ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার জিতলেন রেবেকা পেরি

রেবেকা পেরির প্রতিকৃতি ও তাঁর প্রথম উপন্যাস ‘মে উই ফিড দ্য কিং’–এর প্রচ্ছদ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার জিতেছেন লেখক ও কবি রেবেকা পেরি। তাঁর প্রথম উপন্যাস মে উই ফিড দ্য কিং দিয়ে তিনি এই পুরস্কার জিতেছেন।

ছয়টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা থেকে বিচারকদের ভোটে বিজয়ী হয় মে উই ফিড দ্য কিং। উপন্যাসটির কেন্দ্রে রয়েছেন বর্তমান সময়ের এক জাদুঘর কিউরেটর। তাঁর কাজ ঐতিহাসিক বাড়িগুলোর কক্ষগুলোকে অতীতের আবহে সাজিয়ে তোলা। নতুন একটি প্রকল্পে কাজ করতে গিয়ে তিনি ধীরে ধীরে এক মধ্যযুগীয় রাজার জীবন নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েন। একই সঙ্গে উপন্যাসে সমান্তরালভাবে এগোতে থাকে সেই রাজার ক্ষমতায় বসতে অনীহার গল্প।

রেবেকা পেরি
ছবি: সংগৃহীত

ওয়াটারস্টোনসের বইবিষয়ক প্রধান বিয়া কারভালহো বলেন, রেবেকা পেরির গদ্য একই সঙ্গে সংযত ও আকর্ষণীয়। তাঁর ভাষায়, উপন্যাসটি কৌতূহল ও নস্টালজিয়ায় ভরা ভিন্ন অভিজ্ঞতা।

বিয়া কারভালহো আরও বলেন, একজন কবির সূক্ষ্ম দৃষ্টিতে রেবেকা পেরি স্মৃতি, ক্ষমতার বোঝা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে অসাধারণভাবে তুলে ধরেছেন। তাঁর ভবিষ্যৎ লেখালেখি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

পুরস্কারের অংশ হিসেবে রেবেকা পেরি পাবেন ৫ হাজার পাউন্ড অর্থমূল্য। বই বিক্রেতাদের ভোটে প্রতিবছর সব ধরনের সাহিত্যধারার মধ্যে সেরা অভিষেক উপন্যাসকে এই পুরস্কার দেওয়া হয়।

‘মে উই ফিড দ্য কিং’–এর প্রচ্ছদ
ছবি: সংগৃহীত
ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার ২০২২ সালে চালু হয়। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন টেস গান্টি, অ্যালিস উইন, ফের্ডিয়া লেনন। গত বছর বিজয়ী হয়েছিলেন লুসি স্টিডস।

এ বছরের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল ম্যাডেলিন ক্যাশের লস্ট ল্যাম্বস, জিয়ং হানের হানি ইন দ্য উন্ড, তারা মেননের আন্ডার ওয়াটার, স্টেফানি সি-কুইয়ার আ প্রাইভেট ম্যান ও অ্যাঞ্জেলা টোমাস্কির দ্য ইনফেমাস গিলবার্টস

ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার ২০২২ সালে চালু হয়। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন টেস গান্টি, অ্যালিস উইন, ফের্ডিয়া লেনন। গত বছর বিজয়ী হয়েছিলেন লুসি স্টিডস।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: রবিউল কমল