বই পড়ার আগ্রহ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে তারা অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি ছোটগল্প সংকলন প্রকাশ করছে, যার দাম রাখা হয়েছে মাত্র এক পাউন্ড।
বইটিতে বুকার পুরস্কারজয়ী লেখক অ্যান এনরাইট ও ডেভিড স্যালের পাশাপাশি বুকার মনোনীত লেখক নাদিফা মোহাম্মদের গল্প জায়গা পেয়েছে। সংকলনটি সম্পাদনা করেছেন বুকারজয়ী লেখক রডি ডয়েল।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ একটি বই শেষ পর্যন্ত পড়তে অস্বস্তিতে ভোগেন। এ ছাড়া ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা যতটা পড়তে চান, বাস্তবে ততটা পড়তে পারেন না।
বইটি ‘কুইক রিডস’ কর্মসূচির আওতায় প্রকাশ করা হচ্ছে। ২০ বছর ধরে এ কর্মসূচি প্রাপ্তবয়স্কদের পাঠাভ্যাস ও সাক্ষরতা উন্নয়নে কাজ করছে। ১১ জুন থেকে পাঠকেরা মাত্র ১ পাউন্ডে বইটি কিনতে পারছেন।
এ ছাড়া বই পড়তে ইচ্ছুক, কিন্তু নানা কারণে পারছেন না, এমন মানুষের জন্য বুকার প্রাইজ ফাউন্ডেশন ১২ হাজার কপি বই বিনা মূল্যে বিতরণ করবে। বইগুলো কারাগারের পাঠ কর্মসূচি ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমেও পৌঁছে দেওয়া হবে।
রডি ডয়েল বলেন, এ বই মূলত মানুষকে বই পড়ার জগতে প্রবেশের একটি সহজ সুযোগ করে দেবে। অনেকেই মনে করেন, বইয়ে জীবন বা সংস্কৃতির প্রতিফলন নেই। এ সংকলনের গল্পগুলো সেই ধারণা বদলাতে সাহায্য করবে।
গবেষণায় আরও দেখা গেছে, মনোযোগের অভাব, সময়ের সংকট এবং বইয়ের উচ্চ মূল্যের কারণে অনেকে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন।
রিডিং এজেন্সির প্রধান নির্বাহী ক্যারেন ন্যাপিয়ার বলেন, অনেক মানুষ বেশি বেশি বই পড়তে চান, কিন্তু ব্যস্ততা ও অন্যান্য কারণে তা সম্ভব হয় না। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নতুন পাঠক তৈরি করবে এবং মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি পাঠাভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল