শান্তিরানী সিস্টারস অ্যাগ্রিগেশন, ২০২১
আপনি কি ম্যাগডালিনা রোজারিও?
মহিলা দূর আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে ঘোলা চোখে কপাল কুঁচকে রিমির দিকে তাকান। সকালের উজ্জ্বল রোদ থেকে হঠাৎ দৃষ্টি ফেরানোয় স্পষ্ট বুঝতে পারলেন না কে তাঁকে ডাকছে। তিনি বসে ছিলেন গ্রিল দেওয়া লম্বা বারান্দার এক কোণে রাখা কাঠের চেয়ারে, পরনে সুতি প্রিন্টের কাপড়ের মিডি, মিডির নিচে শ্যামলা পা দুটি দেখা যাচ্ছিল, পায়ে নীল ফিতার স্পঞ্জের স্যান্ডেল। চুলগুলো চকচকে রুপালি, কপালের কাছটা প্রায় খালি। গ্রিলের ফাঁক গলে আসা সোনাগলা রোদে মুখের এক পাশ উদ্ভাসিত।
রিমি তার সামনে হাঁটু গেড়ে বসল। ভদ্রমহিলা কানে কম শুনতে পান, আগেই জেনেছে। সে তাঁর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ঢাকা থেকে ফোন করেছিলাম আপনাকে। ডাক্তার জিওফ্রে ডেভিস সম্পর্কে জানতে।
ভদ্রমহিলা শূন্যদৃষ্টিতে চেয়ে রইলেন। ঘোলাটে দূরাগত দুই চোখ। মুখের ত্বকে অসংখ্য ভাঁজ। কী যেন বললেন বিড়বিড় করে। তারপর লোলচর্ম হাত দিয়ে রিমির হাতখানা ধরলেন। রিমির একটু পেছনে দাঁড়ানো তরুণী সিস্টার আশা গোমেজ গলা উঁচু করে জানাল, তিনি ঢাকা থেকে আসছেন আপনার সঙ্গে কথা বলতে। গেস্টরুমে বসবেন, নাকি এখানেই থাকবেন?
কে আসছে? কে জানতে চাচ্ছে? বিড়বিড় করতে থাকলেন ম্যাগডালিনা, ওদের তো কিছু বলার নেই। জানানোর মতো কিছু নেই তাদের। তারা সবাই মূর্তির মতো। মূর্তির মতো শুয়ে পড়ে। মূর্তির মতো উঠে চলে যায় আবার। এমনকি আশ্চর্য, তাদের কোনো ব্যথাও নেই। একটুও উঁ–আঁ করে না!
কাদের কথা বলছেন? নরম সুরে জিজ্ঞেস করে রিমি।
ওই যে! ম্যাগডালিনা আঙুল তুলে ওর পেছনে কাকে যেন দেখাতে গিয়ে কেবল একরাশ শূন্যতা দেখতে পান। তারপর নিজেকে সামলে নিয়ে আবার বলেন, ওই যে শশী, পাপিয়া, জরিনা, বিনু, চামেলী, শিখা…
সিস্টার আশা ওর হাত ধরে ফেলে, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, গেস্টরুমে বসবেন।
তাতে কোনো লাভ হয় না। ম্যাগডালিনা বলতেই থাকেন—সজনী, রেখা, আলেয়া, রেশমী, পারুল…
সিস্টার, থামুন। আবার অনুরোধ করে আশা।
আর ওই মেয়েটা, মাত্র ১০ বছর বয়স, কী যেন নাম! ওহ, নামটাও বলতে পারেনি। এত ভয় পাইছিল সে। শরীরে কোনো রক্ত নেই। একেবারে সাদা। যেন একটা মর্মরমূর্তি! যেন ভার্জিন মেরি! বলতে বলতে বুকে ক্রুশ আঁকেন ম্যাগডালিনা। ভক্তিতে চোখ বন্ধ করেন। যেন কুমারী মেরি এই মুহূর্তে তাকে দেখা দিয়েছেন, এই সোনালি রোদের হেমন্তের সকালে, এখানে, দিনাজপুরের এই শান্তিরানী সিস্টারস কনগ্রিগেশনের গ্রিল দেওয়া টানা বারান্দায়। বৃদ্ধ ম্যাগডালিনার মস্তিষ্ক সাম্প্রতিক স্মৃতি সংরক্ষণে অক্ষম, এ তার রোগ, কিন্তু অতীত তাকে একমুহূর্তের জন্যও ছাড়ে না। তিনি দিনমান অতীতের মধ্যেই বাস করেন। আর তাই এখনো সুসমাচার একফোঁটাও ভুল বলেন না। ‘দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর!’
