সদ্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(শেষ পর্ব)

‘আমার আর আমার আগের স্বামীর একটা ফার্মহাউস ছিল। তিনটা ঘোড়া ছিল আমাদের। জেমা নামের ঘোড়াটা ছিল সবচেয়ে সুন্দর, আর আমার সবচেয়ে আদরের। ডিভোর্সের পর ফার্মহাউসটা আমার নামেই লিখে দেয় মরগ্যান। আমি কি আর জানতাম, জেমা আমাকে দুই চোখে সহ্য করতে পারত না? এই যে দেখ—একদিন দানা খাওয়াতে গিয়ে আচমকা লাথি খেয়েছি আমি—চোয়াল ভেঙেছে আর দাঁতগুলিও,’ বলতে বলতে ঠোঁট প্রসারিত করে দেখাল দাঁতবিহীন মহিলাটা—এক মুহূর্তের জন্য মনে হলো ও বুঝি হাসছে। এরপর থেকে পশুপাখি তো বটেই, এমনকি অবোলা শিশু দেখলেও মহিলা ভয়ে আর উৎকণ্ঠায় কাছে যেতে পারে না। হার্লে কুইনের মতো ফ্যাকাশে সোনালি চুল আধা গোলাপি করে দুই কানের ওপর চূড়া করে দুই লম্বা ঝুঁটিতে বেঁধে রাখা মেয়েটা বলল, ‘ইউনিকর্ন যেমন আমার খুব ভালো লাগে—ঘোড়া যদিও পোষা প্রাণী হিসেবে কেমন হয়, আমি জানি না—আমার আদরের পোষা জন্তু যদি এমন করত, আমিও তোমার মতোই...।’ দাঁতবিহীন বয়স্ক মহিলাটা মাথা সামান্য নিচু করে ডান হাতের গ্লাভসে মোড়ানো তর্জনী দিয়ে বাঁ হাতের গ্লাভসে-মোড়ানো তালু চুলকাতে লাগল আর সম্মতি জানিয়ে অল্প অল্প মাথা নাড়ল। প্রৌঢ় লোকটা, যার বগলের নিচ থেকে বাদামি রঙের ছাতার ডাঁটি বের হয়ে আছে, প্রথমে কিছুই বলতে পারছিল না। আমরা শান্ত আর সংযতভাবে চুপ করে থাকায় ও হয়তো মনে জোর পেল। বলল, কর্মমুখী কলেজের ফাইল ক্লার্ক ছিল সে। কিন্তু আজকাল তো সবই ডিজিটাইজ হয়ে গেছে—ফাইলপত্র ইনডেক্স করতে বা ম্যানেজ করতে একজন ফুলটাইম কর্মচারী রাখা তো যেকোনো প্রতিষ্ঠানের জন্য আলগা খরচেরও ব্যাপার। এই বয়সে কেউ আর নতুন করে কী শিখবে? বাধ্যতামূলক অবসরে গিয়ে লোকটা একাধারে ডিপ্রেশন আর অ্যাংজাইটি বাঁধিয়ে বসেছে। তার ছেলে নাকি তাকে বলেছে একা একা না থাকতে; বলেছে ছেলে-ছেলের বউ-নাতির সঙ্গে এসে উঠতে। এতে ওদের বাচ্চার ডে-কেয়ারের খরচও বেঁচে যায়। ‘কিন্তু পরের গলগ্রহ হয়ে থাকব, আমি তেমন ছেলে নই’—গোঁজ হয়ে বলল প্রৌঢ় লোকটা। ষাটের কাছাকাছি বয়সের একজন লোকের নিজেকে ‘তেমন ছেলে নই’ বলে ডাকার মধ্যে কৌতুককর একটা অসহায়ত্ব ছিল। দুই ঝুঁটির হার্লে কুইন মেয়েটা বলল, ‘ফ্যামিলি কিন্তু ডিপ্রেশন কাটাতে মারাত্মক হেল্প করে। আমার যেমন ফুল ফ্যামিলি থাকে লন্ডনে—এইখানে তাই সুযোগ পেলেই ইয়োগা রিট্রিটে চলে যাই। সুন্দর একটা সময় কাটে—মনে হয় নিজের পরিবার যেন এরা। যদিও আমার বান্ধবীরা বলতে চায় আমার দুই দিন পরপর ইয়োগা আর মেডিটেশনে যাওয়ার বাতিক আছে। হা হা...আমি তো গত বছর সাইকায়াট্রিস্টই বদলেছি চারটা...।’

এরপর আমার পালা। আমি আমার বক্তব্য মাথায় গুছিয়ে রেখেছিলাম। বললাম, আমাকে আমার অফিস থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। বললাম, আমার বস জানত যে অস্ট্রেলিয়ার শ্রম আইনে কারও চাকরির বয়স যদি ছয় মাসের কম হয়, তাহলে কর্তৃপক্ষ তাকে এক মুহূর্তেই চাকরিচ্যুত করতে পারে। বললাম, আমাকে মিটিং রুমে ডেকে নিয়ে এমন হড়বড় করে জবাব দিয়ে দেওয়া হলো যে আমি তাজ্জব বনে গিয়েছিলাম। বললাম, আমার বসের চেহারা দেখে মনে হচ্ছিল, তক্ষুনি—ওই মুহূর্তেই আমার চাকরি খেয়ে না দিলে বিরাট অনর্থ ঘটে যাবে, আর দুইটা মিনিট সময় বেশি নিয়ে নিলে ঘড়িতে ঢং করে বেজে উঠবে ‘ছয় মাস’, আর আমি গটগট করে হেঁটে গিয়ে শ্রম অধিকার দপ্তরে গিয়ে ধরনা দেব, আমার অফিসের নামে কিংবা আমার জালিম বসের নামে মামলা ঠুকব।

