বিভ্রম : বাবলু ভঞ্জ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুইছিস আনসার ! গাবুরার গাঙ ভাঙলি, পানির হাততে বাঁচতি উঁচু মাচা বানাইয়েল সেলিম।’

‘হু, তারপর!’

শ্রীপুর প্রাইমারি স্কুলের মেঝেয় শুয়ে কথা বলছে নেকাব্বর। চিমটি মারা পেটে আর দম বেরুনো চোখে পোড়া কাঠের মতো দেখাচ্ছে তাকে। নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরা, বারো ঘণ্টা পলিথিন মোড়া ট্রাকের বদ্ধ গুমোট গর্তে পালিয়ে থেকে একটু বাতাসে মুখ মেলল যেই, তখনই পুলিশ ধরে এই স্কুলে কোয়ারেন্টিনে রেখে দিল ভাটাশ্রমিকদের।

‘শোন, সেবার গ্রামগঞ্জ পানির তলায়, সেলিম মাচার পর নিশ্চিন্তে ঘুমোয় আছে, হঠাৎ চোখ মেলে দেখে বড় এট্টা কেউটে সাপ বাঁশের গায় কুন্ডলি পাকাইয়ে তার মুখের ওপর ঝুলতেছ!’

‘তারপর!’

‘খাবার নি, সাপের বড় খিদে!’

‘তারপর!’

‘হঠাৎ তিড়িং কুরে সাপটা সেলিমের গার পর পইড়ল! ছোবল মাইরল রে! সেলিম কাঠ হয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা!’

‘তারপর!’

‘ওদিক এক হাত, দুই হাত কুরে পানি বেড়ে সেলিমির গা ছুঁই ফেইলল!’ নেকাব্বর হাঁপায়, ‘পানিত ডুবে মরতি হবে! সেলিম ভয়ে ভয়ে নড়তি গে বুইঝল সাপডা মরা!’

‘তারপর?’

‘তারপর?...এ নেকাব্বর ভাই! কথা কচ্ছিস নে ক্যান? কথা কচ্ছিস নে ক্যান? কথা কচ্ছিস নে ক্যান?’

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]