মুখোশ: ফাহমিদা তাপসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা হিসেবে এলাকার লোকের কাছে সোবহান সাহেব লোকটা রহস্যজনক। খুব ভালো লোক, কেউ যেমন এ কথাও বলতে নারাজ, তেমনি এককথায় খারাপ বলতেও নারাজ। এই এলাকায় সরকারি ত্রাণের গাড়ি এখনো পৌঁছায়নি বলে দুদিন আগেই নিজের ঘর থেকে চাল, ডাল, তেল, নুন দিয়েছেন কয়েকজন দুস্থকে। আজ তার মন ফুরফুরা। একটু আগেই তাকে জানানো হয়েছে, তার এলাকার জন্য এক ট্রাক চাল সরকারি ত্রাণ পাঠানো হয়েছে। তিনি রমিজকে ডেকে পাঠিয়েছেন এর মধ্যেই। রমিজ সোবহান সাহেবের বিশ্বস্ত।

স্যার!

রমিজ, রাতে ত্রাণের এক ট্রাক চাল আসছে। সকাল হওয়ার আগেই সেগুলোকে মুখোশ পরিয়ে দিয়ো।

রমিজের প্রশ্নবোধক চেহারা দেখে সোবহান সাহেব খানিকটা জোরেই হেসে ফেললেন। বললেন, আরে বোকা, বলছিলাম, সরকারি সিল-ছাপড়া মারা চালের বস্তাগুলো খুলে সাধারণ বস্তা ব্যবহার করতে।
রাতারাতি রমিজ মুখোশ খুলে ফেলেছিল বটে, তবে তা বস্তাগুলোর নয়, বরং সেদিন রাতেই সে বিশ্বাসঘাতক হয়ে উঠেছিল। মুখোশ খুলেছিল সোবহান সাহেবের। পরদিন সকালের পত্রিকাগুলোতে এক চালচোরের সত্যি গল্প পড়েছিল পাঠক।