আমি বুঝি সময় একটু বেশিই নিয়ে ফেলেছিলাম। তামজিদ নামের ছেলেটার দিকে সকলের চোখ ঘুরে গেল দেখে আমি থেমে গেলাম। আমার আরও কিছু বলার ছিল—আমার আব্বার কথা, আমার আব্বার চলে যাওয়ার কথা, অভিবাসনের প্রশাসনিক জটিলতায় আমার আব্বাকে আমার শেষবারের মতো দেখতে না পাওয়ার কথা, মিশুর কথা, আমাদের দুজনের আমতা-আমতা করে ইংরেজি বলার কথা, গরিব আত্মীয়র মতো পাবলিক ট্রান্সপোর্টের কোনা ঘেঁষে বসে থাকার কথা। সেই সব কিছুই বলতে পারলাম না। তামজিদ ছেলেটা বলতে শুরু করল। ওর বয়স আমার কাছাকাছিই হবে—প্রথাসিদ্ধ রকমের সুন্দর না, কিন্তু ঘোর তামাটে রঙের মধ্যে এমন একটা পালিশ ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল না পালিশটাই ওর সহজাত, নাকি ওর চেহারার খর বিষয়টাই জন্মগত। আল্লাহর দেওয়া স্বাভাবিক সৌন্দর্য মানুষের হাতে অবহেলা পেতে পেতে যে অবস্থায় দাঁড়ায়, তেমন একটা অসম্পূর্ণ শ্রী দেখলাম আমি ওর মুখে। এই রকম মুখ আমি চিনতে পারি, কিন্তু তবু কেন মনে হচ্ছে চিনতে পারিও না? ও বলল ও পাকিস্তানি, কিন্তু সেই সাউথ এশিয়ানই তো। ও বলল ও এখানে এসেছে, কারণ ওর বাচ্চার অটিজম আছে। নতুন পরিবেশে গেলে কিংবা নতুন মানুষের সঙ্গে দেখা হলে ওর বাচ্চাটা গুটিয়ে যায়, ভয় পায়, কাঁপতে থাকে—শিশুদের সামাজিক উৎকণ্ঠা নিয়ে তাই ও জানাশোনা বাড়াতে চাইছে। ‘আমি যেহেতু একজন আদর্শ বাবা পাইনি, আমি আমার ছেলেকে বেস্ট প্যারেন্টহুড দিতে চাই।’ সঞ্চালক কাইলি নড়েচড়ে বসল, বুঝি চোখ সরু করে তামজিদকে দেখল। আমার মনে হলো আমার মতো সে-ও বোঝার চেষ্টা করছে যে সত্যিই তামজিদের মতলবটা কী। তামজিদ বুঝি সেটা টের পেয়েই তাড়াহুড়া করে বলে ফেলল ওর রক্ষণশীল পাকিস্তানি পরিবারের কথা—ওর জাঁদরেল বাবা আর সংগ্রামী মা ওকে যে শৈশব-কৈশোর দিয়েছে, তাতে মানসিক সমস্যা দূরের কথা, মানসিক দুর্বলতারও কোনো জায়গা নেই। ওর জন্ম লাহোরে। স্কুল ফাইনালের পর ডি-ব্লক মডেল টাউনে রাতবিরাতে বাইক চালিয়ে বন্ধুদের সঙ্গে কাবাব খেতে গেছিল বলে নাকি ওর বাবা ওর বড় ভাইয়ের বাইক জ্বালিয়ে দিয়েছিলেন। এগারোতে পা দিতে না দিতেই ওকে আর ওর ভাইকে নিয়ে ওর মা-বাবা মেলবোর্ন চলে আসেন। তারপর মামাদের মোটর পার্টসের দোকানে ওর ভাই কাজ শুরু করে ওদের কাজিনদের সঙ্গে। নতুন শহরে এসে তামজিদ ডিপ্রেশনের কবলে পড়ে। পড়ালেখাও অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়; যদিও মেলবোর্নে ওর পবিত্র কোরআনের ইলম তৈরির তালিম চলত দস্তুরমতো। বাড়িতে হুজুর আসত। হুজুর বললেন, ডিপ্রেশন হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। এর কারণে মানুষ পেরেশান হয়ে পড়ে। শয়তান কানের কাছে ফিসফিস করে মানুষকে জীবনের অর্থ ভুলিয়ে দেয়। বিশেষত, যে ব্যক্তি দ্বিনের পথে চলার ইচ্ছা করে, তাকে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করে।

