যুক্তরাষ্ট্রের বৃহৎ বই বিক্রয়কারী প্রতিষ্ঠান জোসেফ-বেথ বুকসেলার্সের দুটি শাখা কিনতে সম্মত হয়েছে বার্নস অ্যান্ড নোবেল। চুক্তির আওতায় কেনটাকির লেক্সিংটনের দ্য মল অ্যাট লেক্সিংটন গ্রিন এবং ওহাইওর সিনসিনাটির রুকউড প্যাভিলিয়নে থাকা জোসেফ-বেথের দুটি বইয়ের দোকান ও সেগুলোর সঙ্গে থাকা বিস্ত্রো কিনবে বার্নস অ্যান্ড নোবেল।
প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস ডন্ট দায়িত্ব নেওয়ার পর এটি বার্নস অ্যান্ড নোবেলের তৃতীয় বই বিক্রয়কারী প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনা।
২০২৪ সালে প্রতিষ্ঠানটি দেউলিয়াত্বের আবেদন করা ডেনভারের ট্যাটার্ড কভার কিনেছিল। এরপরের বছর তারা বে এরিয়ার বই বিক্রেতা প্রতিষ্ঠান বুকস ইনক ডট অধিগ্রহণ করে।
জোসেফ-বেথের মালিক ও চেয়ারম্যান এবং ল্যাংলি প্রপার্টিজের মালিক রবার্ট ল্যাংলি বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে হলে দুটি দোকান বিক্রি করা প্রয়োজন ছিল।
১৯৮৬ সালে নিল ও মেরি বেথ ভ্যান উমের হাত ধরে জোসেফ-বেথের যাত্রা শুরু হয়। চার দশকের পথচলায় প্রতিষ্ঠানটি ব্যবসায় উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ১৯৯৭ সালে টেনেসির ডেভিস-কিড বুকসেলার্সের চারটি দোকান অধিগ্রহণের পর জোসেফ-বেথের বড় আকারের বইয়ের দোকানের সংখ্যা দাঁড়ায় ৭।
তবে অ্যামাজনের উত্থান এবং বড় আকারের বইয়ের দোকানগুলোর প্রসারের ফলে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি একের পর এক শাখা বন্ধ করতে বাধ্য হয়। ২০১১ সালে জোসেফ-বেথ দেউলিয়াত্বের আবেদন করে। পরবর্তী নিলামে বর্তমানে চালু থাকা দুটি দোকান কিনে নেয় ল্যাংলি প্রপার্টিজ।
বার্নস অ্যান্ড নোবেলের প্রধান নির্বাহী জেমস ডন্ট বলেন, ‘জোসেফ-বেথ বুকসেলার্সের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস আছে এবং অসাধারণ দুটি বইয়ের দোকান। এগুলোর ধারাবাহিকতা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে এই দুটি বইয়ের দোকানের বই বিক্রেতাদের আমাদের প্রতিষ্ঠানে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সূত্র: পাবলিশার্স উইকলি
গ্রন্থনা: রবিউল কমল