ভ্রান্তি: মারুফ মুহাম্মাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি পড়াশোনায় খুব একটা মনোযোগী ছাত্র নই। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগের দিনগুলোতে খুব মনোযোগী হয়ে যাই। রাত জেগে পড়ে পড়াশোনাটা গুছিয়ে আনি। মা নিজেও মাঝেমধ্যে জেগে থাকেন আমার সঙ্গে। কখনো কিছুর দরকার কি না, তার তদারকি করেন।

রাত বারোটা বাজলেই মা বলেন, 'আজ আর পড়তে হবে না। বাকি পড়া কাল পড়ে নিস। '

আমিও তার কথা শুনি। ঘরের বাতি নিভিয়ে সুবোধ বালকের মতো শুয়ে পড়ি। আমার মায়ের ঘুম খুব পাতলা। খুটখাট যেকোনো শব্দেই তিনি জেগে ওঠেন।

সেদিনও পড়া শেষ করে ঘুমাতে গেছি। প্রায় ঘুমিয়ে পড়েছি, এমন সময় রান্নাঘর থেকে থালাবাসনের খুটখাট শব্দ শুনলাম। ভাবলাম মা হয়তো পানি খেতে উঠেছেন। ধারণাটা আরও সত্য হলো, যখন শুনলাম তিনি বললেন, 'খোকা, একটু এদিকে আসবি? পানির গ্লাসটা খুঁজে পাচ্ছি না।'
আমি বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে যাচ্ছি, এমন সময় পেছন থেকে কে যেন আমার হাত আচমকা শক্ত করে ধরে ফেলল, বলল, 'দাঁড়া খোকা! ডাকটা আমিও শুনেছি!'

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]