১০ টাকার চাপ: হোসাইন রাহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত নটা।

জোছনার মায়াবী রাত বিছানো যেন, সেই টানেই বাইরে বেরিয়েছে তপু।

হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ কে যেন ওর পাঞ্জাবির পেছন দিকটায় হ্যাঁচকা টান দিল। কিছুটা ভড়কে গিয়ে, ফিরে তাকিয়ে দেখে আট কি নয় বছরের একটা ছোট্ট ছেলে। মলিন, বিষণ্ন চেহারা। চোখমুখে আকুতি।

—বাইয়া আমারে ১০ টাকার চাপ খাওয়ান না। সারা দিন কিছু খাই নাই। মায় সকাল বেলায় চাইল আনতে গেছে। আর আইছে না।

১০ টাকায় চাপ খাওয়া যায় না। তপুর পকেটে শুধু সকালের নাশতার টাকাটাই আছে।

—এত রাতে কিসের চাপ! যা ব্যাটা! টাকা নাই আমার কাছে!

দ্রুত পা চালায় ও। কিছুদূর যেতেই মনে পড়ে, আজ সকালে ত্রাণ নিতে গিয়ে হাইওয়েতে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিধবার। তার ছেলে নয় তো!

বুকের ভেতর কেমন যেন একটা ধক করে উঠল।

উদ্‌ভ্রান্তের মতো দৌড়ে ফিরে এল তপু হাসপাতালের সামনে।

ছেলেটা নেই!

কোথাও কেউ নেই!

শুধু তপুর বুকের চিনচিন ব্যথাটা আছে। বাড়ছে।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]