সুখের খোঁজে: রেজওয়ান ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলাম চৌধুরী অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছেন, টাকার মূল্য কী, তিনি বোঝেন। তার দুটো বাড়ি, কিন্তু তিনি পরিবার নিয়ে গাদাগাদি করে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন। টাকা খরচ হবে ভেবে কোনো দারোয়ান রাখেননি, তিনি নিজে আর ছেলেরা মিলে দারোয়ানের কাজ করেন। তার বাড়িতে কোনো সুন্দর ফার্নিচার, আধুনিক গ্যাজেট বা কোনো বিলাস সামগ্রী নেই। ড্রয়িংরুমে নেই শোকেস, ফুলদানি বা শোপিস।এসব বাজে খরচের মধ্যে তিনি নেই। ছেলেমেয়েদের ভালো প্রতিষ্ঠানে পড়ানোর ক্ষমতা থাকলেও তিনি পড়াননি; বাড়তি টাকা খরচ করতে তিনি একদম রাজি নন।

টাকার মূল্য তার কাছে সবচেয়ে বেশি। প্রতিদিনকার সংসার খরচ তিনি গৃহকর্ত্রীকে দেন এবং দিন শেষে বাড়তি টাকা গুনে গুনে ফেরত নেন। তারপর টাকাগুলো তার বালিশের ওয়াড়ে ঢুকিয়ে সুখের ঘুম দেন—এ টাকা এখন নিরাপদ, তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। নিশ্চিন্ত বোধ করেন। মাথার বালিশটাই তার টাকা সঞ্চয়ের স্থান।

এই করোনাকালেও সবকিছু এভাবেই চলছিল। কিন্তু একদিন সকালে দেখা গেল বার্ধক্যজর্জর আসলাম চৌধুরী টাকাভর্তি বালিশ দুহাতে বুকে আঁকড়ে ধরে বিছানায় পড়ে আছে। মুখটা তার আলতো হাসিতে উদ্ভাসিত। যেন বলতে চাইছেন, এমন মরণেও সুখ।


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]