বৃত্তাবর্ত : শিল্পী নাজনীন
সূয্যি উঠার আগেই গাঁয় ফিরা লাগবি, বুচ্ছিস! গহরালির ফিসফিসে স্বরে ভরা চৈত্রেও গা ছমছম করে ছমিরালির। শেষরাতের ঠান্ডা হাওয়া একরাশ ঝরা পাতা উড়িয়ে দেয় শনশন। অন্তরাত্মা শুকিয়ে আসে। কী এক অশুভ ছায়া গিলে ফেলে পৃথিবীর শরীর।
বেলা করে ঘুম থেকে ওঠে গহরালি। গা ম্যাজম্যাজ করে। মায়ের মতো তারও গলা চিরে শুকনো কাশি ছড়িয়ে পড়তে চায় পৃথিবীময়। দাঁতে দাঁত চেপে শব্দগুলো খুন করতে চায় গহরালি। তবু শেষতক বের হয়ে যায় তারা, সশব্দে।
জ্বলজ্বলে চোখে তাকায় ছমিরালি। যেভাবে গতকাল এই ঘরেই তীব্র শ্বাসকষ্টে মৃতপ্রায় মায়ের দিকে তাকিয়েছিল দুভাই। মাঝরাতে, দূরের পাহাড়ে বিস্ময়-বিস্ফারিত, অবিশ্বাসভরা সেই অসহ্য তীব্র দৃষ্টি পেছনে ফেলে ফিরেও এসেছিল তারা। চোখে পানি নিয়ে গহরালির পেছন পেছন এগোয় ছমিরালি। সামনে কী অপেক্ষা করছে, ভাবতে চায় না। অভিশাপ, অভিশাপে সব ছারখার হয়ে যাচ্ছে। চারদিকে অদৃশ্য এক মারণব্যাধি দাপিয়ে বেড়াচ্ছে।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]