ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকা

ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকার লোগো অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের ২০২৬ সালের দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। কথাসাহিত্য, প্রবন্ধ, কবিতা, অনুবাদ এবং তরুণদের সাহিত্যসহ পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ১০টি করে বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল বুক ফাউন্ডেশন।

এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন জ্যামাইকার লেখক মারলন জেমস, যুক্তরাষ্ট্রের লেখক লুইস এরডরিখ, হাইতিয়ান বংশোদ্ভূত লেখক এডউইজ ড্যান্টিকাট এবং মেক্সিকান লেখক ভ্যালেরিয়া লুইসেল্লির মতো পরিচিত সাহিত্যিকেরা। অনুবাদ বিভাগে রয়েছে নরওয়ের বিখ্যাত লেখক কার্ল ওভে কনাউসগার্ডের উপন্যাসও।

মারলন জেমসের দ্য ডিজঅ্যাপেয়ারার্স উপন্যাসটি এবারের কথাসাহিত্য বিভাগের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছে। এর আগে উপন্যাসটি বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায়ও স্থান পেয়েছিল। কথাসাহিত্য বিভাগে আরও রয়েছে লুইস এরডরিখের পাইথনস কিস, এডউইজ ড্যান্টিকাটের দেই, ভ্যালেরিয়া লুইসেল্লির বিগিনিং মিডল এন্ড এবং আলেকজান্ডার ম্যাকসিকের প্যাসেঞ্জার্স।

তরুণ পাঠকদের জন্য লেখা বইয়ের বিভাগেও রয়েছে পরিচিত লেখকদের বই। লেখক চ্যানেল মিলারের দ্য মুন উইদাউট স্টারস এই বিভাগের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে।

ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকার লোগো

অনুবাদ বিভাগে রয়েছে নরওয়ের লেখক কার্ল ওভে কনাউসগার্ডের দ্য স্কুল অব নাইট। নরওয়েজীয় ভাষা থেকে বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মার্টিন এইটকেন। এই বিভাগে আরও রয়েছে তাইওয়ানের লেখক পিং লুর টু দ্য ইস্ট অব দ্য ইস্ট এবং ইন্দোনেশিয়ার লেখক ইন্তান পারামাদিথার নাইট অব আ থাউজেন্ড হেলস।

প্রবন্ধ বিভাগে রয়েছে কলিন অ্যাশারের দ্য মিডনাইট স্পেশাল: দ্য সিক্রেট প্রিজন হিস্ট্রি অব আমেরিকান মিউজিক এবং ক্যামংনে ফেলিক্সের লেট দ্য পোয়েটস গভর্ন: আ ডিক্লারেশন অব ফ্রিডম।

কবিতা বিভাগে জায়গা পেয়েছে লাইলি লং সোলজারের উই, ভিক্টোরিয়া চ্যাংয়ের ট্রি অব নলেজ এবং রিচি হফম্যানের দ্য ব্রোঞ্জ আর্মস-এর মতো বই।

এবার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ১০টি করে মোট ৫০টি বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। বিচারকেরা প্রতিটি বিভাগ থেকে পাঁচটি করে বই বেছে নেবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৬ অক্টোবর।

এরপর ১৮ নভেম্বর ম্যানহাটানে অনুষ্ঠিত হবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিন প্রতিটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এবারের অনুষ্ঠানে বিশেষ সম্মাননাও দেওয়া হবে। আমেরিকান সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক পাবেন সালমান রুশদি। আর আমেরিকান সাহিত্যসমাজে অসামান্য সেবার জন্য সম্মাননা পাবেন পেরি ক্লাস।

  • সূত্র: এপি
    গ্রন্থনা: রবিউল কমল