বুভুক্ষু সময়: ইসমত আরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদের তেজ হারিয়ে বিকেলটা কেমন নিভু নিভু করছে। প্রকৃতিতে বইছে বিসর্জনের হাওয়া। 

এই সময়টা খুব অন্য রকম, মন কেমন করে! কত কথা মনে পড়ে, কত হারানো দিনের গান!
আর ইদানীং তো সন্ধ্যা নামার আগেই কেমন দমবন্ধ হয়ে আসে। মনে হয় নিশ্বাসেরও বুঝি লকডাউন চলছে!
ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখি একরাশ শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে নির্জন রাস্তা।
সে নির্জনতায় নিজেকে ডুবিয়ে ফুটপাতে শুয়ে আছে অশীতিপর এক বৃদ্ধা। বৃদ্ধার গা ঘেঁষে বসে আছে একটা কুকুর।
প্রকৃতির সকল নির্জনতা খুন করে মটরসাইকেল দাপিয়ে চলে যাওয়ার পথে হঠাৎ ব্রেক কষল চালক। বৃদ্ধার দিকে ছুড়ে দিল একটা খাবারের প্যাকেট।
নিজেকে টেনে তুলল বৃদ্ধা। তারপর গ্রোগাসে খেতে লাগল। করুণ দৃষ্টিতে এই দৃশ্যটা দেখছে কুকুরটি। কোত্থেকে একটা কাকও এসে জুটেছে!
সামান্য খাবারের এতো অংশীদার দেখে আতঙ্ক আর শঙ্কা ফুটে উঠল বৃদ্ধার চোখে-মুখে। একমুহূর্ত কী যেন ভাবল সে, তারপর দ্রুতগতিতে খেতে লাগল। কর্কশ কণ্ঠে কা কা করেই যাচ্ছে কাকটা। কুকুরটা ডাকল, ঘেউ!
পাত্তা দিল না বৃদ্ধা। প্যাকেটটা বুকের কাছে আগলে রেখে খাবার খাচ্ছে সে। আর কিছুক্ষণ পর পর সতর্ক দৃষ্টি রাখছে খাদ্যপ্রত্যাশী কুকুর এবং অদূরে বসে থাকা কাকের দিকে।
আমি দূর থেকে ওদের দেখছি। আর দেখছি, একটা সুনসান বিকেল কীভাবে হামাগুড়ি দিয়ে ক্রমেই ঢুকে যাচ্ছে বুভুক্ষু এক অন্ধকারের পেটে!


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]