কাইলি আর হার্লে কুইন মেয়েটা খুব মন দিয়ে শুনছিল। ওদের দিকে তাকিয়ে কেমন যেন বহুভাষী সাংবাদিকের মতো গলা করে তামজিদ বলল, আরবিতে ডিপ্রেশনকে বলে ‘ওয়াসওয়াসা’।

ওর উচ্চারণে ‘ওয়াসওয়াসা’ শব্দটা শুনে আমি ওর দিকে পুরা চোখ মেলে তাকালাম। এক ঝলকে চিনলাম আমি ওকে। ওর নাম কামরুল। ওর জন্ম সরাইলে, মানে ব্রাহ্মণবাড়িয়ায়—লাহোরে নয় মোটেও। ওর মা লালমতি। ওর মায়ের ইনকাম দিয়ে ওর বাবা নেশা করত, তাই ওকে নিয়ে ওর মা চলে এসেছিল আমাদের বাসায়। তিরাশি সনে। আমরা বলতাম ‘আশ্রিত’, আসলে ছিল কাজের লোক।

এক মুহূর্তের ভেতর এই সব মনে পড়ে গেল আমার—মুহূর্তটাই কি প্রলম্বিত হয়ে ছিল, নাকি আমিই কোনো উঁচু জায়গার থেকে কারও ধাক্কা খেয়ে ‘ধুপ’ করে পড়ে যাওয়ার বদলে বাতাসের ভেতর ধীরে-অতিধীরে ভাসতে ভাসতে বিবর্ণ মাটিতে ল্যান্ড করলাম, জানেন আমার আল্লাহ। আমার মুখভর্তি দাড়ি, তাই বুঝি আমাকে চিনতে পারেনি কামরুল! তামজিদ নাম কবে নিল ও?

*
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা। সবুজ ফোন করে বলল, একটু পরই ও রওনা দিচ্ছে।

বাদ দে, দোস্ত। ইচ্ছা করতেছে না। আমারে আমার মতো থাকতে দে না তোরা!

বহুত থাকছস তোর মতো। আজকে আমি আসুমই। চব্বিশ ঘণ্টা একলা একলা নিজের মাথায় নিজে হাগোস। তোর খাসলত জানি আমি।

তুই শিওর, আসবি? কালকে না আবার তোর অফিস? দেরি হয়ে যায় যদি?

আরে রাখ! দরকার হইলে তোর বাসা থেকে অফিস যাব। প্রবলেম কী? আর, তোর কী? তোর তো আর অফিস নাই কালকে।

মিশু ঠিকই সবুজকে বলে দিয়েছে আমার চাকরি যাওয়ার কথা। তাতে অবশ্য তেমন সমস্যা নেই। সবুজ তো আমার সবচেয়ে পুরোনো বন্ধু। সবুজ এলে বরং ভালোই হয়। কিছু টাকা ধার চাইব—সবুজ যখন এই দেশে নতুন এসেছিল, তখন হাজার দুয়েক ডলার আমিও তো ধার দিয়েছিলাম। দিইনি? আমার ফ্যামিলি বলতে তো এখন সবুজরাই। মিশুকে যদিও বলা যাবে না ধারকর্জের কথা।

আচ্ছা, শুন। তোর কামরুলরে মনে আছে?

কোন কামরুল? ইগলু কোম্পানির সেলস ম্যানেজার ছিল যে?

আরে না। ধুরো। আমাদের বাসায় থাকত যে। আমাদের বুয়ার ছেলে। মনে নাই? তুই তো ওর হেভি ফ্যান ছিলি।

ওহ্। তোদের কলোনি বাসার কামরুল! ওদেরকে না খেদায়া দিছিলি? ওরে পাইলি কই?

অ্যাংজাইটি সাপোর্ট গ্রুপের মিটিংয়ে গিয়েছিলাম একটা। আরে আগে শুন! শালা তো আমারে চিনে নাই। আমি তো ঠিকই চিনছি। চাপাবাজি করতেছিল।

কী বলছে?

বলছে ওর জন্ম লাহোরে। বলছে ওর আরবির হুজুর ওরে ‘ওয়াসওয়াসা’ শিখাইছে। বলছে একদিন বিকেলে হুজুরের নির্দেশে অজিফা শরিফ আনতে ওর আব্বা-আম্মার রুমে গেছিল। গিয়া নাকি দেখছে ওর আব্বা ওদের বাসার আশ্রিত মহিলার সঙ্গে ইয়ে করতেছে। তাই দেইখা ওই মহিলার ছেলেরে নাকি দিছে বেদম মাইর। এই সব নানান হাবিজাবি চাপাবাজি। আবার নিজের নাম কইল তামজিদ।

কস কী? কী সাংঘাতিক! এই সব কাহিনি আসলেই তোদের বাসায় হইছিল নাকি?

সবুজ, তোর কি মাথা খারাপ?

সরি। এই রকম প্রশ্ন আমি তোরে ক্যামনে করলাম? রিয়েলি সরি, দোস্ত। বাট তুই শিওর এইটা ওই কামরুলই?