সিস্টার আশা এবার হতাশ হয়ে রিমির দিকে তাকাল, এই শুরু হলো! উনি এ রকম কথা বলতেই থাকবেন। আজকাল এমন করেন। কথার কোনো ঠিকানা পাওয়া যায় না। কোত্থেকে কোথায় চলে যান।
রিমি মাথা নাড়ল, আমি এখানেই বসি। একটা মোড়া যদি দিতে পারেন।
আশা একটা বেতের মোড়া দিয়ে গেল। মিষ্টি সোনাগলা রোদে পা দুটি পেতে ম্যাগডালিনার হাঁটুর কাছে বসল রিমি। হাতে নীল রঙের ডায়েরি। একটা খয়েরি ফাইল। কিন্তু এসব দিয়ে আর কী হবে?
সে তাকে মনে করিয়ে দিতে চাইল, ডাক্তার ডেভিস। ১৯৭২ সাল। ধানমন্ডির একটা ক্লিনিক। আপনি কাজ করতেন ডেভিসের সঙ্গে। মনে পড়ে, সিস্টার?
ম্যাগডালিনা চোখ ছোট করে ফিসফিস করে বলেন, ডেভিস। হ্যাঁ ডেভিস। সাক্ষাৎ দেবদূত। কিন্তু তিনিও ঘাবড়ে গিয়েছিলেন ওরে দেখে। এত ছোট মেয়েটা। ডেভিস বলল, শি ইজ সো ফ্রাজাইল! সো স্মল! তা ছাড়া ওর কোনো রক্ত নেই শরীরে। কিন্তু আছে পাপিষ্ঠের বীজ! তারপর ব্লিডিং শুরু হলো। সারা রাত, সারা বিকেল ধরে ব্লিডিং। মেয়েটা চড়ুই পাখির মতো হালকা আর সাদা হয়ে গেল। তারপর শেষ রাতে মিলিয়ে গেল আকাশে। পড়ে থাকল দলা দলা কালো রক্ত! খালি রক্ত।
কী নাম ছিল ১০ বছরের মেয়েটার? সাবধানে জিজ্ঞেস করে রিমি।
ম্যাগডালিনা আবার খেপে যান। নাম? এত নাম মনে থাকে? শেফালি, রোজি, দীপালি, রিজিয়া…। রেজিস্টারে লাইন টানা শুধু নামের পরে নাম। নামটাই শুধু আছে, আর কিছু নেই। নাম ধরে ডাকি। একের পর এক আসতে থাকে। তারপর আরও, আরও। দিনে–রাতে এক শ–দেড় শটা মেয়ে আসে রোজ। কোথা থেকে যে এত মেয়ে আসে? কত মেয়েকে ওরা ছিঁড়েখুঁড়ে খাইছে? কত লাখ? কত হাজার? তারা আসে, শোয় আর ওঠে। তারা কোনো কথা বলে না। তারপর এখানে তাদের শরীর আর আত্মার অংশ ঘৃণাভরে ফেলে দিয়ে কোথায় চলে যায়। তারপর তাদের আর দেখা পাওয়া যায় না।
কেন তারা কোনো কথা বলে না?
