
রিশাদের বাড়িতে ইয়া বড় একটা ক্রিসমাস ট্রি আছে। গাছটা এত বড়, ছয়তলা ছুঁই ছুঁই। চিরল পাতায় ভরা ডালপালা ছড়িয়ে বেশ ঝাঁকড়া হয়েছে গাছটা। এক কাক এসে শুকনো চিকন ডাল আর কুটো দিয়ে সেখানে একটা বাসা বানিয়ে ফেলল। চওড়া বারান্দা থেকে কাকের এ কাণ্ড দেখে বেশ মজা পেল রিশা।
এইমাত্র স্কুল থেকে ফিরেছে রিশা। দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। স্কুলড্রেস পাল্টে একটু খেয়ে নিতে তাড়া দিচ্ছেন মা। স্কুলে আজ টিফিন খায়নি ও। কাজটা অবশ্য রোজই করে। এত বেলা পর্যন্ত ওর না খেয়ে থাকাটা মোটেও পছন্দ নয় মায়ের। কিন্তু রিশা তাঁর চেঁচামেচিতে কান দিল না। ছুটে গিয়ে গ্রিলের কাছে দাঁড়াল।
কাকটা ঘাড় বাঁকিয়ে রিশাকে দেখে কর্কশ স্বরে ডাকতে লাগল। রিশা জানে, কাক খুব চালাক পাখি। তবে দুষ্টু ভারি। শীতের ছুটিতে সে যখন নানাবাড়ি বেড়াতে গিয়েছিল, তখন দেখেছে কাক কীভাবে মুরগির বাচ্চা ছোঁ মেরে নিয়ে যায়। তারপর থেকে কাকের ওপর বেজায় রাগ রিশার। সে গ্রিলের ফাঁক দিয়ে ডান হাত বের করে ধামকি দিল কাকটাকে, ‘হুশ্ হুশ্, পাজি কাক। এখানে কা কা করে মাথা খাবি না!’
কাকগুলো এমনিতেই একটু ঘাড়ত্যাড়া গোছের, এই কাকটা আবার একটু অন্য রকম। সে ডাস্টবিনে খাবার খুঁজতে গিয়ে একবার মাল্টি ভিটামিনের একটা সিরাপের বোতল পেয়েছিল। সে সিরাপ খেয়ে তো কাকের আক্কেল গুড়ুম! এখন সে মানুষের কথা বুঝতে পারে। বলতে পারে না—এই যা!
কাকটা মেয়ে হলে কী হবে, ঢিসুম-ঢুসুমও জানে। এক নারী কারাতেকার কসরত দেখে দেখে শিখেছে। রিশার হুশ-হুশ কাকটার গায়ে জ্বালা ধরিয়ে দিল। সে গলা চড়িয়ে কা-কা করতে লাগল।
রিশা এবার তার ভাইকে ডাকল। চেঁচিয়ে বলল, ‘ভাইয়া, ও ভাইয়া, শিগগির একটু আসো তো। পাজি কাকটাকে তাড়িয়ে দিয়ে যাও।’
রিশার ভাইয়া রাতুল এখন মগ্ন ট্যাব নিয়ে। রেসিং গেম খেলছে। বোনের ডাক তার কানেই গেল না। কিন্তু রিশা নাছোড়। ছুটে গিয়ে ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে গেল বারান্দায়। বলল, ‘কাকটাকে তাড়াও!’
রাতুলও এবার হুশ-হুশ করতে লাগল। বেয়াড়া আর কাকে বলে! কাকটাও আরও জোরে কা-কা জুড়ে দিল। রাতুলেরও গেল মেজাজ চড়ে। সে একটা টমেটো এনে কাকটাকে ছুড়ে মারল। থ্যাচ! গাছের ডালে লেগে নিচে পড়ল টমেটো। কাকটা নিচে নেমে মজা করে টমেটো খেতে লাগল।
রিশা এবার ছুটে গিয়ে রান্নাঘর থেকে একটা আলু নিয়ে এল। বলল, ‘ভাইয়া, এই আলুটা মারো। কাকটার পাখা ভেঙে দাও!’