তুই ফেসবুক বা লিংকডইনে সার্চ দিয়া দ্যাখ না। তামজিদ মালিক। মেলবোর্ন। এই কিওয়ার্ড দিয়া দ্যাখ। পরিষ্কার এইটা কামরুল।

আচ্ছা। দেখুম। আগে রেডি হই। কোক আনুম? স্ন্যাক্স আছে কিছু বাসায়? মিশুরে রাতে রান্না করতে মানা কর। আমি আইসা উবার-ইটেস খানা অর্ডার দিমু।

আমি বুঝলাম না লার্নিং সেন্টারে কামরুলের সঙ্গে দেখা হওয়ার ঘটনাটা সবুজকে বলে আমি ভালো করলাম কি না। থাকত আমার মনের পুরোনো ক্ষত মনেই! আর এর সবটা তো আমার মনের সম্পত্তিও না—অনেকখানিই তো আমার পরিবারের সম্মান, আর আমার আব্বা-আম্মার অতীতের সঙ্গে জড়িত। এই কি যথেষ্ট ছিল না যে আমার নামের ওপর বেরহম ছেলের কলঙ্ক লাগল? ঢাকার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব—এমনকি আম্মা কিংবা মুন্নিও—কি কখনো আব্বা চলে যাওয়ার পর আমার বিদেশের পাসপোর্ট আঁকড়ে পড়ে থাকার গুনাহ মাফ করতে পারবে? তার ওপর চাকরি চলে যাওয়া, আমার দীর্ঘমেয়াদি মনের অসুখ—সবকিছুর ঊর্ধ্বে কামরুলের সঙ্গে এত দিন পর ওইভাবে দেখা হয়ে যাওয়া—নাহ্, এই সবের কোনোটাই সবুজকে হড়হড় করে সবকিছু বলে দেওয়ার অজুহাত হতে পারে না। ঢাকায় ওদের প্রত্যেকটা সকাল না জানি কেমন যন্ত্রণার—আহা, আম্মা কত চেষ্টাই না করত আব্বাকে সুপথে আনার, কিন্তু আব্বার মতি ফিরল না; ‘তোমরা হজে গেলে যাও মিয়া! আমার এখনো বয়স হয় নাই,’ বলেছিল আমার সত্তরোর্ধ্ব আব্বা—এখন কবরের আজাব কি আব্বার একার? মুন্নি গতকালও ফোনে কেমন কান্নাকাটি করল। ওকে যথারীতি মামারা আব্বার কবরের কাছে ঘেঁষতে দেয়নি মেয়ে বলে। আর এই সবের মধ্যে আমার এই সব ধ্বজভঙ্গ টাইপ আচরণ—সবুজরা আমাকে আজীবন ডেকেছে ‘মাইগ্গা’—আব্বার ছেলে যে এমন তুলুতুলু স্বভাবের হতে পারে, আব্বা কি তা ভেবেছিল?
মিশু সকাল সকাল বক্স-স্প্লিট স্কার্ট আর উঁচু হিলজুতা পরে কাজে গেছে। ওর ম্যানেজার হারামজাদি নাকি বলেছে ওর মতো পাঁচফুটি মেয়ের হাইহিল না পরে সেলমে কাজ করতে আসাই উচিত না। ‘প্রেজেন্স’ যদি না থাকে, কী দেখে ক্রেতারা মজবে? তাই তো, কী দেখে মজবে বলো মিশু? শুধু আমাদের বাঙাল টানের খুঁতিয়াল ইংরেজি কথায়? সাদা বেটি! সবুজ এদের দেখেই বলে ‘শুয়ে শুয়ে বড় হইছে’। মিশু অনেক শক্ত ধাতের মেয়ে। ম্যানেজারের প্রায়-রেসিস্ট কথাবার্তা আর অসংবেদনশীল হাসিতামাশা ও গায়েই মাখে না।

আচ্ছা, আমি কি সন্নিধান ছাড়া স্মৃতিকে আর কোনোভাবে প্রসেস করতে পারি না—ইংরেজিতে যে প্রক্রিয়াকে বলে ‘অ্যাসোসিয়েটিভ মেমোরি’? আমার সাইকিয়াট্রিস্ট ঠিকই বলে। একজন বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক পুরুষের কি এর চেয়ে উচ্চতর বিচার-বিশ্লেষণের ক্ষমতা থাকা উচিত না? যেমন, কেন আমার তামজিদকে দেখে মনে পড়তেই হলো ছোট কামরুলকে আর ছোট ‘আমি’-কে, চল্লিশের আব্বাকে, তিরিশের আম্মাকে, পায়ে-পায়ে ঘোরা মুন্নিকে, অসংখ্য আশ্রিতধন্য আমাদের কলোনি-বাসাকে, যে বাসায় উনুন নিভত না, যে বাসার সদর দরজা দিয়ে ঢুকে উবু হয়ে জুতা খুলতে গেলেই ভাত সেদ্ধ হওয়ার গন্ধ নাকে লাগত? কেন আমি জীবনের টাইমলাইনের ঘটনাগুলোর ভেতর সুইচ অন-অফ করতে পারি না? আমি কি হাবা এতই?