কে জানে? মনে হয় সব বোবা। খালি বড় বড় ভাসা–ভাসা চোখ। কারও কপালে অনেক দিনের পুরোনো মুছে যাওয়া সিঁদুরের দাগ। কারও চুল ঘাড়ের কাছে ঘ্যাঁচাং করে কাটা। কারও ঠোঁটের কোণে দগদগে ঘা। কারও চামড়ায় ছত্রাক ভরা। আমরা নাম ধরে ডাকি আর একজন একজন করে আসে। পুতুলের মতো। মূর্তির মতো। তাদের তো বলার কিছু নেই।
কাঁদে না? তারা কেউ কাঁদেও না? রিমি অবাক হয়ে প্রশ্ন করে।
ম্যাগডালিনা মাথা নিচু করে থাকেন। তারপর মাথাটা এপাশ–ওপাশ করেন। নাহ্, কাঁদতে দেখিনি কাউকে। কেউ না। একজন খালি, কে জানি, কী জানি নাম, শশী না শিখা? কাজ শেষ হইবার পর শাঁখা পরা হাত দিয়া আমার হাতটা চাইপা ধরল। জিজ্ঞেস করল, দিদি, ওর কি প্রাণ আছিল? বুক ধুকপুক করছিল? চউখ ফুটছিল কি?
তারপর?
আমি বালতির ভিতর উঁকি দিয়া দেখলাম। বালতিভরা ভ্রূণের স্তূপ। কোনোটা তিন মাসের, কোনোটা চার মাসের। কোনোটা আরও বড়, এমনকি সাত মাসের। ডাক্তার ডেভিস নানা টেকনিক জানতেন। সাত-আট মাসেরটাও অনায়াসে অ্যাবরশন করাইতেন। তো স্তূপ করা ভ্রূণ আর রক্তের দলার মধ্যে শশী না শিখার বাচ্চা কোথায় তলায়ে গেছে, দেখা যায় না। মেয়েটা আমার হাত ধইরাই রাখছে। ছাড়ে না। কিন্তু ততক্ষণে আরেকজনরে ডাকা হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নামতে হবে। তারে জোর করে ঠেলে বিদায় করা হইল। তারপর সে কোথায় চলে গেল!
কিন্তু বগুড়া ক্রিশ্চান মিশনারি হাসপাতাল থেকে আপনি ডেভিসের ক্লিনিকে কীভাবে গেলেন?
ঈশ্বর ক্ষমা করুন। ম্যাগডালিনা কেন যেন সংলগ্নতায় ফিরতেই পারছেন না। একাধারে কেবল কথা বলে চলেছেন।
পাপ, পাপ। কী অলঙ্ঘনীয় পাপের বোঝা আমার আত্মাজুড়ে। আমার এই দুই হাত ভরা রক্তের দাগ। নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুদের রক্ত। তারা কখনো জানবে না কেন তাদের হত্যা করা হয়েছে? তারা কি আমাকে স্বর্গের বারান্দায় চতুর্দিকে ঘিরে ধরবে? ঘৃণা করবে? ওহ্, ঈশ্বর কি আমায় ক্ষমা করবেন? হায় ঈশ্বর!
ম্যাগডালিনা রোজারিও কাঁদতে শুরু করলেন। রিমি বিব্রত হলো খুব। বুড়ো মানুষ। বয়স সত্তর তো পেরিয়েছেই। বাহাত্তরে তার বয়স কত ছিল? উনিশ? বিশ?
শান্তিরানী সিস্টার অ্যাগ্রিগেশনের তরুণী সিস্টাররা তাঁকে পাঁজাকোলা করে ভেতরে নিয়ে গেল। আশা গোমেজ বলল, আপনি বরং আজ চলে যান। দেখছেন না উনি সব গুলিয়ে ফেলেছেন। কী বলতে কী বলেন ঠিক নেই। আর হঠাৎ হঠাৎ এ রকম ইমোশনাল হয়ে পড়েন। সারা দিন কাঁদেন।
কবে থেকে তিনি এমন অসুস্থ? রিমি জিজ্ঞেস করে।
বহুদিন ধরেই। আশা একটা দীর্ঘশ্বাস ফেলে, মানে আমি এখানে যত দিন আছি। উনি কিছু খেতে পারেন না। খাবার দেখলেই ওনার বমি আসে। খাবার ফেলে উঠে যান। ওজন কমে যাচ্ছে। মিশনের ডাক্তার দেখেছে। কোনো রোগ পায়নি।
তাহলে?
