চলচ্চিত্র নির্মাতাদের জন্য সাইমন অ্যান্ড শুস্টারের ৬ হাজার বই উন্মুক্ত

বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টারের লোগো অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার তাদের ছয় হাজারের বেশি বই চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি হলিউডভিত্তিক প্ল্যাটফর্ম ব্ল্যাক লিস্টের সঙ্গে নতুন একটি অংশীদারত্ব চুক্তি করেছে।

এ উদ্যোগের ফলে ব্ল্যাক লিস্টের অনলাইন ডেটাবেজে সাইমন অ্যান্ড শুস্টারের হাজারো বইয়ের তথ্য যুক্ত হবে। নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকারেরা সহজেই বইগুলো খুঁজে দেখে সেগুলো থেকে চলচ্চিত্র বা টিভি সিরিজ নির্মাণের সম্ভাবনা যাচাই করতে পারবেন।

২০০৫ সালে যাত্রা শুরু করা ব্ল্যাক লিস্ট বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় গল্প ও চিত্রনাট্য খোঁজার প্ল্যাটফর্ম। এখানে সাত হাজারের বেশি চলচ্চিত্র ও টেলিভিশন-সংশ্লিষ্ট পেশাজীবী নিবন্ধিত আছেন।

নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীরা বইয়ের নাম, লেখক, ধরন ও অন্যান্য তথ্য দিয়ে খুঁজতে পারবেন। পাশাপাশি বইয়ের প্রচ্ছদ, প্রকাশনা–সংক্রান্ত তথ্য এবং সংক্ষিপ্ত পরিচিতিও দেখতে পারবেন।

সাইমন অ্যান্ড শুস্টারের লোগো
সাইমন অ্যান্ড শুস্টারের বেশ কয়েকটি বই ইতিমধ্যে জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে রূপ পেয়েছে। এর মধ্যে রয়েছে লরা ডেভের দ্য লাস্ট নাইট হি টোল্ড মি, জেনি হানের দ্য সামার আই টার্নড প্রিটি এবং স্টিফেন কিংয়ের দ্য রানিং ম্যান

ব্ল্যাক লিস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফ্র্যাঙ্কলিন লিওনার্ড বলেন, ভালো বই থেকে অসাধারণ চলচ্চিত্র তৈরি হতে পারে। কিন্তু উপযুক্ত বই খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এ উদ্যোগ সেই কাজকে আরও সহজ করবে।

সাইমন অ্যান্ড শুস্টারের ডমেস্টিক রাইটস ম্যানেজার লেসলি কলিনস বলেন, এই অংশীদারত্ব লেখকদের কাজকে বড় পর্দায় পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।

সাইমন অ্যান্ড শুস্টারের বেশ কয়েকটি বই ইতিমধ্যে জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে রূপ পেয়েছে। এর মধ্যে রয়েছে লরা ডেভের দ্য লাস্ট নাইট হি টোল্ড মি, জেনি হানের দ্য সামার আই টার্নড প্রিটি এবং স্টিফেন কিংয়ের দ্য রানিং ম্যান

সূত্র: পাবলিশার্স উইকলি

গ্রন্থনা: রবিউল কমল