শেষ বয়সে আব্বা অযথা অনেক প্রশ্ন করত—বুয়া, ড্রাইভার, মিশু, এমনকি মাঝেমধ্যে আমরাও খুব বিরক্ত হতাম। যে ডাক্তার ধৈর্য ধরে আব্বার সমস্ত প্রশ্নের উত্তর দিত, আব্বা তাকেই বলত ভালো ডাক্তার—যোগ্যতার ধার ধারত না। কিন্তু কম বয়সে এই আব্বাই ছিল নিষ্প্রশ্ন একজন পুরুষ—নিজের শক্তি এবং নিজের খেয়ালখুশির ব্যাপারে শতভাগ নিঃসন্দেহ। নতুন বাই চাপলে আব্বাকে থামিয়ে রাখা তো যেতই না, বাকি সবার সেটার অংশ হতে হতো—সেটা এক পুকুরভর্তি পাঙাশ মাছ তুলে আনার খেয়ালই হোক, আর নতুন কোনো ব্যবসার আইডিয়াই হোক। একবার চাকরি ছেড়ে আব্বা চিংড়ির ঘেরে টাকা লাগাল। ঘরবাড়ি ফেলে আব্বা তখন সাতক্ষীরা গিয়ে থাকত—বাসায় এসে সংগ্রামী জীবনের গল্প করত: নৌ-ডাকাতির গল্প, ঘের নিয়ে পলিটিক্যাল রেষারেষির গল্প, ডালের সঙ্গে বাগাড়ের কালিজিরা মনে করে পোকা খেয়ে ফেলার গল্প ইত্যাদি ইত্যাদি। সেই ব্যবসায় ধরা খেল আব্বা। এমন আরও গোটা দুয়েক ব্যবসায়। তাতে আব্বা খুব বদলায়নি। মামারা আর কাজিনরা বলত আব্বা মানুষটা নাকি লার্জার দ্যান লাইফ। আম্মার কারণেই হয়তো আব্বা এমন একটা চরিত্রে মর্ফ করে যেতে পেরেছিল। তাই বলে আব্বা স্বেচ্ছাচারী ছিল না মোটেই। আব্বার মধ্যে একটা বিশেষ রকমের দায়িত্বহীন লজ্জা দেখেছি বহুবার, অনভ্যস্ত চোখে যেটা নির্লজ্জতার কাছাকাছি, কিন্তু নির্লজ্জতার মতো লাগামছাড়া নয়।

আমাদের পাড়ার রিক্রিয়েশন ক্লাবে বন্ধুদের সঙ্গে আব্বা প্রায়ই হাউজি খেলতে যেত, আর বাড়ির ভেতর ঢুকত মধ্যরাতের আগে আগেই, যেমন করে ফাঁকিবাজ, ব্যাকবেঞ্চার ছাত্ররা চুপচাপ পেছনের দরজা দিয়ে ক্লাসরুমে ঢোকে। গেস্টরুমটা ছিল আব্বার ডেরা। হাউজির রাতগুলোতে বাড়ি ফিরে খেয়েদেয়ে আব্বা গেস্টরুমে নিরুত্তাপ বসে থাকত রাত দুইটা পর্যন্ত। তার আগে প্যান্ট বদলে লুঙ্গি পরত, দাঁতে লুঙ্গি চেপে ধরে খসখস শব্দে তার ভেতর দিয়ে সারা দিনের প্যান্টটা গলিয়ে বের করে চেয়ারের হাতলে রাখত। প্যান্টের নেতানো শরীরে কালো বেল্টটা শক্ত হয়ে জেগে থাকত। আম্মার শাসনের বাড়িটা, আর আব্বার উপস্থিতিতে আম্মার শাসনের বাড়িটা—দুইটা আলাদা দেশের মতো ছিল। এমন না যে আব্বা-আম্মার ভেতর কোনো টান ছিল না—কিন্তু টান ছাড়াও তাদের মধ্যে কলহহীন অবহেলার একটা সিনথেটিক বোঝাপড়া ছিল। জয়াপ্রদাকে আব্বার ভালো লাগত। আর সুপ্রিয়া দেবীকে—সুচিত্রাকে নয়। সেই সব দিনে গেস্টরুমে পাতা জাজিমের কোণে বুড়া লাউয়ের মতো দেয়ালে হেলান দিয়ে পড়ে আব্বা চুপচাপ ভিসিআরে হিন্দি ভিডিও ক্যাসেট চালিয়ে ছবি দেখত—চব্বিশ ইঞ্চি টিভিতে—ভলিউম মিউটে দিয়ে, আর একপর্যায়ে নাক ডাকতে থাকত। দুই-দুইটা ১০০ ওয়াটের বাতি পুরা গেস্টরুমকে জাগিয়ে রাখত। আম্মা অতক্ষণ জেগে থাকত না। আব্বার সঙ্গে গেস্টরুমে জেগে থাকত কামরুল। রাত জেগে আব্বার পাকা চুল বেছে দিত, আর গুনগুন করে গান করত, ‘ওই আমি বাঘ শিকারে যামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু’! যেদিন যেদিন আব্বার গা ব্যথা করত—আব্বার পিঠের ওপর, ঊরুর ওপর চর্বিতে পা গেঁথে টলোমলো হাঁটত কামরুল। ওর তো আর আমাদের মতো পরদিন স্কুল নেই।

‘খলিফা হারুনুর রশিদকে কে না চেনে,’ কামরুল বলেছিল আমাকে। সরাইলের কামরুল, যে আমাকে লুকিয়ে লাটিম খেলা শিখিয়েছিল—কেমন বোলতার মতন বোঁওওও করে ঘুরত ওর দামড়া লাটিমগুলো! আম্মার হাতে বেদম পিটনা খেয়েছিলাম রাস্তায় রাস্তায় লাটিম খেলার দায়ে। কামরুল আমার অনেক সুশীল কাজেরও সাথি ছিল বটে—একবার রঙিন কাগজ কেটে আর শোলা চেঁছে আমরা একসঙ্গে একমানুষ-সমান হরফে লিখেছিলাম ‘আজ পলাশ ফোটার দিন’—সেই দিন রাজহংসীর মতো দেখতে বড় মেয়েরা এসেছিল ছাদে আর মাঠে, সাদা শাড়ি কালো পাড়। এরপর একদিন কামরুল এসে প্রস্তাব দিল যে আমরা ‘জশনে জলুছে ঈদে মিলাদুন্নবী’ও লিখতে পারি কি না—সেটা কেন যেন আর লেখা হয়নি। কামরুলরা ওর বাবার ঘর-সংসার থুয়ে চলে আসার পর আম্মা আমাকে আর মুন্নিকে শিখিয়ে দিয়েছিল, কেউ যদি জানতে চায় ‘ও কে?’, আমরা যেন বলি, ‘ও আমাদের একটা ভাই।’ আমার যখন চোখ উঠত, কামরুলেরও উঠত; কামরুলের মাথায় উকুন হলে আমারও হতো। এ রকম সমস্ত খুচরা বিপর্যয় আর উৎপাতের বন্ধনে আমরা কেমন বাঁধা ছিলাম। বাসার ফুটফরমাশ খাটার কাজ কামরুলই করত; বিকেলে খেলাটেলার পর সন্ধ্যায় ও আমার সঙ্গেই পড়তে বসত—আমি বসতাম টেবিলে, আর ও মাটিতে, আর ওর বইপুস্তক রেক্সিনঢাকা সোফার ওপর। ও ছাত্র খুবই দুর্বল ছিল, চঞ্চলও—আম্মার চড়চাপড় থামত না। যদিও ওই সব পড়াশোনা কামরুলের কোনো কাজে লাগবে বলে কেউ মনে করত না। মেজ ফুফার গাড়ি সারাইয়ের দোকানে ওকে নিয়ে নেওয়া হবে আরেকটু চৌকস হলেই। আমার জন্য এটা ছিল একটা ঈর্ষার প্রস্তাবনা—যেন কোনো দিনও আমাকে দিয়ে হবে না, যদি-না কোনো জীবনে আমি কামরুল হয়ে জন্মাই; তাই এই জীবনে ‘হচ্ছে না’। হচ্ছে না পিরিচে একটুও না-চলকে চা নিয়ে দোকানে দোকানে ছোটাছুটি, হচ্ছে না গাড়ির তলা থেকে কালো তেলা শরীর নিয়ে স্লাইড করে বেরিয়ে আসা, হচ্ছে না দোকানের সামনে মেলা করে রাখা সার সার টায়ারের ওপর পা ফেলে ফেলে বাউন্স করতে করতে হেঁটে যাওয়া। এখন ভাবলে আমি ভেতরে কুঁকড়ে যাই—এই সব রোমান্টিকতায় আমার আজও আপত্তি নেই, কিন্তু মনের কোথায় যেন ওই বয়সেই জন্ম নেওয়া একটা পৌনঃপুনিক নিষ্ঠুরতা টের পাই। অথচ কামরুলকে তো আমি আগলেই রাখতাম—এক বিকেলে আজিমপুরের কানা গলির ভেতর খেলতে গিয়ে উপরতলার কোন বারান্দা গলে যেন মাদুরে প্যাঁচানো এক গৃহকর্মীর থেঁতলানো নিথর শরীর পড়েছিল আমাদের জটলার ওপরে; আমি তো কামরুলের হাত ধরে টান মেরে ওকে সরিয়ে নিয়ে এসেছিলাম। বি-১৫ বাসার কাজের মেয়ে রেহানার হাতে-মুখে-গায়ে যে সর্বদা খুন্তির খোঁচা আর ছ্যাঁকার দাগ থাকত, সেই সব কি কামরুল দেখত না? কিন্তু আমি তো কামরুলকে ভাই ডাকতাম।

