
নভোচারী বজলু খন্দকার। ভীষণ রাশভারী। কথা বলেন না একটুও। বিশাল ভুঁড়ির কারণে তাঁর জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানাতে হয় স্পেস স্যুট। এ নিয়ে মহাকাশ গবেষণাকেন্দ্রের কর্তাদের অভিযোগ নেই। কারণ বিজ্ঞানী বজলু মানেই মিশন সফল। এখন তিনি আছেন মঙ্গলে। মঙ্গল গ্রহে কয়েক বছর আগে প্রাণীর অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন বিজ্ঞানীরা। এবার নিজ চোখে দেখতে যাচ্ছেন বিজ্ঞানী বজলু। একটু পরেই মঙ্গলে নামবেন। এখন কন্ট্রোলরুমের তরুণ বিজ্ঞানী রুবলুর সঙ্গে টুকটাক কথাবার্তা চলছে।
‘স্যার, পাঁচ মিনিটের মধ্যে অবতরণ করবেন।’
‘হুম।’
‘স্যার, আপনি যেখানে নামবেন সেখানে অস্বাভাবিক তরঙ্গ টের পাচ্ছি। সম্ভবত ওরা আপনার মহাকাশযান দেখেছে। সাবধানে থাকবেন।’
‘হুম।’
‘স্যার কী খাচ্ছেন?’
বিজ্ঞানী বজলু তাঁর মেয়ের বানানো পিঠায় মাত্র কামড় দিচ্ছিলেন। রুবলু সেটা বুঝতে পেরেছে দেখে পিঠা সরিয়ে রাখলেন।
সামান্য ঝাঁকুনি দিয়ে মঙ্গলের মাটিতে নামল মহাকাশযান।
মহাকাশযান থেকে নেমে অনেকটা এগিয়ে গেলেন। কপাল কুঁচকে গেল রাশভারী বিজ্ঞানীর। এলিয়েনের ঘাঁটিতে এসে পড়েছেন। কয়েক শ মঙ্গলের বাসিন্দা। কিলবিলে প্রাণীগুলোর হাতে তির-ধনুকের মতো অস্ত্র। নভোচারী বজলুর দিকে তাক করা।
বিজ্ঞানী বজলু অনেক এলিয়েনের সঙ্গে ফাইট করে এসেছেন। কিন্তু বেশির ভাগ সময় তাঁর সঙ্গে দলবল ছিল। এবার তিনি একা।
‘স্যার ভয় পাবেন না। ওরা আপনাকে ঘিরে ধরেছে।’
‘হুম।’
‘স্যার হাত নাড়ুন। একটু হাসুন।’
হাসার কথা শুনে বিজ্ঞানী বজলুর মুখ কঠিন হয়ে গেল। তা দেখে মঙ্গলের বাসিন্দারাও দু পা এগিয়ে এল।
বিজ্ঞানী বজলু হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করলেন। ভয়ও পাচ্ছেন কিছুটা। এদিকটায় না এলেই ভালো হতো।
‘অ্যাই তোমরা কারা?’
মঙ্গলের প্রাণীগুলো কিচিরমিচির জুড়ে দিল। বিজ্ঞানী বজলুর রাগী রাগী কথায় তারা খুশি হয়নি।
‘স্যার, হেসে হেসে বলুন!’
‘চুপ করো রুবলু! জ্ঞান দিতে আসবা না!’
‘জি স্যার।’
মঙ্গলের প্রাণীগুলো এগিয়ে আসছে দ্রুত। একজন তির ছুড়ে স্পেস স্যুটের এক পাশ ফুটো করে ফেলেছে। অবস্থা বেগতিক। বজলু সাহেবের ভয় বাড়ছে। ভয় পেলে তিনি এক কথা দুবারও বলে ফেলেন।
‘এই তোমরা কারা। এই তোমরা কারা।’
কথাটা শুনে মঙ্গলের প্রাণীগুলো কিছুটা থমকে দাঁড়াল। কিচিরমিচিরও ক্ষণিকের জন্য বন্ধ। একটু পরেই আবার এগোতে লাগল। এমন সময় কান ফাটিয়ে চিত্কার করল রুবলু।
‘স্যার! আপনার কথায় এমন কিছু ছিল যা ওদের থামিয়ে দিয়েছে।’
‘ওরা তো থামছে না রুবলু! একটা কিছু করো!’
‘স্যার আপনি আবার কিছু বলুন।’
‘ওই তোরা থাম!’
কাজ হলো না।
‘স্যার আপনি আগের মতো করে বলুন। এক কথা দুবার বলুন।’
‘থাম বলছি! থাম বলছি!’
