২০২৫ সালে বিশ্বে প্রকাশনা শিল্পের বিক্রি ৩২.৫ বিলিয়ন ডলার

বই বিক্রির প্রতীকী ছবি অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

২০২৫ সালে বই প্রকাশনা শিল্পে বিক্রি বেড়েছে। আমেরিকান পাবলিশার্স অ্যাসোসিয়েশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, গত বছর প্রকাশনা শিল্পে মোট বিক্রি হয়েছে ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বই ও অন্যান্য প্রকাশনা সামগ্রী। ২০২৪ সালের তুলনায় এই বিক্রি ২ দশমিক ৫ শতাংশ বেশি।

শুধু বিক্রির অর্থমূল্যই নয়, বিক্রি হওয়া বইয়ের সংখ্যাও বেড়েছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৩১৫ কোটি কপি বই বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক চার শতাংশ বেশি।

এই হিসাব তৈরি করেছে ইন্ডাস্ট্রি ইনসাইটস ইনকরপোরেটেড। এতে ১ হাজার ৬০০টির বেশি প্রকাশনা সংস্থার দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সরাসরি ১২ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিক্রির তথ্য জানিয়েছে। বাকি ২১ দশমিক ২ বিলিয়ন ডলারের হিসাব করা হয়েছে বাজার বিশ্লেষণ, গবেষণা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে।

বইয়ের খুচরা বাজারে ২০২৫ সালে মোট বিক্রি বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ, দাঁড়িয়েছে ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ধর্মীয় বইয়ের বিক্রি। এই ধরনের বইয়ের বিক্রি ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এরপর সবচেয়ে ভালো করেছে প্রাপ্তবয়স্কদের কথাসাহিত্য বা অ্যাডাল্ট ফিকশন। এই বিভাগে বিক্রি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ, মোট বিক্রি হয়েছে ৭ দশমিক ১ বিলিয়ন ডলারের বই।

প্রাপ্তবয়স্কদের নন-ফিকশন বইয়ের বিক্রি ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন ডলারে।

শিশু ও কিশোরদের বইয়ের বাজারে প্রবৃদ্ধি ছিল তুলনামূলক কম। শিশু-কিশোরদের ফিকশন বইয়ের বিক্রি বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ, মোট বিক্রি হয়েছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ডিজিটাল বই ও অডিওবুকের জনপ্রিয়তা বাড়লেও ছাপা বইয়ের বাজার এখনো বেশ শক্তিশালী। হার্ডকভার ও পেপারব্যাক এই দুই ধরনের বই মিলে মোট খুচরা বই বিক্রির ৭৩ দশমিক ১ শতাংশ আয় এসেছে।

হার্ডকভার বইয়ের বিক্রি ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছ দাঁড়িয়েছে ৮ বিলিয়ন ডলারে। ট্রেড পেপারব্যাকের বিক্রি বেড়েছে ২ শতাংশ।

বই বিক্রির প্রতীকী ছবি
ছবি: সংগৃহীত
আমেরিকান পাবলিশার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে খুচরা বাজারে বইয়ের বিক্রি বেড়েছে ১৭ শতাংশ। একই সময়ে পুরো প্রকাশনা শিল্পের বিক্রি বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। এই পাঁচ বছরে খুচরা বাজারে বই বিক্রির সংখ্যাও বেড়েছে ১০ শতাংশের কিছু বেশি।

অন্যদিকে একসময় জনপ্রিয় মাস মার্কেট পেপারব্যাক বইয়ের বাজার দ্রুত ছোট হয়ে যাচ্ছে। ২০২৫ সালে এই ধরনের বইয়ের বিক্রি ২৯ দশমিক ৪ শতাংশ কমে নেমে এসেছে ১৫৩ মিলিয়ন ডলারে।

ডিজিটাল অডিও ও ই-বুক মিলিয়ে ২০২৫ সালে খুচরা বইয়ের বাজারের ২১ দশমিক ৫ শতাংশ আয় এসেছে। আগের বছর এই হার ছিল ২১ দশমিক ৪ শতাংশ।

এর মধ্যে ডিজিটাল অডিওবুকের বিক্রি ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ই-বুকের বিক্রি ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২ বিলিয়ন ডলারে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর ই-বুকের চেয়ে অডিওবুক থেকে বেশি আয় করেছে প্রকাশনা শিল্প।

বই বিক্রির ক্ষেত্রে অনলাইন বাজার এখনো সবচেয়ে বড় মাধ্যম। অ্যামাজনের নেতৃত্বে অনলাইন খুচরা বিক্রিতে ২০২৫ সালে আয় হয়েছে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।

তবে ছাপা বইয়ের দোকানগুলোর বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব দোকানে বই বিক্রি ৬ শতাংশ বেড়ে মোট ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আমেরিকান পাবলিশার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে খুচরা বাজারে বইয়ের বিক্রি বেড়েছে ১৭ শতাংশ। একই সময়ে পুরো প্রকাশনা শিল্পের বিক্রি বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। এই পাঁচ বছরে খুচরা বাজারে বই বিক্রির সংখ্যাও বেড়েছে ১০ শতাংশের কিছু বেশি।

  • সূত্র: পাবলিশার্স উইকলি

    গ্রন্থনা: রবিউল কমল