মনে পড়ে পুকুরে গোসল দিয়ে ওঠার পর শীর্ণ পিঠের দুই ডানা বাগিয়ে গুণের মতো টানটান করে গামছা টেনে ধরে কামরুলের পিঠ মোছার দৃশ্য। (সেবার ঢাকায় পানির খুব অভাব হয়েছিল, আমরা সবাই কলোনির পুকুরে গোসল করতাম।) আরও মনে পড়ে কোনো এক দুপুরে ছিঁচকে চোরের চুরি করা শায়া আর পুরোনো চপ্পল নিয়ে ওর আহাজারি। রান্নাঘরের পেছনে চিলতে বারান্দায় শুত কামরুল। কলা ঝুলত ওর মাথার ওপর কাপড় শুকানোর দড়িতে। বারান্দার গ্রিল ঘেঁষে একটা বালতিতে শজনেগাছ লাগিয়েছিল কামরুল। প্রথম যেবার ওই গাছ সাদা ফুলে নুয়ে গেল, কামরুল মুখ কালো করে বলেছি, ‘ধুর! সবগুলা বেটাফুল।’ মঙ্গলবার দিন হুজুর এলে কামরুল শান্ত হয়ে বসত। আমার আর মুন্নির মনে হতো যে হুজুর কামরুলকে একটু পক্ষপাতও দেখাতেন—যদিও সিপারা-আমপারায় ভুল করলে আমরা খেতাম মৃদু ধমক, আর কামরুল খেত রীতিমতো গালি। সেটাও পক্ষপাত না তো কী? হুজুরের সান্নিধ্যে মুন্নিও দেখতাম কথা কম বলত—কেমন একটা তাপসী রাবেয়া বসরি টাইপের সাধ্বীভাব ভর করত মুন্নির ওপর। ছোট খালার ওড়না দিয়ে চুল-কাঁধ-মায়-কপাল ঢেকে কানের পেছন দিকে গুঁজে দুলে দুলে আরবি পড়ত মুন্নি। আর আমার ছিল বেয়াদব চুল, মাঝখানে সিঁথি করা। আমার আগে আমপারা খতম দেওয়া শেষ মুন্নির। আমাদের নীল আলমারির সবচেয়ে ওপরের তাকে রেহালের ওপরে গিলাফ দিয়ে বেঁধে রাখা থাকত কোরআন শরিফ—মুন্নির সে কী আয়োজনের পাঠ! খুলে চুমু খায়, উঠিয়ে রাখতে গিয়ে চুমু খায়। হুজুরের তাঁব থেকে মুন্নির মুক্তি ঘটে গেল—একদম গ্র্যাজুয়েশন, মুন্নি শুরু করল গানের স্কুলে যাওয়া—কিন্তু আমার আর কামরুলের মুক্তি ঘটল না।
এ রকমই এক দিনে—হুজুরের তালিমেরই এক বিকেলে—এক মহা অনর্থ ঘটেছিল। আজকে এই ভিনদেশে বসে যে এই পাকিস্তানির ভেক-ধরা তামজিদকে চিনতে হলো আমার, সেই দিনের সেই ঘটনাটা না ঘটলে এই দিন কি দেখতে হতো? কামরুল হারামজাদা আর কিছু পারেনি, পেরেছে তামজিদ হয়ে অন্ধকারের ভেতর থেকে ভুস করে ভেসে উঠতে, আর উঠে জানান দিতে যে আমার গল্প সে শুধু ছিনতাই করেই থামেনি—চোরবাজারে সেটার বেচাবিক্রি সেরে ঘাম মুছতে মুছতে ঘরেও ফিরেছে।

সবুজের অনুমান বেঠিক নয়—সেই দিন আমি ঢুকেছিলাম বটে আব্বা-আম্মার রুমে। অজিফা শরিফ খুঁজতেই কি? স্কুলের ইসলামিয়াত বইও হতে পারে। হুজুর আর কামরুল তখন ড্রয়িংরুমে বসা। তামজিদের ঘুরিয়ে বলা চাপাবাজির মধ্যে এইটুকু অংশই শুধু সত্য।