উনি নাকি খালি রক্তের দলা দেখতে পান যখন–তখন। খেতে বসলে, গোসল করতে গেলে, এমনকি ঘুমের মধ্যেও। ছোট ছোট অস্ফুট অসম্পূর্ণ হাত–পাওয়ালা রক্তমাখা চকচকে শরীর দেখে যখন–তখন চিৎকার করে ওঠেন। রাতে ঘুমের ভেতর জেগে ওঠেন। তাঁর বিছানার চারপাশে জন্মাতে না পারা অপাপবিদ্ধ শত শত ভ্রূণ ভিড় জমায়। তিনি ঘুমাতে পারেন না, খেতে পারেন না। এভাবেই চলছে।
আশা একটা, দীর্ঘশ্বাস ফেলে বুকে ক্রুশ আঁকে, ঈশ্বর ক্ষমা করুন।
রিমি রেস্টহাউসে ফিরে এল। প্রতিদিন এক শ–দেড় শ গর্ভপাত! দিনের পর দিন, মাসের পর মাস। তারপর সেই মেয়েগুলো নাড়ি ছিঁড়ে ফেলে দিয়ে কোথায় চলে গেল? এই পৃথিবী, এই দেশ, এই জাতি তাদের আর কোনো খোঁজ পেল না কোথাও? কেবল বগুড়া ক্রিশ্চান মিশনারি হাসপাতালের নার্স ম্যাগডালিনা রোজারিও এত বছর ধরে তাদের হারিয়ে যাওয়া নামগুলো বুকের ভেতর পুষে রাখলেন?
রিমি রেড ক্রিসেন্ট রেস্টহাউসের দোতলায় সারা রাত বসে রইল। তার নীল ডায়েরি আর খয়েরি ফাইলের পৃষ্ঠাগুলো সাদাই রয়ে গেল। এক লাইনও লেখা হলো না।
পরের দিন শান্তিরানীতে গিয়ে সে শোনে ম্যাগডালিনা রোজারিও গতকাল রাতে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সারা রাত বারবার বমি করেছেন, উল্টাপাল্টা বকেছেন। সিস্টাররা তাকে স্যালাইন দিয়ে রেখেছেন। রিমি তার বিছানার পাশে একটা টুল নিয়ে বসল। দুই চোখ বন্ধ করে শুয়ে ছিলেন তিনি। বুকটা ওঠানামা করছে। ঠোঁট দুটি কাঁপছে। সে আস্তে করে তার হাত ধরল।
তিনি চমকে উঠে বললেন, কে, শশী নাকি? না পারুল? রিজিয়া? তোমরা এখনো চলে যাওনি?
সিস্টার, আমি রিমি।
রিমি কে? তোমরা সবাই আমার বিছানার পাশে কী করছ? কেন তোমরা বারবার আমার কাছে আসো? আমি পাপী, আমি অবিশ্বাসী। ডাক্তার ডেভিসের ক্লিনিকে আমার ঈশ্বর বিশ্বাস টলে গিয়েছিল। আমার ঘৃণা হয়েছিল, প্রচণ্ড ঘৃণা। ঈশ্বরের প্রতি, পৃথিবীর প্রতি। স্বর্গ নামের অলীক ধারণার প্রতি। মানুষের প্রতি। ঈশ্বর কি আমাকে কখনো ক্ষমা করবেন?
সিস্টার, প্লিজ, থামুন। আপনার কষ্ট হচ্ছে।
ম্যাগডালিনা তার হাত খামচে ধরেন। তার চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু। তার ঘোলাটে দৃষ্টি রিমিকে ছাড়িয়ে বিছানার চারপাশে দাঁড়ানো অসংখ্য তরুণী ও কিশোরীর খোঁজে। তিনি অনুনয় করেন। ক্ষমা চান বারবার। তারপর বিড়বিড় করে বাইবেল পড়েন:
এ জন্য সেই পিতার কাছে আমি জানু পাতছি, যেন তিনি প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও; যেন বিশ্বাস দ্বারা খ্রিষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে এই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কী এবং জ্ঞানাতীত যে খ্রিষ্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও। আমেন!