হৃদ্গলা জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউ-বাচ্চা নিয়ে তিন হাজারের ভাড়া বাসা। চার হাজার খরচ করে এ বছর মেয়েকে ভর্তি করালাম কিন্ডারগার্টেনে। মাসে গ্রামের বাড়িতে মায়ের জন্য তিন হাজার পাঠাই। কিন্তু আজ বিশ দিন ধরে সব বন্ধ। জমানো টাকা খাওয়া শেষ। কষ্ট করে মায়ের টাকাটা পাঠিয়েছি। এক হাজারটা টাকা নাই মনে করে রেখে দিয়েছি, যদি মেয়ের অসুখ-বিসুখ করে। 

গ্রামের কিছু যুবক রাতের বেলায় ঘরে একটা প্যাকেট পাঠিয়েছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল। কারও কাছে কখনো হাত পাতিনি, কিন্তু এখন ওইটাই ভরসা। মেয়েটা মাছ ছাড়া ভাত খায় না। আজ তিন দিন ঘরে কোনো মাছ নেই। 

দুপুরে মেয়েকে খাইয়ে ওর মা বাথরুমে ঢুকেছে, এই ফাঁকে মেয়ে এসে আমাকে বলল, ‘পাপ্পা, আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। মা বলছে, বড়লোকেরা শুধু আলুভর্তা আর ডাল খায়। মা আরও বলেছে, আমি মাছের জন্য কান্নাকাটি না করলে আমাকে সাইকেল কিনে দিবে। আমিও মাকে বলে দিয়েছি, আমি সায়রার মতো পিঙ্ক কালারের সাইকেল নিবো। তুমি দেখো, আমি আর এক দিনও মাছের জন্য কান্না করব না।’

আমি মেয়েকে বুকে টেনে নিলাম। চোখ ফেটে জল গড়াতে লাগল।  

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]