আম্মা সেই দিন কলেজের নবীনবরণে। বাইরে খাঁ খাঁ রোদ। জানালার বাইরে আমগাছটায় ঝেঁপে বোল এসেছে। আব্বা তার ছয় ফুটের শরীর নিয়ে বিছানা দখল করে নাক ডাকছে। খাটের পায়ের কাছে শিয়ালরঙা কম্বল পেতে লালমতি কাপড় ইস্তিরি করছে। একটা স্বাভাবিক, নিরীহ, গার্হস্থ্যভাবাপন্ন দুপুর। খালি পায়ে হেঁটে ঘরের ভেতর অর্ধেকটুকু পার হলাম। দেখলাম লালমতি মেঝের ওপর হাঁটুতে ভর দিয়ে উঁচু হয়ে চেয়ারের ওপর আব্বার ছেড়ে রাখা প্যান্টের পকেট ঘাঁটছে। এই কাজ আমি অনেক করতাম—আম্মা খুব অপছন্দ করত—আব্বার পকেট থেকে মানিব্যাগ বের করে হাতিয়ে উল্টে-পাল্টে নোটগুলো পরিপাটি করে গুছিয়ে, সিকি-আধুলি গুনে-গেঁথে, আম্মার পাসপোর্ট সাইজের ছবি প্লাস্টিকের খোপ থেকে বের করে তারপর আবার যেই-কে-সেই রেখে দিতাম। কেমন বনরুইয়ের মতন শরীর ছিল পেটমোটা চামড়ার মানিব্যাগটার। লালমতিকে দেখলাম ব্যাগের ভেতর থেকে থাবা দিয়ে একতাড়া নোট বের করে বুকের ভেতর লুকিয়ে ফেলতে। অতটুকুই। এর চেয়ে আর বেশি কিছু না। লাল আমাকে কোলে-পিঠে করে কি মানুষ করেনি? করেছে তো। আমাদের আপন মানুষ সে—আমারও তো ন্যায়-অন্যায় বাছার চোখ হয়নি তখন। কিন্তু ভুল-শুদ্ধ বোঝার বুদ্ধি নিশ্চয়ই হয়েছিল। নইলে আমি কেন ওইখানে কিছুই বললাম না? কেন চুপচাপ আব্বার মাথার কাছের বেঁটে বেডসাইড টেবিল থেকে অজিফা শরিফ তুলে নিয়ে নিঃশব্দে ড্রয়িংরুমে ফিরে গেলাম? কেন হুজুর যতক্ষণ ছিল, ততক্ষণ ঘাড়গোঁজ হয়ে রইলাম? কেন কামরুলের সঙ্গে আর একটা কথাও বললাম না? হুজুর চলে যাওয়ার পর সিঁড়িঘর পার হয়ে দেয়ালের ধারে পায়খানার পাইপের জোড়া ঘেঁষে যেখানে বটের কি অশ্বত্থের চারা উঠেছে, সেখানে জামাল চাচার মধ্যস্থতায় কামরুলের সঙ্গে রক্তারক্তি রণে ভঙ্গ দিয়ে ঘরে ফিরে এসে কেন আম্মার বারংবার প্রশ্নের জবাবেও মুখ খুললাম না? ‘মামি, ভাইয়া বলছে আম্মা একটা মাগি’—কামরুলের নালিশের পরেও কেন কারণ দর্শালাম না? আম্মা যখন আমার দুই কাঁধ খামচে ঝাঁকি দিয়ে বলে যাচ্ছিল, ‘বল, বল’—তখনো কেন চুপ করে রইলাম? দরজায় খিল দিয়ে আব্বা-আম্মার যখন বিশ্রী ঝগড়া হলো, তখনো কেন একা একা বারান্দায় বসে রইলাম? কেন ভাবলাম ‘বেশ হয়েছে!’ কেন দুইবেলা লালমতির থেকে মুখ ঘুরিয়ে থাকলাম? যখন ওদের বিদায় করে দেওয়া হলো, তখন কেন মুন্নির বান্ধবীদের সঙ্গে মনোযোগ দিয়ে পুতুল খেলছিলাম আমি?
সবুজ ওর হাতভর্তি পোঁটলা-পুঁটলি নিয়ে গাড়ি থেকে নামল। খাবার আনাতেও হবে না—ওর বউ তাসমিনা বাক্স ভরে খিচুড়ি আর মুরগি ভুনা পাঠিয়েছে। দুই লিটারের কোকের বোতল আমার হাতে দিয়ে সবুজ বলল, এইটা ফ্রিজে রাখ। তুই তো হুজুর মানুষ—নাইলে বিয়ার আনতাম।
আনতি। তুই আর মিশু খাইতি!
আরে না। কালকে অফিস আছে না? আজকে হালাল উপায়ে পাইক্কা’দের হারাব। টিভি অন কর।
টি-টোয়েন্টি নিয়া তোর এত মাতামাতি!—বলতে বলতে টিভি ছাড়লাম। বাইরে রোদ নরম হয়ে এসেছে। সন্ধ্যা সাতটা মতন বাজে—গ্রীষ্মকালে সূর্য ডুবতে ডুবতে রাত আটটা পার হয়ে যায়। একটু পরেই মিশু চলে আসবে। একবেলা একটা দুঃসহ দিন নিজের সঙ্গে কাটানোর শাস্তি থেকে নিষ্কৃতি পেলাম বুঝি। ভাগ্যিস সবুজ জোরাজুরি করে নিজে থেকেই চলে এসেছে!
যত যা-ই কস, সৌম্য পোলাটা কিন্তু জোস!
বুঝলাম, কিন্তু পাকিস্তানি লেগ-স্পিনারগুলির বোলিং দেখছস? কঠিন হবে।
একটু তো কঠিনই হবে। পাকিস্তান তো আর জিম্বাবুয়ে না!
যা-ই হোক। না জিতলেই কী? আমরা যে ওই মরার দেশে খেলতে গেছি, এইটাই অনেক।
হ। মুশফিক তো তবু যায় নাই।

আমার মনে পড়ল আব্বা ক্রিকেট নিয়ে কেমন উন্নাসিক ছিল—টেস্ট থেকে ওয়ানডেতে নামতেই নিজের রুচির সঙ্গে কত না জানি আপস করতে হয়েছে! পাকিস্তানের খেলা খুব পছন্দ করত আব্বা। আবদুল কাদির, জহির আব্বাস থেকে পরে ওয়াসিম আকরাম আর ইমরান খান।

দুই শ পঁচিশ-তিরিশ মতো রান করে ফেলবে মনে হইতেছে বাংলাদেশ, এই রকম ভবিষ্যদ্বাণী করে সবুজ বাথরুমে গেল।

এক ওভার পরেই ইনিংস ব্রেক। মিশু টেক্সট করেছে যে ও আর পাঁচ মিনিট দূরে। খিচুড়ির বাক্সটা মাইক্রোওয়েভে বসালাম। তাসমিনার খিচুড়ি মিশুর খুব পছন্দ।