রিয়া এবং তেলাপোকা–বিষয়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জানত, তেলাপোকার জন্যই আমাদের প্রেম হয়ে যাবে!

সকালটা ছিল সকালের মতো; আর অফিস-ক্যানটিনের চা-টাও ছিল প্রতিদিনের মতো বিচ্ছিরি। সেটা খেতে খেতে মুঠোফোনে পত্রিকা পড়া এখন নিয়ম। খবরে যখন মন বসছিল না, তখনই তেলাপোকাটা, বিবর্ণ পাখির মতো, উড়ে এল। ফড়ফড় করে। তাতে, বেশ দূরের টেবিল থেকে লাফ দিল রিয়া। সঙ্গে থাকল ‘ও মাগো’ ধরনের গোঙানি।

রিয়া আমাদের অফিসের আগুন–মেয়ে। আমি ছাই–মানুষ। ফলে ওর দিকে তাকানোর সাহস আমার কোনোদিন হয়নি। রিয়া অ্যাকাউন্টসে বসে। ফর্সা মিহি আঙুল দিয়ে কি–বোর্ড চালায়। সুন্দর সুন্দর শাড়ি পরে। এতটুকুই। আমি দূর থেকে মাথার চুল ছিঁড়ি, আইডিয়া ভাবতে গিয়ে প্রতিদিন চাকরি বদলের কথা ভাবি। মনে মনে বলি, কপিরাইটারের কাজের চেয়ে খারাপ কিছু নেই! প্রতিদিনই আয়নায় নিজেকে দেখি আর শাপশাপান্ত করি। জীবন এত জঘন্য হয় কীভাবে?

আর রিয়া তার বিপরীত। রিয়া মানে এক সৌন্দর্য! একটা গোপন ঘ্রাণ। রিয়ার চাহনি মানে যেকোনো মুহূর্তে প্রেমে পড়ো পড়ো একটা ভাব। সেই রিয়া এসে পড়ল আমার টেবিলে। বলতে কি, আমার ওপরই! রিয়ার মাথার ওপর দিয়ে কপ্টারের মতো উড়ে গেল তেলাপোকাটা।

আমি কী বোকা! সুযোগ পেয়েও রিয়াকে ধরলাম না। বরং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রিয়া চেয়ারে আছড়াল, চেয়ার রিয়াতে আছড়াল। দুজনে কিছু ভাবও বিনিময় হলো কি না, কে জানে! চেয়ারটা যেন বিদ্যুৎ পেল। আর সেসব জবরজং সামলাতে রিয়া আমাকে ধরল।

সিনেমা হলে এখানে গান হতো। কিন্তু সিনেমা তো নয়, তাই রিয়া বলল, ‘আপনি কেমন মানুষ?’

ভয়ানক প্রশ্ন। আমি কেমন মানুষ, সেটা যে কীভাবে বলি! মানুষ হিসেবে আমার দুটো রূপ যে ভীষণ প্রকট, সেটা বুঝি। আমার ভেতরে ভেতরে অগ্ন্যুৎপাত হয়, কিন্তু বাইরে আমি ভীষণ শান্ত-সরল থাকি। কিন্তু এ কথা বললে কি রিয়া কিছু বুঝবে? অ্যাকাউন্টসের মেয়ের বোঝা কি উচিত হবে? বা রিয়ার মতো সুন্দরী কারও আমার কাব্য করে কথা বলার ধাত কি সহ্য হবে?

তাই সংক্ষিপ্ত উত্তর দিই, ‘আমি ফারদিন। লিখি। কপিরাইটার।’

রিয়া হেসে দেয় এবার। বলে, ‘আপনাকে চিনি তো। আপনিই তো সেই মানুষ, যে গত এক বছরেও একটা ঠিকঠাক আইডিয়া দিতে পারেননি, তাই না?’

আমি আর কিছু উত্তর দিই না। শুধু যে ঘ্রাণ আসে রিয়ার কাছ থেকে, তা গোপনে গোপনে নিজের ভেতর পুঁতে দিতে থাকি। তেলাপোকাটা বোকার মতো দেয়ালে সেঁটে থাকে। শুঁড় দুটো একটু একটু নাড়াতে থাকে, এই যা!

দুই.

রিয়ার সঙ্গে আমার হাই-হ্যালো শুরু হয়।

ক্যানটিনে, করিডরে, স্মোকিং জোনে।

: হাই!

: হাই!

: কেমন আছেন?

: এই তো ভালো।

কথা ফুরিয়ে যায়। একদিন মনে হলো বলি, আপনাকে খুব সুন্দর লাগছে মেহগনি শাড়িতে। কিন্তু আমার ঠিক বিশ্বাস হয় না, মেহগনি বলে কোনো রং আদতেই আছে কি না বা থাকলেও রিয়া সেটা চেনে কি না। রিয়া স্কাইস্ক্র্যাপার চিনবে, কফিশপ চিনবে, বলডান্স চিনবে...মেহগনি রং কেন চিনবে?