নাহ তাতেও কাজ হলো না। আরেকটা তির এসে লাগল হেলমেটের মধ্যে। আরেকটু হলেই যেত ভেঙে।
‘থাম বলছি! থাম।’
‘স্যার! পেয়েছি! এভাবে হবে না। ওদের মস্তিষ্ক স্ক্যান করে দেখলাম। ওরা একই ধরনের তরঙ্গ সহ্য করতে পারছে না। তবে হুবহু এক রকম হলে চলবে না। একটু অন্য রকম করে মিলিয়ে বলতে হবে।’
‘বুঝিয়ে বল রুবলু! হাবিজাবি কথা আমি বুঝি না।’
‘বলছিলাম স্যার মঙ্গলের প্রাণীগুলোর মস্তিষ্ক একেবারেই আলাদা। আপনি মিলিয়ে মিলিয়ে কিছু বললেই ওদের মাথা কাজ করবে না। মানে ছড়ার মতো কিছু বলুন।’
‘অ্যাঁ। ছড়া!’
‘জি স্যার বলেই দেখুন।’
রাশভারী বিজ্ঞানী বজলুর মুখ দিয়ে কিছুতেই ছড়া বের হচ্ছে না। লাইভ সম্প্রচারের কারণে এখন তার কথা শুনছে গোটা দুনিয়ার মানুষ। সবার সামনে ছড়া বলতে সংকোচ হওয়ারই কথা।
‘স্যার! জলদি!’
মঙ্গলের প্রাণীগুলো আরও হিংস্র হয়ে গেছে। ছুটে আসছে।
‘আম পাতা জোড়া জোড়া। মারব চাবুক চড়ব ঘোড়া!’
কাজ হলো! তিন সেকেন্ডের জন্য কিলবিলে প্রাণীগুলোর মধ্যে হইচই দেখা গেল। কিন্তু একটু পরই আবার আগের মতো!
‘স্যার আপনাকে বলে যেতে হবে। যতক্ষণ না ওরা পালায়।’
‘আমি আর ছড়া জানি না রুবলু! আমাকে তুমি ছড়ার লাইন বলো, আমি শুনে শুনে বলি।’
হুট করে রুবলুর সঙ্গে ট্রান্সমিশন লাইন কেটে গেল বিজ্ঞানী বজলুর। তাঁর কথা সবাই শুনবে কিন্তু তিনি নিজে কিছু শুনবেন না।
‘কী মুশকিল! কী মুশকিল!’
বিজ্ঞানী বজলু এবার আতঙ্কিত হয়ে পড়লেন। বাঁচতে হলে তাকে নিজে নিজে ছড়া বানাতে হবে! অনেক চেষ্টা করেও কোনো ছড়ার লাইন মনে করতে পারছেন না। নিজের ওপর প্রচণ্ড রাগ হলো। রাগ থেকেই মাথায় এসে গেল ছড়াটা!
এলিয়েনদের দিকে এগিয়ে গেলেন বিজ্ঞানী বজলু। চোখ বন্ধ করে ভাবলেন কয়েক সেকেন্ড। এরপর রীতিমতো হুংকার ছেড়ে বললেন, ‘ওরে মঙ্গলের কীটপতঙ্গ! দেখে নেব তোদের অঙ্গপ্রত্যঙ্গ!’
ছড়া হোক আর হুমকি, হুটোপুটি লেগে গেছে মঙ্গলের প্রাণীদের মধ্যে। নিজের প্রতিভা আবিষ্কার করতে পেরে চমকে উঠেছেন বিজ্ঞানী বজলুও।
‘আয় দেখি কত আছে সাহস ওই পুঁচকে শরীরে। তোদের দেখে আমার গা করে রি রি রে!’
কিলবিলে প্রাণীগুলো ঝট করে দশ হাত পিছু হটল। তবে একেবারে পালিয়ে যায়নি।
‘ছড়া বানাতে তোরা আমায় করেছিস বাধ্য, দেখব তোদের কে বাঁচায়, আছে কার সাধ্য!’
ছড়া বলতে বলতে মহাকাশযানের কাছে চলে এসেছেন বিজ্ঞানী বজলু। মঙ্গলের প্রাণীগুলো এগোনোর সাহস পাচ্ছে না। ছড়ার ছন্দে তারা কুপোকাত। মহাকাশযানে ওঠার আগে বজলু খন্দকার শেষবারের মতো হুংকার ছাড়লেন, ‘এতক্ষণে তোরা হয়ে যেতি ভাজা ভাজা মৃতপ্রায়, আমার জায়গায় যদি থাকতেন কবি সুকুমার রায়।’
মহাকাশযান চালু হলো। প্রাণীগুলো অসহায়ের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ওদিকে রাশভারী বিজ্ঞানী বজলু খন্দকারের মুখে ছড়া শুনে গোটা বিজ্ঞানী মহল হেসে কুটি কুটি।