হুমায়ূন আহমেদের রোগভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের সঙ্গে ফরিদ আহমেদ, ১৯৯৮
হুমায়ূন আহমেদের সঙ্গে ফরিদ আহমেদ, ১৯৯৮

ভয় দেখিয়ে মজা পেতেন হুমায়ূন আহমেদ। সিনেমায়, নাটকে, লেখায় এমনকি বাস্তবেও। বিভিন্ন ছোটখাটো খেলনা দিয়েও ভয় দেখাতেন।

একবার টাঙ্গাইলের সফিপুরে একটি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান বা পাঠাগার উদ্বোধনের অনুষ্ঠানে যাচ্ছি। আমরা তিনজন—হুমায়ূন আহমেদ, আমি আর মোজাম্মেল ভাই যিনি তখন হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের কল্যাণে হানিফ ও লাঠিয়াল নামেও বেশ পরিচিত। মোজাম্মেল ভাই, বেশ মোটাসোটা ছিলেন, শরীরের রং ছিল গাঢ়। বর্ষাকাল, ওই দিকের রাস্তার অবস্থা খুব ভালো নয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছেড়ে সফিপুরগামী রাস্তা ধরলাম। আমাদের তিনজনেরই ওই পথে প্রথম যাত্রা। সন্ধ্যার আগে দিয়ে লোকজনকে জিজ্ঞেস করে করে এগোচ্ছি। হঠাৎ হুমায়ূন ভাই ব্যাগ থেকে একটা মুখোশ বের করলেন। খুব বেঢপ আকারের এবড়োখেবড়ো মুখাবয়বের গলা ঢাকা, কান লম্বা, বিকট দর্শন নাকওয়ালা চুলবিহীন মুখোশ। মোজাম্মেল ভাইকে মুখোশটি পরিয়ে দেওয়া হলো। গাড়িতে বসে আছে দশাসই ফিগারের গাঢ় বর্ণের বিকট দর্শন মুখাবয়বের একজন মানুষ। গাড়ি যখনই কোনো বাজার বা লোকালয়ের মধ্যের সরু রাস্তা দিয়ে ধীরে অগ্রসর হচ্ছে, আশপাশের সব মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে সেই বিকট দর্শন প্রাণীর দিকে। গাড়ি কোথাও দাঁড় করিয়ে কোনো লোককে ডাকলে সে কাছে এসেই প্রথমে এক লাফ দিয়ে দূরে সরে যাচ্ছে। এ রকম মজা করতে করতেই সন্ধ্যার পর সেই বিদ্যালয়ে গিয়ে হাজির হলাম আমরা।

হুমায়ূন আহমেদ ভয় দেখিয়ে মজা পেতেন, কিন্তু নিজেও খুব ভয় পেতেন, যদিও তা প্রকাশ করতেন না। সম্ভবত ভূতের ভয়ও ছিল তাঁর। কোথাও বেড়াতে গেলে একা এক রুমে থাকতেন না। একা বিছানায় ঘুমাতেন না। এই তিনজন মিলে ভারত ভ্রমণে গিয়েছিলাম। প্রায় ১০–১২ দিনের সফর ছিল। সুযোগ থাকলেও কখনো একা ঘুমাতেন না তিিন। কখনো মোজাম্মেল ভাই, কখনো আমার সঙ্গে বিছানা শেয়ার করতেন। অসুখ-বিসুখেও বেশ ভয় পেতেন। পরিচিত কারও অসুখে খুব উদ্বিগ্ন হতেন, তবে কাছে গিয়ে দেখার আগ্রহ কম ছিল। একটু নার্ভাস হয়ে যেতেন মনে হয়।

আমার একবার বেশ বড়সড় জন্ডিস হলো। বিলিরুবিনের মাত্রা খুব উচ্চ। তখন আমাদের একটা ঘরোয়া আড্ডা ছিল। প্রায় প্রতিদিন বসত। প্রথম দিকে আড্ডা শুরু হয় হুমায়ূন ভাইয়ের বাসায় কিন্তু পরবর্তী সময়ে তা ঘুরতে থাকে। নিয়মিত আড্ডাটা হুমায়ূন ভাইয়ের বাসায় না হলেও আর্কিটেক্ট ফজলুল করিমের বাসায় হতো। মাঝেমধ্যে আমার বাসা, ডা. আবদুল করিমের বাসা, ইঞ্জিনিয়ার মনির ভাইয়ের বাসা—এভাবে ঘুরে ঘুরে চলত। ইঞ্জিনিয়ার মনির ভাই আড্ডায় নিয়মিত থাকতেন না। পরের দিকে নিয়মিত হয়েছিল অভিনেতা জাহিদ হাসান, ইফতেখারুল ইসলাম। সাংবাদিক সালেহ চৌধুরী ও অভিনেতা সালেহ আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান অনিয়মিত বা মাঝেমধ্যে আমন্ত্রিত আড্ডারু ছিলেন।

আমি অসুস্থ, বেশ কিছুদিন আড্ডায় যাই না, হুমায়ূন ভাইয়ের ভালো লাগছে না। আবার আমার বাসায়ও তিনি আসছেন না। ১৯৯৬ সালের কথা বলছি। অনেকে তখন জন্ডিসকে বেশ ভয় পেত। এখনকার করোনার মতো না হলেও কাছাকাছি ছোঁয়াচে ভাবা হতো। জন্ডিস রোগী থেকে রোগ ছড়ায়, ফলে তাকে একা রাখতে হবে। আর এ রোগের কোনো ওষুধ নেই, শুধু বিশ্রাম আর ভিটামিন সি–জাতীয় তরল পান করো। ডাব, কমলা, পেঁপে ইত্যাদি পথ্য। এমনই ছিল ব্যবস্থা। আমার বেলায়ও সে রকমই চলছিল। বাইরের মানুষ বাসায় আসা প্রায় বন্ধ।

এর মধ্যে এক রাতে বিশাল দলসহ হুমায়ূন আহমেদ উপস্থিত হলেন আমার আজিমপুরের বাসায়। তখন আমি একেবারে শয্যাশায়ী, বিছানা থেকে নড়াচড়া নিষেধ, নড়াচড়ায় নাকি বিলিরুবিন বেড়ে যায়। যাহোক, হুমায়ূন ভাই থাকতে না পেরে জন্ডিসভীতি দূরে রেখে চলে এসেছেন আড্ডারু অনেককে নিয়েই। ছোঁয়াচে রোগীর কাছে যাওয়া যাবে না, তাতে কী হয়েছে? আমাদের ড্রয়িংরুমের মেঝেতে দল নিয়ে আড্ডায় বসে পড়লেন তিনি। এদিকে আমার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর হলো। ড্রয়িংরুমে আমার আসা নিষেধ। দরজার ওপার থেকে উঁকি দিয়ে হুমায়ূন ভাই আমাকে দেখেন আর মজার মজার গল্প শোনান। ঘণ্টাখানেক ধরে সঙ্গীসাথি নিয়ে আড্ডা দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার সময় আবার উঁকি দিয়ে দেখে গেলেন আমাকে।

অবশেষে ভালোবাসার কাছে হার মানল হুমায়ূন আহমেদের রোগভীতি!