মমতার লকডাউন: রফিকুল ইসলাম
সকাল সকাল সাজতে বসেছে তুলি। সবচেয়ে সুন্দর ও পরিষ্কার কাপড়টি পরেছে। মাকে ভীষণ ভয় পায়। অপরিষ্কার, এলোমেলো দেখলেই মা বকা দেবে। চৌদ্দ দিন পর মায়ের সঙ্গে দেখা হবে আজ। রোগীদের সেবা দিতে গিয়ে ডা. স্বপ্নাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। টেস্ট করা হয়েছে। ফলাফল নেগেটিভ। কিন্তু ডা. স্বপ্না কালবিলম্ব না করে পুনরায় ডিউটি জয়েন করতে চায়। তাই স্বামী রাশেদকে ফোনে জানাল মেয়েটাকে নিয়ে আসতে। কাছ থেকে দেখেও মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে উৎফুল্ল তুলির সমস্ত আনন্দ ধুলোয় মিশে গেল। বাসায় ফিরে মন খারাপ করে বসে আছে। স্বপ্নাও কেঁদেছে অঝোরে।
এসব ভাবতে ভাবতে মায়ের কথা মনে পড়ল রাশেদের। মাকে ফোন দিল—
কেমন আছ, মা?
ভালো আছি, বাবা। তুই কেমন আছিস?
আমি ভালো আছি, মা।
তুলি, বউমা কেমন আছে?
সবাই ভালো আছে। তুমি কোনো চিন্তা কোরো না। সাবধানে থেকো। অন্যদের থেকে দূরত্ব বজায় রেখো। দেশে লকডাউন চলছে। শেষ হলেই তোমাকে দেখতে আসব।
আমার জন্য চিন্তা করিস না, বাবা। এসবে আমার কিছু হবে না। তোদের লকডাউন দুই মাস আগে শুরু হলেও দুই বছর আগে যেদিন তুই আমাকে এখানে রেখে গিয়েছিলি, সেদিন থেকেই আমার লকডাউন। যেদিন থেকে তোদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলি, সেদিন থেকেই আমার সামাজিক দূরত্ব। আমার জন্য চিন্তা করিস না। আমার কিচ্ছু হবে না।
দুই প্রান্তের খানিকক্ষণ নীরবতার পর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। তুলির সঙ্গে সঙ্গে রাশেদের চোখেও জল। মা-ও নিশ্চিত কাঁদছে। সে হাসপাতাল হোক কিংবা আশ্রম।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]