মমতা-নীতি: মিফতাহ আরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকডাউন আরও ১০ দিন বাড়িয়েছে, বসার ঘরে দুই ছেলে আর তাদের বাবা এর পক্ষে-বিপক্ষে আলোচনায় ব্যস্ত। সালেহা বেগম রান্নাঘর থেকে কান খাড়া করে শুনছেন, এই সব আলোচনার কি-পয়েন্টগুলো ইদানীং মুখস্থ করে রাখছেন ছেলেদের সাথে কথা চালিয়ে নেওয়ার জন্যে, 'রান্না কেমন হলো, কালকে কী খেতে চাস, তোদের খালা তোদের কথা সারা দিন জিজ্ঞাসা করে, একটু ফোন করতে পারিস'—এই সব কথাবার্তা ছেলেদের পছন্দ নয়।

চাকরি শুরুর চার বছর পর গত এক মাস আগের মতো ছেলে দুটো বাসায় আছে সারাক্ষণ, দেখতেই ভালো লাগে, সারাক্ষণ নিজেকে পরিপূর্ণ মনে হয়।

ছেলেদের মনে হয় ভালো লাগে না, সারা দিন টেনশনে থাকে—দেশের অর্থনীতি নিয়ে চিন্তা, নিজেদের অর্থনীতি নিয়ে চিন্তা। সালেহা বেগমও মাঝেমধ্যে মুখ গম্ভীর করে তাদের আলোচনা শোনার ভান করেন, দুশ্চিন্তা ফুটিয়ে তোলেন চেহারায়।

তবে সালেহা বেগমের কাছে লকডাউন ব্যাপারটা ভালোই লাগছে, প্রতিবছরই ছুটির বদলে মাসখানেক নিয়ম করে লকডাউন রাখলে খারাপ হয় না। অন্ততপক্ষে বাধ্য হয়ে হলেও ছেলেরা মায়ের কাছে থাকবে।

সালেহা বেগম অর্থনীতি এত বোঝেন না, বুঝতেও চান না, তার কাছে মমতা-নীতি আগে।