বৃক্ষ, কবি অথবা নারী: সাদিকা রুমন
বটতলার কোনাকুনি পথটা দিয়ে প্রতিদিন হেঁটে যেত মানুষটা।
কেউ কখনো তাকায়নি তার দিকে।
একজন একদিন বলল, ‘লোকটা কী অদ্ভুত!’
বাকিরা বলল, ‘লোক কোথায়, সে তো এক নারী!’
বাকিরাও তারপর থেকে হলুদ শাড়ি পরা একজন নারীকেই দেখতে পেত।
একদিন একজন বলল, ‘কী অদ্ভুত এ নারী! চোখ দুটো ম্লান অথচ বাঙ্ময়।’
কেউ বলল, ‘সে তো কবি এক!’
‘তবে তার কবিতা কোথায়!’
‘কোথাও লেখা হয়নি, কোনো অক্ষরে।’
বিমূঢ় সবাই স্তব্ধতার ভেতর গুঁজে রইল।
তারপর বহুদিন সেই পুরুষ অথবা নারী অথবা কবিকে দেখল না কেউ।
একদিন পথটির শেষ মাথায় হেঁটে গেল তারা।
একটা ছাতিম গাছ দাঁড়িয়ে আছে নিশ্চল! আগে কোনো দিন তাকে দেখেনি কেউ!
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]