৃতির একটা যন্ত্র বানিয়ে ফেলেছেন। যন্ত্রের নাম দিয়েছেন ‘নাম্বু’। বিজ্ঞানী পোঁটলার দাবি, নাম্বুর কাজ হলো বিজ্ঞানসম্মত উপায়ে মানুষের চরিত্র, বংশ, চেহারা ইত্যাদির সঙ্গে মিলিয়ে একটা জুঁতসই নাম খোঁজা।
প্রক্রিয়াটা অবশ্য জটিল। প্রথমে নাম্বুর সঙ্গে সংযোগ দেওয়া কম্পিউটারে বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, উচ্চতা, চোখের মণির রং, জন্মস্থান—এমন ১৪৮টি তথ্য প্রবেশ করাতে হয়। সারা শরীর স্ক্যান করার পর যন্ত্রটার ভেতরে ভটভট, কটকট নানা রকম আওয়াজ হয়। এবং সবশেষে ছোট্ট একটা কাগজ বেরিয়ে আসে। সেই কাগজে লেখা থাকে একটা নাম।
কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। এখন পর্যন্ত বিজ্ঞানী পোঁটলার জন্য নাম্বু ২১২টি নাম ঠিক করেছে। আহসান আলী, শরাফত আহমেদ, রাজীব রায়হান...কী সুন্দর সুন্দর নাম! তবু কোনোটাই তাঁর পছন্দ হয় না। ভ্রু কুঁচকে তিনি বলেন, ‘উঁহু, কোনো একটা সমস্যা আছে। এই নাম তো হওয়ার কথা না।’ বলেই আবার নাম্বুর পেটের ভেতর যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যান। ঘণ্টাখানেক খুটুর-খাটুর করার পর হাসিমুখে বলেন, ‘এইবার ঠিক আছে। এইবার যেই নাম দেবে, সেটাই আমি নেব।’ কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা রাখেন না।
আজ সকালে নাজিফ রীতিমতো আদেশের সুরে বলে ফেলেছে, ‘এই শেষ। এবার আর পরিবর্তন হবে না। নাম্বু যে নাম দেবে, আপনি সেটাই নেবেন। প্রমিজ করুন।’
পোঁটলা দৃঢ়কণ্ঠে বলেছেন, ‘প্রমিজ। এবারই শেষ।’
অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ!
নাম্বুর সুইচ অন করা হলো। ১৪৮টি তথ্য ঠিকঠাক দেওয়া হলো। পোঁটলার সারা শরীর স্ক্যান করা হলো। ভটভট, কটকট শব্দ হলো। বেরিয়ে এল ছোট্ট কাগজটা।
কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নিলেন পোঁটলা। পাশে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখল নাজিফ। কাগজে লেখা আছে, ‘ঘ্রজট্টফরাত্তং ব্রিশ্রাৎ’।
মুখ কালো করে পোঁটলা বললেন, ‘কোথাও একটা গন্ডগোল হয়েছে।’