কিন্তু শুধু শুধু আলুটা খোয়াতে রাজি নয় রাতুল। এত বড় একটা আলু দিয়ে অন্তত দুজন ভর্তা খেতে পারবে। রণে ভঙ্গ দিল সে। বলল, ‘থাক, ওটার সঙ্গে লেগে কাজ নেই। বাসায় ডিম পাড়ুক না, তখন এমনিতেই শিক্ষা পেয়ে যাবে। দেখবি, কোকিল এসে চুপিচুপি কাকের ডিম নষ্ট করে ডিম পেড়ে গেছে। বোকা কাক সে ডিমে তা দিয়ে কোকিলের বাচ্চা ফোটাবে। আর বড় হয়ে সে কোকিল কু-কু করে গান শোনাবে আমাদের।’
রাতুলের এ কথায় বেশ মজা পেল রিশা। জানতে চাইল, ‘কখন আসবে কোকিল?’
‘আসবে, আসবে। ঠিক সময়ে আসবে।’
এই বলে চলে যায় রাতুল। রেসিং গেমটা নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে।
কাকটা কিন্তু সব কথাই শুনেছে। সে ঠোঁটে ঠোঁট চেপে জেদের সুরে বলে, ‘আসুক না মরার কোকিল, ধাঁ করে এমন একটা পাঞ্চ দেব না, বাপের নাম ভুলে যাবে!’
বাসা তো হয়েছে, এবার ডিম পাড়ার পালা। কিন্তু কাকের মনে শান্তি নেই। তার কেবলই মনে হয়, ডিম পাড়লেই একটা কোকিল এসে অপকর্ম ঘটিয়ে যাবে। তার ডিম নষ্ট করে নিজের ডিম রেখে যাবে। এমন টেনশন নিয়েই কাকটা দুটি ডিম পেড়ে দিল। তারপর বাসা থেকে নড়েই না।
অন্য পাখিদের হয়েছে এক জ্বালা। কোনো পাখি উড়তে উড়তে ক্লান্ত হয়ে ওই গাছে বসে যে একটু জিরিয়ে নেবে, সে জো নেই। কাক ধেয়ে আসে। ইয়াহু বলে কারাতের কিক মারে। সে কিক খেয়ে একদিন এক ধাড়ি গেছো ইঁদুরের দাঁত লেগে গেল। তার সৌভাগ্য যে বাড়ির হুলো বিড়ালটা অল্পের জন্য তার নাগাল পায়নি।
এভাবে আপদ তাড়াতে গিয়ে কাকটা নিজেই তার একটা ডিম নিচে ফেলে দিল। হুলোটা ছিল গাছের নিচেই। সে চেটেপুটে ডিমের অসিত্বই রাখল না। মনের দুঃখ মনে চেপে একটা ডিমেই তা দিতে লাগল কাকটা। একদিন ভোরে সে ডিম থেকে একটা ছানা বেরোল।
এ কদিন রিশার পরীক্ষা থাকায় কাকটার দিকে আর খেয়াল করতে পারেনি। আজ স্কুল থেকে ফিরে বারান্দায় গিয়ে দাঁড়াতেই ওর চোখ দুটো ঝিলিক দিয়ে ওঠে। কাকের বাসায় কাকটা নেই। বসে আছে এত্তটুকুন এক ছানা!
রিশা চেঁচিয়ে ওঠে, ‘ভাইয়া, ও ভাইয়া, দেখে যাও কোকিলের ছানা ফুটেছে!’
রাতুল ছুটে আসে। মাথা এদিক-সেদিক ঘুরিয়ে ছানাটাকে ভালো করে দেখে ও। বলে, ‘না রে, এটা কোকিলের ছানা না। কাকেরই।’
‘সত্যি?’
‘হ্যাঁ, কাকের ছানা আমি চিনি।’
‘কিন্তু কাক তো দেখতে বিচ্ছিরি। বাচ্চাটা এত সুন্দর কেন?’
রাতুল হেসে বলে, ‘পৃথিবীর সব বাচ্চাই দেখতে সুন্দর। তোর মতো!’