আমরা পাশাপাশি সিগারেট খাই। রিয়া মেসেঞ্জারে মেতে থাকে। আমি রিয়াতে। সিগারেট শেষ হলে আরেকটা ধরাই। ফুসফুস নিতে পারে না, কাশি হয়ে বেরিয়ে আসতে চায়। রিয়া বলে, ‘আপনি কেমন মানুষ বলেন তো?’

আমি আবারও থতমত খেয়ে যাই। কেমন যে মানুষ আমি, রিয়া, তুমি কি বুঝতে পারবে?

বলতে চাই। বলতে পারি না। রিয়া তার মেসেঞ্জার ও মেহগনি শাড়ি এবং গোপন ঘ্রাণ নিয়ে দূরে চলে যায়।

আমি সেলফি ক্যামেরা ওপেন করি। নিজেকে দেখি। চোখমুখ তো আছেই। কপালও আছে একটা। তবু যে কেমন মানুষ আমি, কী করে বলি!

তিন.

অফিসের অনুষ্ঠানগুলোয় ছেলেদের পাঞ্জাবি পরে আসতে হয়। মেয়েদের শাড়ি। রিয়া তো শাড়িই পরে; তাই তাকে নতুন করে দেখার কিছু ছিল না। তবে নিজেকে নতুন করে দেখানোর প্রত্যয় তো ছিলই। একটা পেঁয়াজরঙা পাঞ্জাবি পরে সন্ধ্যায় খুব ঘোরাঘুরি করলাম হলরুম ধরে। রিয়া ফিরেও তাকাল না!

মঞ্চে গান হলো, নাচও হয়ে গেল একপশলা এবং বাইরে বৃষ্টি হলো প্রথম আষাঢ়ের। এ সময় কদম ফুল ফোটে। যদি একতোড়া কদম নিয়ে রিয়ার সামনে দাঁড়াতে পারতাম! কিন্তু আমার মনে হলো, কদমের বিষয়টা হয়তো রিয়া বুঝবে না! রিয়া প্রথম বর্ষায় নিশ্চয়ই কফি খায়, ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়াইনে চুমুক দেয়, ঘুমাতে যাওয়ার আগে বিদেশি থ্রিলারে চোখ বুলায়। তবুও সাহস করি। বলি, ‘আজ কদম পেলে আপনাকে দিতাম!’

রিয়া চোখ পাকায়, ‘অনেক সাহস হয়েছে তো দেখি আপনার!’

আমার মুখটা শুকিয়ে যায়। রিয়া ঝলমল করে হাসে। তারপর মাথা নাড়িয়ে কিছু একটা বলতে গিয়ে বলে, ‘না না! থাক, না বলি...আপনি কেমন মানুষ, আর না বলি!’

মঞ্চে ‘নদী আপন বেগে পাগল পারা’ চলতে থাকে। এত জঘন্য গাইছে! মেজাজটা খারাপ হতে থাকে। আমি চলে যেতে ধরি। রিয়া বলে, ‘শোনেন...’

আমি ঘুরে তাকাই। রিয়া বলে, ‘আপনি কেমন মানুষ জানেন?’

আমি জানতে চাই, কিন্তু মুখে কোনো উত্তর করতে পারি না।

রিয়া বলে, ‘আপনি আসলে তেলাপোকা!’

আমি নিজের পাঞ্জাবির পেঁয়াজরঙটা আবার দেখি। এই রং পরা ঠিক হয়নি।

রিয়া বলে, ‘উঁহু! পাঞ্জাবিটার জন্য নয়...আপনি চরিত্রে আসলে তেলাপোকা। আপনি শুধু টিকে থাকতে জানেন। উড়তে পারেন না, ওড়ার অভিনয় করতে পারেন বড়জোর।’

রাগ হওয়ার কথা, কিন্তু আমি হাসি। আর কী অদ্ভুত, হেসে ফেলে রিয়াও। সিনেমা হলে এখানে রোমান্টিক কোনো গান বাজত। তার বদলে মঞ্চ থেকে ভেসে আসতে থাকে যান্ত্রিক গোলযোগের শব্দ।

চার.

ঘরের আয়নায় অনেকক্ষণ দেখি নিজেকে। কাফকা আমার পড়া ছিল। কিন্তু আমার বিশ্বাস হয় না, রিয়া কখনো কাফকা পড়েছে। তবু সে আমার পিঠে দুটো ডানা জুড়ে দিতে পেরেছে, যে ডানাগুলো অপরিপক্ক। আমার মাথার ওপর ঠেলে বের করে দিয়েছে দুটো শুঁড়, যেগুলো একটু একটু করে নড়ছে। আর আমার পিঠের ভেতর থেকে তরবারির মতো করে বের করে নিয়েছে কশেরুকা। পেটের ভেতর ঢুকিয়ে দিয়েছে সাদা থকথকে জীবনী-তরল।

আমি রিয়াকে বলি, ‘আসো।’

রিয়া আসে।

অবিকশিত দুটো ডানা দিয়ে রিয়াকে আমি জড়িয়ে ধরি। রিয়া ছটফট করে, রিয়া হাঁসফাঁস করে। কিন্তু আমি তার কানে ফিসফিস করে বলি, ‘চলো, তেলাপোকা হই। এখন এটাই প্রেম!’