মডেল: লুনা রাহনুমা
'আমার তো সেই একটাই মাত্র চাওয়া তোমার কাছে, সোনা। কেন রাজি হচ্ছ না? একটা পোট্রেট, আর তো কিছু চাইনি। '
দুই বছরের প্রেম কণার সঙ্গে তমালের। প্রতিদিন একবার দেখা করা চাই, যে করেই হোক।
তমাল ভালো ছবি আঁকে। ক্যানভাসে রং নিয়ে খেলে ও। বিচিত্র সব ছবি আঁকে। এখন শুধু বাকি আছে একটি নগ্ন নারী পোট্রেট আঁকা, এভাবেই কাঙালের মতো বলে তমাল। অনর্থ কোনো নারী নয়, তমাল চায় এই পোট্রেটটি হবে তার, তার ভালোবাসার মানুষের। তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবে সে তার হৃদয়েশ্বরীকে।
'বিশ্বাস করো কণা, তোমার শরীরের প্রতি আমার কোনো লোভ হয় না। শুধু একটি পোট্রেট আঁকব তোমায় দেখে দেখে। '
রোজ রোজ তমালের এই ভিক্ষুকের মতো প্রার্থনা কণার ভেতর কোথায় গিয়ে যে আঘাত করে, তা সে বলে বুঝতে পারবে না। জীবনের সব গল্পই বলা হয়েছে যে প্রাণের মানুষটিকে, তার কাছেও কি সব সত্যি বলা যায়?
অনেক ভেবে শেষে কণা রাজি হলো। তমালের মডেল হবে সে।
পরদিন সকালে কণা উপস্থিত হলো তমালের ফ্লাটে। তমাল ক্যানভাস, ইজেল, রং-তুলি সব প্রস্তুত রেখে উত্তেজনায় যেন ফুটছে। কণাকে একটা চেয়ারে নিয়ে বসাল তমাল। কনার ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাখা চাদরটি ফেলে দিতেই আঁতকে উঠল তমাল। কণার ডান দিকের স্তনের জায়গাটি সমান, চামড়ার সেলাইয়ে সামান্য কুঁচকে আছে।
তমাল পুরো বাকহারা।
কণা নির্লিপ্ত কণ্ঠে বলল, 'অনেক দিন চেষ্টা করেও তোমাকে বলতে পারিনি। কয়েক বছর আগে ব্রেস্ট ক্যানসারের কারণে এটাকে কেটে ফেলে দিতে হয়েছে। '
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]